ইডেন-ছাত্রী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন কলেজের ছাত্রী সাদিয়া নূর মিতাকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে আরেক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এই রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, মিতার ফুফাতো ভাই খন্দকার মামুন হাসান, খন্দকার হাসিবুর রহমান ওরফে (নিপুণ) এবং মফিজ খন্দকার ওরফে (দগু)। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন কাজী শাহ আলম ওরফে তুষার কাজী, শামসুর রহমান ওরফে জনি, শেখ নাজমুল ও নিহত মিতার চাচাতো বোন ইসরাত জাহান শ্রাবণী। এ ছাড়া পাঁচ বছর কারাদণ্ড পাওয়া আসামির নাম আনোয়ার হোসেন ওরফে মনি। আসামি জসিমুল ইসলাম ওরফে জগলু ও মাসুম বিল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন আদালত। রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ২০১০ সালের ২৪ আগস্ট ঈদ উপলক্ষে কলেজ ছুটির পর মিতা পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে গ্রামের বাড়ি গোপালগঞ্জের মিয়াপাড়ায় যান। আসামিরা ৩০ আগস্ট রাতে অপহরণের পর মিতাকে হত্যা করে একটি পুকুরে লাশ ফেলে রাখেন। এ ঘটনায় নিহত মিতার বাবা লিয়াকত হোসেন মোল্লা বাদী হয়ে ওই দিনই গোপালগঞ্জ থানায় মামলা করেন। ২০১১ সালের ২৯ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষী উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচলনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম।