ইতিহাদ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজারকে ১৭ আগস্ট হাইকোর্টে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাদ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার আশরাফুল কবিরকে আগামী ১৭ আগস্ট হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আশরাফুল কবির হাইকোর্টে হাজির হন। আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে বাংলাদেশি দুই নাগরিককে নির্যাতন ও হয়রানির ঘটনায় তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ সময় তিনি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চান।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৮ জুন আবুধাবি বিমানবন্দরে ইতিহাদ এয়ারলাইনসের কর্মকর্তারা টিকিট থাকা সত্ত্বেও তানজিন বৃষ্টি ও তাঁর মাকে টরন্টো যেতে দেননি। তাঁরা এ দুজনকে প্রায় ১০ ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রেখে দেশে ফিরে আসতে বাধ্য করেন। এ নিয়ে ২ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ অবস্থায় তানজিন বৃষ্টি গত বুধবার হাইকোর্টে প্রতিকার চেয়ে রিট আবেদন করেন।আদালতে আশরাফুলের আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ আসার পর ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।এভাবে দেশের নাগরিকেরা হয়রানির শিকার হতে থাকলে এয়ারলাইনসের কাজ বন্ধ করে দেওয়া হবে বলে আদালত মন্তব্য করেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, দুই যাত্রীকে হয়রানির বিষয়ে কান্ট্রি ম্যানেজারের নেওয়া পদক্ষেপ সম্পূরক আবেদনপত্র হিসেবে দাখিল করতে আদালত নির্দেশ দিয়েছেন।সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে। আদালত এ বিষয়ে নেওয়া পদক্ষেপ জানাতে বলেছেন।