ইতালিতে বেরলুসকোনি অধ্যায়ের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির আলোচিত ও সমালোচিত প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির পদত্যাগের মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে তাঁর ১৭ বছরের শাসনের অবসান হলো।গতকাল শনিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে অর্থনৈতিক সংস্কার বিলটি পাসের কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন বেরলুসকোনি। চরম ঋণসংকট থেকে রক্ষা পেতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের আহ্বানে দেশটির পার্লামেন্টে বাজেট পুনর্গঠনসহ অর্থনৈতিক সংস্কার বিলটি উত্থাপন করা হয়।আজ রোববার দেশটিতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা হতে পারে। প্রেসিডেন্ট জর্জিও নাপোলিতানো দেশটির অর্থনীতিবিদ ও সাবেক ইউরোপীয় কমিশনার মারিও মনতি বা অন্য কাউকে টেকনোক্র্যাট কোটায় বেরলুসকোনির উত্তরসূরি নির্বাচন করবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে বেরলুসকোনির পদত্যাগে দেশটির জনগণ রাজপথে নেমে উল্লাস করেছে। পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য প্রেসিডেন্ট ভবনে বেরলুসকোনির ঢোকার সময় সেখানে হাজারো মানুষ বিক্ষোভ করে। বিক্ষোভ সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। তবে পদত্যাগের পর বেরলুসকোনি বিক্ষোভ এড়িয়ে নিরাপদেই প্রেসিডেন্ট ভবন ছেড়েছেন।বিশ্লেষকেরা বলছেন, বেরলুসকোনির শেষ মেয়াদটা খুব একটা সুখকর ছিল না। রাজনৈতিক ও অর্থনৈতিক-সংকটের পাশাপাশি যৌন কেলেঙ্কারিতে এ মেয়াদের পুরো সময়জুড়েইে তিনি ছিলেন সমালোচিত। সর্বশেষ ২০০৮ সালে সরকার গঠনের পর তিনি ৫১ বার আস্থা ভোটের মুখোমুখি হলেও সব কটিতে রক্ষা পেয়েছেন।১৯৯৪, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বেলরলুসকোনি জয় লাভ করেন। এ ছাড়া ১৯৯৬ ও ২০০৬ সালে তিনি পরাজিত হন। তাঁর বিরুদ্ধে বর্তমানে চারটি মামলা চলছে। ফোর্বস সাময়িকীর ২০১০ সালের প্রতিবেদন অনুসারে বেরলুসকোনি ও তাঁর পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ৯০০ কোটি ডলার।