ইডেন কলেজের ছাত্রী হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়ায় একটি বাড়ি থেকে সালমা আক্তার শান্তা (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পুলিশ ওই বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। যৌতুক না পেয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সালমা ঢাকার ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর দুইটার দিকে সালমার মৃত্যুর খবর পেয়ে পুলিশ জামগড়ায় যায়। এ সময় সালমার স্বামী ফরিদ আলমের বাড়ির কলাপসিবল গেটের বাইরে তালা লাগানো দেখা যায়। পরে পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এ ব্যাপারে সালমার স্বামী ফরিদ আলম ও তাঁর দেবর শফিকুল ইসলামকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশের ধারণা, সালমাকে হত্যার পর বাড়ি বাইরে থেকে তালা মেরে পালিয়ে গেছে ওই বাড়ির সবাই। নিহত সালমার বোন শ্রাবণী আক্তার ফোনে প্রথম আলোকে বলেন, ‘বিয়ের কিছুদিন না যেতেই সালমার ইডেন কলেজে পড়াটা মেনে নেননি তাঁর দেবর শফিকুল ইসলাম। এ নিয়ে সালমাকে শফিকুল মারধর করলেও তাঁর স্বামী কিছুই বলতেন না। বরং কিছুদিন ধরে তিন লাখ টাকা যৌতুক এনে দিতে সালমাকে চাপ দিতেন তাঁর স্বামী। যৌতুক না দেওয়ায় তাঁকে মারধরও করা হতো। মূলত ইডেনে পড়া নিয়ে এবং যৌতুক না পেয়ে আমার বোনকে হত্যা করা হয়েছে।’পারিবারিক সূত্র জানায়, সালমার বাবার বাসা আশুলিয়ার জামগড়ায়। গত ৮ জুলাই জামগড়ার বাসিন্দা ফরিদ আলমের সঙ্গে সালমার বিয়ে হয়। এবং ওই দিন আনুষ্ঠানিকভাবে তাঁকে স্বামীর বাড়িতে তুলে নেওয়া হয়। ফরিদ আলম সৌদিপ্রবাসী হলেও বিয়ের পর দেশেই থেকে যান। ফরিদ আলমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।