ইডেন কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুরে ইডেন কলেজের ছাত্রীনিবাসে আজ বুধবার রাতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন ছাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। কলেজ সূত্র জানায়, আজ রাত সাড়ে আটটার দিকে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক-সমর্থিত দুপক্ষের মধ্যে রাবেয়া ছাত্রীনিবাসে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে সংঘর্ষ পুরো ছাত্রীনিবাসে ছড়িয়ে পড়ে। দুই পক্ষ হকিস্টিক ও ক্রিকেটের স্ট্যাম্প নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আজ রাতে রাবেয়া ছাত্রীনিবাসের একাধিক শিক্ষার্থী প্রথম আলো কার্যালয়ে ফোন করে বলেন, অবৈধভাবে সিটে ছাত্রী ওঠানোকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীমা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইসরাত জাহানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষই হামলা চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের আহত করেছে। রাত ১১টার দিকে ফোনে শিক্ষার্থীদের আর্তনাদের শব্দ শোনা যায়।পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে।