ইতিবাচক ধারায় শেয়ারবাজার
সর্বকালের সর্বোচ্চ দরপতনের পরের দিন গতকাল সোমবার বাজার কিছুটা ইতিবাচক ধারায় ফিরেছে। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে দাম বাড়লেও এসব কোম্পানির বড় অংশই আগের দিনের দামে ফেরত যেতে পারেনি। তার পরও স্বস্তিতে ছিলেন বিনিয়োগকারীরা। তাঁদের বক্তব্য, শেয়ারের দাম আগের দামে না গেলেও বাজার যে পড়েনি, এতেই তাঁরা খুশি। তাঁদের মতে, গতকালও যদি সূচক কমত, তাহলে বাজারে দীর্ঘমেয়াদি পতন অনিবার্য হয়ে উঠত।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সাধারণ মূল্যসূচক ৩০৫ পয়েন্ট বা প্রায় চার শতাংশ বেড়ে সাত হাজার ৯৫৯ পয়েন্টে এসে ঠেকেছে। আগের দিন যা ৫৫১ পয়েন্ট কমে সাত হাজার ৬৫৪ পয়েন্টে নেমে গিয়েছিল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্যসূচক এক হাজার ৭৩ পয়েন্ট বেড়ে ২২ হাজার ৮২২ পয়েন্ট হয়েছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ঋণসুবিধা বাড়ানোসহ কয়েকটি বিধিনিষেধ তুলে দেওয়ায় বিনিয়োগকারীরা কিছুটা আস্থা ফিরে পেয়েছেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সময় বাড়িয়ে দেওয়ার বিষয়টিও বাজারের পতন ঠেকাতে ভূমিকা রেখেছে। যোগাযোগ করা হলে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও আইডিএলসি ফাইন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ খানও একই মত পোষণ করেন। তিনি বলেন, বাজারে নগদ অর্থের ঘাটতি থাকায় অনেক প্রতিষ্ঠানই গতকাল বর্ধিত হারে ঋণ দিতে পারেনি। এই ঘাটতি না কাটলে শিগগিরই হয়তো ঋণ দিতেও পারবেন না। তারপরও বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে এসইসির ঋণ বাড়ানোর সিদ্ধান্তটি যথার্থ ছিল। বাজারের দরপতন ঠেকাতে এসইসি গত রোববার শেয়ারের বিপরীতে ঋণসীমা বাড়িয়ে ১:১.৫ করে দেয়। অর্থাৎ, ঋণযোগ্য কোনো শেয়ারে বিনিয়োগকারী নিজে এক লাখ টাকা বিনিয়োগ করলে তার বিপরীতে তিনি সর্বোচ্চ দেড় লাখ টাকা ঋণসুবিধা পাবেন।খোঁজ নিয়ে জানা গেছে, ঋণসীমা বাড়ানো হলেও গতকাল শেয়ারবাজারের অধিকাংশ বিনিয়োগকারীই নির্ধারিত হারে ঋণসুবিধা পাননি। অনেক ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে এসইসির বেঁধে দেওয়া হারে ঋণ না পেয়ে বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। কোনো কোনো প্রতিষ্ঠান চাপের মুখে ঋণের হার বাড়ালেও পরে আবার কমিয়ে দিতে বাধ্য হয়। একাধিক মার্চেন্ট ব্যাংক ও ঋণদাতা ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী বলেন, এই মুহূর্তে বেসরকারি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর হাতে যথেষ্ট পরিমাণ নগদ টাকা নেই। যার কারণে বর্ধিত হারে ঋণ দিতে গেলে প্রতিষ্ঠানগুলোর যে অর্থের প্রয়োজন তার জোগাড় করা সম্ভব হয়নি। বিশেষ করে বেসরকারি খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে তারল্য-সংকট ছিল সবচেয়ে বেশি। বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল লেনদেনের শুরু থেকেই সূচক বাড়তে থাকে, যা সারা দিনই অব্যাহত ছিল। এদিন প্রথম ১০ মিনিটেই সাধারণ সূচক ৪২৪ পয়েন্ট বেড়ে যায়। তবে শেষ পর্যন্ত বৃদ্ধির সেই হার আর ছিল না। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৩১টির ও অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ১৮৯টি কোম্পানির শেয়ার। এর মধ্যে ১৪৮টির দাম বেড়েছে, কমেছে ৩৮টির ও অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ১৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে। আর ডিএসইতে হয়েছে এক হাজার ৪৫৯ কোটি টাকার লেনদেন, যা আগের দিনের চেয়ে ২৭ কোটি টাকা কম।ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল গ্রামীণফোন। দীর্ঘদিন পর নিয়মিত বাজারে লেনদেন শুরু হওয়ায় বিনিয়োগকারীদের আগ্রহ ছিল এ কোম্পানিটির দিকে। এ কারণে একপর্যায়ে কোম্পানিটির শেয়ার লেনদেন একদিনে দাম বাড়ার সর্বোচ্চ সীমায় (সার্কিট ব্রেকারে) গিয়ে আটকে যায়।