ইতালির নতুন প্রধানমন্ত্রী মারিও মনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া নাপোলিতানো দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ মারিও মনতির নাম ঘোষণা করে তাঁকে একটি নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে।খবরে বলা হয়, বেরলুসকোনির পদত্যাগপত্র গ্রহণের পর গতকাল রোববার ইতালির জ্যেষ্ঠ রাজনীতিবিদদের সঙ্গে দিনভর ১৭টি বৈঠক করেন প্রেসিডেন্ট নাপোলিতানো। বেরলুসকোনির দলসহ ইতালির সব দলের সম্মতিতে প্রধানমন্ত্রী হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার ও অর্থনীতিবিদ মারিও মনতির নাম ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর মনতি সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা গঠন ও অর্থনীতি পুনরুদ্ধারের জন্য তিনি ইতিমধ্যে জরুরি আলোচনা শুরু করেছেন। তিনি বলেন, ‘ইইউতে ইতালি হবে শক্তির উপাদান।’ নতুন সরকারের লক্ষ্য সম্পর্কে মনতি বলেন, ‘আমাদের লক্ষ্য হবে অর্থনৈতিক সমস্যার সমাধান, প্রবৃদ্ধি বৃদ্ধির পথ উন্মুক্তকরণ। শিশুদের জন্য আমরা একটি মর্যাদাপূর্ণ ও আশাবাদী ইতালি গড়তে চাই।’ মনতি আরও জানান, সরকার পরিচালনা করতে গিয়ে তিনি পার্লামেন্টের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছেন।নতুন সরকারের সদস্য ও গঠনের সময়সীমা সম্পর্কে নতুন প্রধানমন্ত্রী মন্তব্য না করলেও আজ সোমবারই এ প্রসঙ্গে আলোচনা শুরুর কথা জানিয়েছেন।