ইডেনে অর্ধশতাধিক শিক্ষক অবরুদ্ধ, রাতে ছাত্রীদের মারধর
অনার্স সমাপনী পরীক্ষার পর হলের আসন বরাদ্দ বহাল রাখার দাবিতে ইডেন কলেজের অধ্যক্ষসহ অর্ধশতাধিক শিক্ষককে গতকাল বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন ছাত্রীরা। রাতে কলেজ কর্তৃপক্ষের প্ররোচনায় নিরাপত্তারক্ষীরা ছাত্রীদের মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরের প্রতিবাদে ছাত্রীরা প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থানে ভাঙচুর করেন। রাতে লালবাগ থানার পুলিশ শিক্ষকদের উদ্ধারের জন্য ইডেন কলেজের ফটক ভেঙে ভেতরে ঢোকে। রাত একটায় পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। অবরুদ্ধ শিক্ষকদের বের করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই কলেজের পাঁচটি হলের চতুর্থ বর্ষের পাঁচ শতাধিক ছাত্রী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। অনার্স সমাপনী পরীক্ষার পর তাঁদের হলের আসন বরাদ্দ বাতিল করা হবে না, এ-সংক্রান্ত লিখিত আশ্বাস তাঁরা কর্তৃপক্ষের কাছে দাবি করেন। কিন্তু কলেজের অধ্যক্ষ দাবি মেনে না নিলে ছাত্রীরাও অবরোধ অব্যাহত রাখেন। রাত সাড়ে ১০টার দিকে সব হলের হল সুপার লিখিতভাবে তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরাও অবরোধ তুলে নেওয়ার প্রস্তুতি নেন। ছাত্রীদের অভিযোগ, অবরোধ তুলে নেওয়ার প্রস্তুতির মুহূর্তে কলেজের পিয়ন, দারোয়ানরা একত্র হয়ে তাঁদের ওপর হামলা করেন। তাঁদের বেধড়ক মারধরের শিকার হন কিছু ছাত্রী। এতে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হন। একত্র হয়ে তাঁরা কলেজের বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। শিক্ষার্থীরা জানান, অনার্স সমাপনী পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে কলেজ কর্তৃপক্ষ তাঁদের হলের আসন বরাদ্দ বাতিল করে দেয়। এরপর পুনরায় মাস্টার্সে ভর্তির সময় নতুন করে আসন বরাদ্দ দেয়। মধ্যবর্তী প্রায় সাত-আট মাস তাঁদের শহরের বিভিন্ন জায়গায় ‘সাবলেট’ হিসেবে থাকতে হয়। ছাত্রীরা দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষের কাছে আসন বহাল রাখার জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের দাবি না মানায় তাঁরা মাঠে নেমেছেন। ইডেন কলেজের অধ্যক্ষ রওশন আরা প্রথম আলোকে বলেন, কে বা কারা ছাত্রীদের ওপর হামলা করেছে, তা তাঁর জানা নেই। প্রায় ৭০ জন শিক্ষক অবরুদ্ধ রয়েছেন বলে দাবি করেন তিনি।