ইতালির উত্সবে ‘লালন’ ও ‘অচিন পাখী’
বাংলাদেশি দূতাবাস ইতালির উদ্যোগে ১৪ থেকে ১৬ অক্টোবর রোমে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এক লালন উত্সব। এ উত্সবে তানভীর মোকাম্মেলের কাহিনিচিত্র ‘লালন’ ও প্রামাণ্যচিত্র ‘অচিন পাখী’ প্রদর্শিত হবে। জানা গেছে, ইতালির রোমে তিন দিনব্যাপী লালন-উত্সবের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ-বিন-মোমেন। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেবেন ইতালি-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সিনেটর টমাসো জানোলেত্তি ও অধ্যাপক আলেসান্দ্রা ব্রোকোলিনি। এর পরই তানভীর মোকাম্মেলের ‘লালন’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। উত্সবে প্রদর্শনের জন্য ‘লালন’ ছবিটি ইতালীয় ভাষায় সাব-টাইটেল করা হয়েছে।লালন উত্সব উপলক্ষে লালন ফকিরের ওপর একটি আন্তর্জাতিক সেমিনারেরও আয়োজন করা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জার্মানির ড. ক্লাউস বিউলে।উত্সবের শেষ দিন ১৬ অক্টোবর প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেলের ‘অচিন পাখী’ প্রামাণ্যচিত্র।