ইতালিতে ৬ মাত্রার ভূমিকম্প, নিহত ৭
ইতালির উত্তরাঞ্চলীয় শিল্পনগরী বলগনার কাছে আঘাত হানা ভূমিকম্পে সাতজন নিহত ও ৫০ জন আহত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬। স্থানীয় সময় চারটা চার মিনিটে দুই দফায় আঘাত হানা ভূমিকম্পে বাস্তুচ্যুত হয় কমপক্ষে ১৩ হাজার লোক। ধ্বংস হয়েছে ঐতিহ্যবাহী কয়েকটি গির্জা ও ভবন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভূমিকম্প উপদ্রুত এলাকার স্কুলগুলো বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।আল-জাজিরা জানায়, ভূমিকম্প আঘাত হানার সময় লোকজন ঘুমিয়ে ছিল। ঘুম ভেঙে অনেকে রাস্তায় বেরিয়ে আসেন। রাতে কাজ করার সময় দুই শ্রমিক মারা যান।আকস্মিক এ দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ফিনাল এমিলা শহর। শহরটির ধসে পড়া একটি ভবনের সামনে থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে দমকল-কর্মীরা। ভূমিকম্পের সময় ঘরবাড়ি ছেড়ে যাওয়া অঞ্চলটির অধিকাংশ বাসিন্দা আর ফেরেননি।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমবারের ভূকম্পনে পুরো একটি গ্রাম বিধ্বস্ত হয়। দ্বিতীয় দফায় অনেক গির্জা ধ্বংসের কবলে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে অনেকে গাড়িতে আশ্রয় নেন।টেলিভিশনে প্রচারিত ভূমিকম্পের প্রথম ভিডিওটিতে দেখা যায়, মোদেনা প্রদেশের অধিকাংশ ঐতিহ্যবাহী ভবন ও গির্জাগুলো ধসে গেছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে সান ফেলিপ সাল পেন শহরের ১৪ শতকের একটি দুর্গও আছে। বলগনা ছাড়াও মোদেনা, ফেরেরা, রভিগো, ভেরনা ও মান্টোনা শহরে ভূমিকম্প আঘাত হানে।