ইডেন কলেজের ছাত্রী মেনকাকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
ইডেন কলেজের ছাত্রী মহসীনা রাব্বানী ওরফে মেনকাকে হত্যার দায়ে তাঁর কথিত প্রেমিক তারেকুজ্জামান কবীরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ রায় দেন।রায় ঘোষণার আগে আসামি তারেকুজ্জামানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত বছরের ১৪ জুলাই ঢাকার মিরপুরের মধ্য পাইকপাড়ায় নিজ বাসায় মেনকাকে ছুরিকাঘাত করে হত্যা করেন তারেকুজ্জামান।মামলার বিবরণে বলা হয়, ২০০৫ সালে মেনকা তাঁর খালা জেসমিনের বাড়ি ফরিদপুরে বেড়াতে যান। সেখানে খালার দেবর তারেকুজ্জামানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেনকা ইডেন কলেজে ভর্তি হওয়ার পর তারেকুজ্জামান তাঁকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মেনকা তা প্রত্যাখ্যান করে তাঁকে এড়িয়ে চলতে থাকেন। এতে তারেকুজ্জামান মেনকাকে হত্যার পরিকল্পনা করেন। গত বছরের ১৪ জুলাই তারেকুজ্জামান ঢাকায় এসে মেনকাদের বাসায় যান। আবারও বিয়ের প্রস্তাব দিলে মেনকা তা প্রত্যাখ্যান করেন। এরপর তারেকুজ্জামান মেনকার বুকে ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করেন। এরপর তিনি নিজেই মেনকার মাকে ডেকে হত্যার কথা স্বীকার করে পুলিশ ডাকতে বলেন। পরে পুলিশ এসে তারেকুজ্জামানকে গ্রেপ্তার করে। এরপর তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।এ ঘটনায় মেনকার বাবা মিরপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ তারেকুজ্জামানকে আসামি করে গত বছরের ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয়।দীর্ঘ শুনানি শেষে গতকাল রায় দেওয়া হয়। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত মেনকার মা হাসিনা রাব্বানী ও বাবা লুৎফে রাব্বানী সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করেন।