প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুরে এক মঞ্চে বক্তৃতা করায় সাধারণ মানুষ ও রাজনীতিকেরা একে ইতিবাচক দিক হিসেবে দেখছেন। এ ধরনের সমাবেশের ফলে মহাজোটের শরিক দলগুলোর মধ্যে দূরত্বও কমে আসবে বলে মনে করেন অনেকে।জেলা আওয়ামী লীগের আয়োজনে গত শনিবার জিলা স্কুল মাঠে বিশাল সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন শেখ হাসিনা। একই মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। দুই বছর আগে মহাজোট সরকার গঠনের পর এই প্রথম তাঁরা এক মঞ্চে উঠলেন। রংপুর শহরে স্মরণকালের বৃহত্তম এই সমাবেশে মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টিসহ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি যোগ দেয়। শেখ হাসিনা ও এরশাদ এর আগে ২০০৭ সালের ১০ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে আয়োজিত জনসভায় এক মঞ্চে বক্তব্য দেন। ওই জনসভা থেকে শেখ হাসিনা ২২ জানুয়ারির নির্বাচন প্রতিরোধে আট দিনের কর্মসূচি ঘোষণা করেন। হাসিনা-এরশাদের এক মঞ্চে বক্তৃতা দেওয়ায় রংপুরের সাধারণ মানুষও বেশ খুশি। বেসরকারি চাকরিজীবী নূরজাহান বেগম বলেন, ‘আমি চাই এই ঐক্য অটুট থাকুক।’ রিকশাচালক শমসের মিয়া বলেন, ‘হাসিন্যা (শেখ হাসিনা) ও এরশাদের এক মঞ্চোত ওটা (ওঠা) দেকিয়্যা খুব ভালো নাগছে।’রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ও বদরগঞ্জ উপজেলার বদরগঞ্জ পৌরসভায় নির্বাচন হচ্ছে। গতকাল রোববার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর নির্বাচনী এলাকায় সরেজমিনে বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কথা হয়। পণ্ডিতপাড়ার ভোটার রাজু মিয়া বলেন, ‘রাজনীতির ক্ষেত্রে তাঁরা এক মঞ্চে উঠেছেন। এটা ইতিবাচক দিক।’ সারাই এলাকার তাজুল ইসলাম বলেন, রংপুরের সমাবেশ অবশ্যই রাজনীতির জন্য ভালো কিছু। পোদ্দারপাড়ার আনিসুর রহমান বলেন, স্থানীয় নির্বাচনগুলোতে দলীয় প্রভাব কম থাকে। পৌর নির্বাচনে ভোটাররা সাধারণত স্থানীয়ভাবেই ভোট দেন। আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এরশাদের বক্তব্য দেওয়ায় রংপুরের রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী এরশাদুল হক বলেন, শেখ হাসিনা ও এরশাদের এক মঞ্চে বক্তৃতা দেওয়ায় ভোটারদের মধ্যে দলমত বাদ দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাদাকাত হোসেন বলেন, দুই নেতার বক্তব্যে এটা অন্তত স্পষ্ট হয়েছে মহাজোটের ভিত্তিতে এই নির্বাচন নয়। বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোনায়েম হোসেন বলেন, ‘এই সমাবেশ হওয়ায় নির্বাচনের অনুকূল পরিবেশ থাকবে বলে আশা করছি।’ বদরগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী উত্তম কুমার সাহা ও জাতীয় পার্টির সমর্থিত আজিজুল হক রংপুরের সমাবেশকে রাজনীতির জন্য ইতিবাচক দৃষ্টান্ত বলে মনে করেন। নির্বাচনের পরিবেশে এর প্রভাব পড়বে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।রংপুরে জাতীয় পার্টির প্রবীণ নেতা সৈয়দ নূর আহমেদ বলেন, ‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। তবে পল্টনে মহাসমাবেশের চার বছর পর এই সমাবেশই প্রমাণ করল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা একই কাতারে থাকবেন।’ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ মশিউর রহমান বলেন, ‘সমাবেশে লাখো মানুষের ঢল প্রমাণ করে রংপুরের মানুষ ঐক্য চায়।’জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহমেদ বলেন, ‘জিলা স্কুলের সমাবেশ একটি শুভময় ঘটনা।’ যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম বলেন, ‘এই সমাবেশ শুধু রংপুর অঞ্চল নয়, পুরো দেশের জন্য ইতিবাচক।’জেলা জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা বলেন, ‘সামগ্রিক রাজনীতির জন্য এই সমাবেশ ইতিবাচক ফল বয়ে আনবে।’ ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেরুল ইসলাম বলেন, মহাজোট শুধু নির্বাচনী জোট নয়, জঙ্গিবাদ ও ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের জোট। রংপুরের সমাবেশের মধ্য দিয়ে মহাজোটের শরিক দলগুলোর মধ্যে দূরত্ব কমে আসবে বলেও মন্তব্য করেন তাঁরা।