ইতালির মিলানে দূষণ কমাতে বিশেষ উদ্যোগ
বাতাসের দূষণরোধে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ইতালির উত্তরাঞ্চলীয় শহর মিলানে। এখানকার সব সড়কে আজ রোববার স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।শহরটির বাতাসে দূষণের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেখানকার কর্তৃপক্ষ আজ ১০ ঘণ্টার জন্য এ পদক্ষেপ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।শহরটিতে এর আগে ২০০৭ সালে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এ পদক্ষেপ কার্যকর করা হয়।স্যাটেলাইট ইমেজ অনুসারে ইউরোপের অন্যতম দূষিত শহর মিলান। সেখানকার গণমাধ্যমের খবরে বলা হয়, আজকের এ পদক্ষেপে শহরটির প্রায় এক লাখ ২০ হাজার যানবাহন প্রভাবিত হবে।এর আগে গত বৃহস্পতিবার থেকে শহরটির কেন্দ্র দিয়ে সবচেয়ে দূষণ সৃষ্টিকারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়।কিন্তু কর্তৃপক্ষ জানায়, আজ রোববার স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মিলান শহরে কোনো যানবাহনই চলতে পারবে না।তবে কর্তৃপক্ষের এ পদক্ষেপে পরিবেশবাদীরা সন্তুষ্ট নন। তাঁদের দাবি, ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুত্সাহিত করতে শহরের জনপরিবহনব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।