ইতালির প্রধানমন্ত্রী হচ্ছেন ইনরিকো লেত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিতে প্রেসিডেন্ট নির্বাচনের জটিলতা শেষে এবার প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে কথা উঠেছে। তবে এ পদের জন্য অনেক নাম উত্থাপিত হলেও, শেষ পর্যন্ত ইনরিকো লেত্তাই ইতালির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে জানা গেছে। বিবিসি আজ বুধবার জানায়, দেশটিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে জর্জো ন্যাপোলিতানো রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে সরকার গঠন করার কথা বলেছেন।ইনরিকো লেত্তা বর্তমানে দেশটির মধ্য-বামপন্থী ডেমোক্রেটিক পার্টির অন্যতম নেতা। অর্থনৈতিক সংকট মোকাবিলার নতুন সংস্কার বিলটি পাস হওয়ার পরপরই প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তখন থেকেই দেশটিতে প্রধানমন্ত্রী নিয়ে এক ধরনের সংকট সৃষ্টি হয়। গত ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এই সংকট আরও প্রকট হয়ে ওঠে। আর এ কারণে ইতালির প্রধানমন্ত্রী পদে আসীন হতে ৪৬ বছর বয়সী লেত্তাও রাজি হয়ে গেছেন। এখন মন্ত্রিপরিষদে গিয়ে রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে ভোটে জয়লাভ করতে হবে লেত্তাকে। এদিকে রাজনৈতিক দলগুলোও ইঙ্গিত দিয়েছে যে ইনরিকো লেত্তার মতো মানুষকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করতে তারা রাজি আছে। এক বিবৃতিতে লেত্তা বলেছেন, প্রধানমন্ত্রী হয়ে তিনি ইউরোপের নির্মম নীতিপরায়ণতা পরিবর্তন করার চেষ্টা করবেন। রোমে প্রেসিডেন্টের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের পর তিনি বলেন, ‘ইউরোপীয় নীতি খুবই নির্মম ও কঠোর, যার কোনো দরকার নেই।’ইনরিকো লেত্তা সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির ডান হাত হিসেবে পরিচিত জিয়ানি লেত্তার ভাগনে।