ইডেন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া
ইডেন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আজ শুক্রবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল থেকে এ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ইডেন কলেজের পরিস্থিতি অশান্ত রয়েছে বলে পুলিশ জানায়।কলেজ ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি নিঝুম ও সাধারণ সম্পাদক তানিয়ার পক্ষের ছাত্রীদের সঙ্গে কমিটির সহসভাপতি চম্পার সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। ভর্তি-বাণিজ্য ও সাধারণ ছাত্রীদের হলে ওঠা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।সহসভাপতি চম্পা অভিযোগ করেন, নিঝুম ও তানিয়া তাঁদের ইচ্ছামতো সংগঠন চালাচ্ছেন। ভর্তি ও হলে সাধারণ ছাত্রীদের ওঠানোও তাঁরা নিয়ন্ত্রণ করছেন। চম্পা দাবি করেন, তিনি ও তাঁর সমর্থকেরা এর প্রতিবাদ করায় নিঝুম ও তানিয়ার সমর্থকেরা তাঁদের ধাওয়া করে।তবে নিঝুম এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, অনিয়মের দায়ে তিনি শর্মী ও হ্যাপি নামের দুই ছাত্রীকে সংগঠন থেকে বহিষ্কার করেছিলেন। তাঁরই প্রতিশোধ নিতে আজ ওই দুই ছাত্রী সহসভাপতি চম্পাসহ আরও কয়েকজনকে নিয়ে তাঁদের ধাওয়া করে।