ইতালির রাষ্ট্রদূতের বিষয়ে ভারতীয় বিমানবন্দরে সতর্কতা জারি
ইতালির রাষ্ট্রদূত ড্যানিয়েল ম্যাচিনির বিষয়ে ভারতীয় বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। ম্যাচিনি ভারত ছাড়তে চাইলে, তাঁকে আটকাতে বিমানবন্দরগুলোর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট ইতালির রাষ্ট্রদূতকে চার দিনের মধ্যে ভারত ত্যাগ না করার নির্দেশ দিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে এটা তাঁদের রুটিন কাজ।গত বুধবার পার্লামেন্টে ইতালির উদ্দেশে প্রধানমন্ত্রী মনমোহন সিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মেরিন সেনাদের ফেরত না পাঠালে পরিণতি ভালো হবে না। দুই মেরিন সেনাকে ভারতে না পাঠানোর বিষয়টি ‘গ্রহণযোগ্য’ নয় বলেও তিনি উল্লেখ করেন। গত সোমবার ইতালির রোম থেকে এক ঘোষণায় বলা হয়, মাসিমিলিয়ানো লাতোরি ও সালভাতোর গিরোনি নামে ওই দুই মেরিন সেনা ইতালিতে থাকবেন। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলে দুজন ভারতীয় জেলেকে হত্যার দায়ে তাঁরা অভিযুক্ত। তাঁরা অবশ্য দাবি করেন, জলদস্যু ভেবে তাঁরা ওই দুই জেলেকে গুলি করেন।ইতালির পক্ষ থেকে বলা হয়েছিল, দুই জেলে হত্যার ঘটনাটি যেহেতু আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে, তাই তারা চায় মেরিন সেনাদের বিচার ইতালির আদালতে হোক। কিন্তু ভারত বলছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তাদের জলসীমায়।