ইডেন কলেজের ছাত্রী খুন
রাজধানীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইডেন কলেজের এক ছাত্রীকে বাসায় ঢুকে ছুরি মেরে হত্যা করেছেন তাঁর দূর সম্পর্কের আত্মীয় এক যুবক। হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন খুনি তারিকুজ্জামান কবির।খুন হওয়া মোহসিনা রব্বানী মেনকা (২৬) ইডেন কলেজ থেকে এ বছর বাংলায় স্নাতক (সম্মান) পাস করে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির অপেক্ষায় ছিলেন।পুলিশের ধারণা, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন কবির। তারিকুজ্জামান কবির নিজে এ রকম দাবি করলেও মেনকার পরিবারের সদস্যরা বলছেন, তাঁরা তা জানতেন না।মেনকাদের ভাড়া বাসা মিরপুর থানার মধ্য পাইকপাড়ার ২৯/২/এ নম্বরে। এ বাসায়ই নিজের ঘরে খুন করা হয় তাঁকে।খুনি কবির মেনকার ছোট খালা জেসমিনের দেবর। সম্পর্কে তাঁর মামা। সেই সম্পর্কের সুবাদে মেনকাদের বাড়িতে তাঁর যাতায়াত ছিল।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই এ ঘটনা ঘটিয়েছেন কবির। তাঁকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ব্যবহূত রক্তাক্ত ছুরিটি।মেনকার মা হাসিনা রব্বানী প্রথম আলোকে বলেন, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কোচিং সেন্টারে পড়াত মেনকা। গতকাল বেলা দুইটার দিকে ক্লাস নিয়ে বাসায় ফেরে সে। এর কিছুক্ষণ পরই কবির আসে।হাসিনা জানান, ঘটনার সময় তিনি তাঁর ঘরে শুয়ে ছিলেন। মেনকা ও কবির বসার ঘরে কথা বলতে থাকে। ঘুমের ওষুধ খাওয়ায় কিছুক্ষণের মধ্যেই প্রায় ঘুমিয়ে পড়েছিলেন তিনি। হঠাৎ পাশের ঘর থেকে মেনকার আর্তচিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখেন, বসার ঘর খালি। মেনকার ঘরের দরজা বন্ধ। ততক্ষণে আর্তনাদ থেমে গেছে। তিনি ঘরের দরজায় ধাক্কা দিয়ে তা খুলতে বলেন। তখন ভেতর থেকে কবির বলে, ‘মেনকা আর নাই। আমি মাইরা ফালাইছি। আপনি পুলিশ ডাকেন। পুলিশ না আইলে আমি দরজা খুলব না।’এরপর হাসিনা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। মিরপুর থানায় ফোন করা হয়। পুলিশ আসার পর দরজা খুলে দেন কবির। ততক্ষণে মেনকা আর বেঁচে নেই। ঘরের এক কোনায় পড়ে ছিল তাঁর রক্তাক্ত নিথর দেহ।ঘটনাস্থলে প্রথমে পৌঁছানো পুলিশের সহকারী উপপরিদর্শক মো. শরীফ প্রথম আলোকে বলেন, তিনি পুলিশের লোক হিসেবে পরিচয় দেওয়ার পর কবির দরজা খোলেন। উপস্থিত উত্তেজিত লোকজন তখন তাঁর ওপর হামলে পড়ে। তবে পুলিশ তাঁকে সরিয়ে ফেলে।প্রতিবেশীরা বলেছে, মেনকার ঘরের দরজা লোহার তৈরি হওয়ায় তা ভাঙা সম্ভব হয়নি।অনুতাপ নেই খুনির: খুনের পর একদম নির্বিকার ছিলেন কবির। মিরপুর থানায়ও তাঁর মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি। সেখানে সাংবাদিকদের কবির বলেন, ‘এখনো এ কাজের জন্য আমার খারাপ লাগতেছে না। যা করছি, ভালোই করছি। ও (মেনকা) আমার সাথে বেইমানি করছে।’কবির দাবি করেছেন, তাঁর সঙ্গে একসময় মেনকার সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন ধরে মেনকা তাঁকে এড়িয়ে চলছিলেন।সাংবাদিকদের কবির জানান, এক সপ্তাহ আগে তিনি এ খুনের পরিকল্পনা করেন। এ জন্য ফরিদপুর থেকে ছুরি তৈরি করেন। কবির বলেন, বৃহস্পতিবারই সিঙ্গাপুর যাওয়ার মিথ্যা কথা বলে দেখা করতে মেনকাদের বাড়িতে যাওয়ার উপলক্ষ তৈরি করেন। তাঁর সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগের ভেতরেই ছিল ছুরি।কবির দাবি করেন, মেনকার ঘরে গিয়ে চাপ দিলে একপর্যায়ে একজনের সঙ্গে তার সম্পর্ক হয়েছে বলে স্বীকার করে। এতে খেপে গিয়ে তিনি মেনকাকে সমানে ছুরি মারতে থাকেন।কবিরের দাবি, ২০০৪ সাল থেকে মেনকার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। ২০০৭ সালে কবির মালয়েশিয়ায় যান। তাঁর দাবি, ২০০৯ সালে ফেরার পর আবারও তাঁদের সম্পর্ক পুনঃস্থাপিত হয়। কিন্তু কিছুদিন থেকে সম্পর্ক রাখতে অস্বীকার করতে থাকেন মেনকা।মেনকার স্বজনেরা বলেছেন, তাঁদের জানামতে, কবিরের সঙ্গে মেনকার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। কেউ কখনো এ রকম ধারণাও করেননি, এখনো বিশ্বাস করেন না।মেনকার বাবা লুৎফে রব্বানী একটি বেসরকারি কোম্পানির হিসাব কর্মকর্তা। মা হাসিনা রব্বানী গৃহবধূ। একমাত্র ভাই মজিবুল রব্বানী একাদশ শ্রেণীর ছাত্র।কবিরের বাড়ি ফরিদপুর শহরের নীলটুলি। মালয়েশিয়া থেকে ফেরার পর শহরে একটি ফটোকপির দোকান দিয়েছিলেন কবির।