ইতিবাচক রাজনীতির ধারা প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতানুগতিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে একটি সুস্থ ও ইতিবাচক রাজনীতির ধারা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই অঙ্গীকার করে তিনি বলেন, ‘তাই আমরা বিরোধী দলকে সংসদে ফিরে এসে ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা উল্লেখ করে দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আসুন, আলোকিত এই পথের সন্ধানে ঐক্যবদ্ধ হই। সংকীর্ণ ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সোনার বাংলাদেশ গড়ে তুলি।’গতকাল এক বছর পূর্ণ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। সরকারের বছরপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। গত বছরের এই দিনে ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় ভাষণ। এর আগে বিডিআর বিদ্রোহের সময় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন। সরকারি-বেসরকারি টেলিভিশন ও রেডিওতে তাঁর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।গতকাল সন্ধ্যা সাতটায় শুরু করা প্রায় ৪০ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী এক বছরে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, সাফল্য ও অর্জনের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি তাঁর সরকারের ভবিষ্যত্ পরিকল্পনার কথা জাতির সামনে তুলে ধরেন।প্রধানমন্ত্রী বলেন, ২০১২ সালের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ২০১৩ সালের মধ্যে ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা, সাত হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন, প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উন্নীত করা, ২০১৪ সালের মধ্যে নিরক্ষরতা দূর, ২০২১ সালের মধ্যে শিশুমৃত্যুর হার বর্তমানের হাজারে ৫৪ থেকে কমিয়ে ১৫ এবং মাতৃমৃত্যুর হার ৩.৮ থেকে কমিয়ে ১.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করবে তাঁর সরকার। প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ আমাদের সম্মিলিত পরিশ্রম, আন্তরিকতা এবং আপনাদের সমর্থনে আমরা এ কাজে সফলতা অর্জন করতে পারব।’প্রধানমন্ত্রী বিডিআর বিদ্রোহে দায়ীদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, জাতীয় চার নেতা হত্যা, ২১ আগস্টের গ্রেনেড হামলা ও চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলাসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ডের আইনানুগ বিচারের অঙ্গীকার করেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে সংসদে আইন পাস হয়েছে। ট্রাইব্যুনালের জন্য প্রাথমিক স্থান নির্বাচন করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে বিচার শুরু হবে।বিডিআর বিদ্রোহের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই ঘটনাকে পুঁজি করে একটি বিশেষ গোষ্ঠী দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চেয়েছিল। নির্বাচিত সরকারকে উত্খাতের অপচেষ্টাও করেছিল। তারা সফল হয়নি। তবে অপপ্রচার অব্যাহত রেখেছে। সে সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, সেনা কর্মকর্তাদের হত্যার বিচারকাজ দ্রুত এগিয়ে চলেছে। দায়ী কাউকেই ছাড়া হবে না।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার জঙ্গিবাদ দমন, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। দুর্নীতি নির্মূলে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী ও সংস্কারসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।১১ জানুয়ারি জরুরি অবস্থার জন্য আবারও বিএনপি-জামায়াতকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কোনো অপশক্তি যাতে জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। আমরা চাই, ভবিষ্যতে প্রতিটি মানুষ যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে।’প্রধানমন্ত্রী তাঁর সরকারের সফলতার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা অঙ্গীকার করেছিলাম, নির্বাচিত হলে জাতীয় সংসদকে কার্যকর করব। দেশের ইতিহাসে প্রথম সংসদের প্রথম অধিবেশনেই ৪৮টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। অন্য দল থেকে সাতজন সাংসদকে বিভিন্ন কমিটির সভাপতির পদ দেওয়া হয়েছে। তথ্য ও মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল দেওয়া হয়েছে।’প্রধানমন্ত্রী বলেন, এ সরকার ক্ষমতায় এসে ৭২৮ মেগাওয়াটের নতুন বিদ্যুেকন্দ্র চালু করেছে। এ বছরের মধ্যে আরও এক হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুেকন্দ্র চালু হবে। দেশে প্রথমবারের মতো ন্যাশনাল সার্ভিসের আওতায় যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতাও বাড়ানো হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘বিপুল বিজয় ছিল আমাদের ওপর আপনাদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। গত এক বছরে আমরা চেষ্টা করেছি এ আস্থার প্রতিদান দিতে। কতটুকু সফল হয়েছি তা বিচারের ভার আপনাদের, অর্থাত্ এ দেশের জনগণের।