ইডেন কলেজের ছাত্রী আত্মহনন মামলার আসামি গ্রেপ্তার
উত্ত্যক্তকারীর হাত থেকে রক্ষা পেতে ঢাকার ইডেন কলেজের ছাত্রী খাদিজা ইসলামের আত্মহত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজাকে উত্ত্যক্ত করা ও ভয়ভীতি দেখানোর কথা স্বীকার করেছেন জাহিদুল।সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোছমারা গ্রামের বাড়ি থেকে গত শনিবার বিকেলে খাদিজার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে আত্মহত্যার কারণ উল্লেখ করে দুটি চিঠি লিখে রেখে যান খাদিজা। চিঠিতে উত্ত্যক্তকারী হিসেবে জাহিদুল ইসলামের নাম উল্লেখ করা হয়। জাহিদুলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাপড়পোড়া গ্রামে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, প্রথম আলোতে এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি তদন্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। মামলায় কাপড়পোড়া গ্রামের জাহিদুল ইসলামসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়। ওই দিনই সাতক্ষীরার পুলিশ সুপারের পক্ষ থেকে জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের জন্য তাদের তারবার্তা পাঠানো হয়। মঙ্গলবার রাতে জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাঁকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জাহিদুল চরমপন্থী দলের একজন সক্রিয় সদস্য।গ্রেপ্তার জাহিদুল জানায়, মীমাংসা করে দেওয়ার কথা বলে থানায় নিয়ে তাঁকে গ্রেপ্তার করে দৌলতপুর থানার ওসি। তিনি পেশায় একজন কৃষক। তাঁর সঙ্গে মুঠোফোনে খাদিজার পরিচয় হয়। সেই থেকে পরিণয়। তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে খাদিজা আত্মহত্যা করেন।কলারোয়া থানার ওসি ইনামুল হক জানান, গতকাল দেড়টার দিকে কুষ্টিয়া থেকে খাদিজা ইসলামের আত্মহনন মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে সাতক্ষীরার কলারোয়া থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজাকে উত্ত্যক্ত করা ও ভয়ভীতি দেখানোর কথা স্বীকার করেছেন জাহিদুল। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।