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের সময়ে যে চালের দাম ছিল ৪৫ টাকা, আমরা সেই চালের দাম ১৮-২০ টাকায় কমিয়ে আনতে পেরেছিলাম, বর্তমানে যা ২২-২৪ টাকা। ১১৫ টাকার সয়াবিন তেল এখন ৮০ টাকা। ৪৫ টাকার আটা এখন মানুষ ১৮-২০ টাকায় কিনতে পারছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণের পর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভিজিএফ, ভিজিডিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হতদরিদ্রদের জন্য খাদ্য বিতরণ করে যাচ্ছি। রমজান মাসে এক কোটি ২০ লাখ দরিদ্র মানুষকে বিনামূল্যে খাদ্য বিতরণ করেছি। কৃষকদের জন্য সরকার তিন হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ করেছে। তা আরও বাড়ানো হবে। সব রকম সারের দাম প্রায় অর্ধেকে নামিয়ে সারের সুষ্ঠু সরবরাহ ও বিতরণ নিশ্চিত করা হয়েছে। ডিজেল ও বীজসহ কৃষি উপকরণের দামও কমানো হয়েছে। ফলে বাম্পার ফলন হয়েছে। বর্তমানে দেশে সাড়ে ১১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। আমন ফসলও কৃষকের ঘরে উঠেছে। কৃষকের উত্পাদিত পাটের ন্যায্যমূল্য নিশ্চিত হয়েছে।’প্রধানমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের মধ্যে রেশনের মাধ্যমে ন্যায্য মূল্যে চাল বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী, আনসার, গ্রামপুলিশ, চৌকিদার ও দফাদারদের মধ্যে রেশন দেওয়ার বিষয় বিবেচনা করা হচ্ছে।শিক্ষাকে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের প্রধান কৌশল হিসেবে ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের সরকারি অংশ বৃদ্ধি ও সমতাকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রথম এসএসসি পরীক্ষার আদলে দেশব্যাপী অভিন্ন পদ্ধতিতে পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ করে ফলাফলও প্রকাশ করা হয়েছে। প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মোট ৪০ হাজার নতুন শ্রেণীকক্ষের নির্মাণকাজ এগিয়ে চলেছে এবং ৪৫ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চলমান।সরকার প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, এবতেদায়ি ও দাখিল স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে ১৯ কোটি বই বিতরণ করছে। এবারই প্রথম ওয়েবসাইটে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে। এবারই মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হচ্ছে।নারীশিক্ষার ব্যাপক প্রসারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ছাত্রী-উপবৃত্তি, বই ক্রয়ের জন্য আর্থিক সহায়তা ও পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার ফি প্রদানের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের বেতন মওকুফ করা হয়েছে। ভবিষ্যতে ছেলে ও মেয়ে উভয়ের জন্য শিক্ষা অবৈতনিক করা হবে।শেখ হাসিনা স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ ও ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘আজকেই (গতকাল) বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু হয়েছে। ঢাকা শহরের চারদিকে সার্কুলার ওয়াটার ওয়েজ চালু করার কাজ চলছে। নাব্যতা বৃদ্ধি ও ভাঙনরোধকল্পে ৩১ হাজার কোটি টাকা ব্যয়-সংবলিত প্রকল্পের সমীক্ষাকাজ হাতে নেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলের জমিতে লবণাক্ততা রোধ এবং পলি পড়া হ্রাস করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে গড়াই নদী পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।’ তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় তাঁর সরকারের নেওয়া উদ্যেগের কথাও জানান।সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেনাসদস্যদের রেশন বৃদ্ধি, জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত সেনাসদস্যদের ছুটি বৃদ্ধিসহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাপরিবারের সহায়তা দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে রেশনের আওতায় আনা হয়েছে। সরকার ক্ষমতায় আসার চার মাসের মধ্যে পুলিশের সব সদস্যের মধ্যে শতভাগ রেশনসুবিধা প্রবর্তন করেছে এবং রেশনের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। বিডিআর, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও কারা অধিদপ্তরের সদস্যদের রেশনসুবিধার আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধির জন্য ৩২ হাজার সদস্য নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সাল—বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ২০২০ সাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ২০২১ সালে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে দুর্নীতি, দুঃশাসন ও অশিক্ষার অন্ধকার থাকবে না। যেখানে দারিদ্র্য থাকবে না। আমরা ২০২১ সালে সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যে বাংলাদেশ হবে শিক্ষা-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর ডিজিটাল বাংলাদেশ।’