ইতিহাস বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে একসময় প্রায় প্রতিটি বাড়িতেই পুকুর ছিল। কিন্তু এখন হাতে গোনা কয়েকটি ছাড়া তেমন পুকুর চোখে পড়ে না। বর্তমানে তালতলায় বাংলাদেশ ব্যাংকের যে ভবনটি রয়েছে, সেখানে একটি সুবিশাল দিঘি ছিল। নগরের বিভিন্ন এলাকার নামকরণ বিভিন্ন দিঘির নামে হলেও সেসব এলাকায় এখন কোনো দিঘি নেই। এ ছাড়া আইনেরও যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। সিলেটে এখন শ্বাস ফেলার জায়গা নেই, এটি কংক্রিটের শহরে পরিণত হয়েছে। পরিবেশের জন্য আমরা শুধু মায়াকান্না করি। মূলত আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না, ক্ষোভের সঙ্গে এ কথাগুলো কবি শুভেন্দু ইমাম বললেন। তিনি ‘সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদ’-এর সাধারণ সম্পাদক। ইতিহাস ঘেঁটে আগের সিলেট আর এখনকার সিলেটকে তুলনা করতে গিয়ে রীতিমতো হতাশায় পড়ে যান বলে শুভেন্দু ইমাম জানান। দিঘি-পুকুর শূন্য হওয়ার কারণে পরিবেশগত প্রতিক্রিয়া যে সংকটাপন্ন, এই আশঙ্কা তাঁরও রয়েছে।এ প্রসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রধান সুশান্তকুমার দাস বলেন, দিঘি-পুকুর নির্বিচারে ভরাটের সাধারণ দিক হচ্ছে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া। কিন্তু পরিবেশগত দিকটি ভয়াবহরূপ ধারণ করতে পারে। সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় ইকোলজিক্যাল (পরিবেশগত) ভারসাম্য নষ্ট হবে। সুতরাং সরকার বা সিটি করপোরেশনের উচিত প্রাকৃতিকভাবে প্রবাহিত দিঘি-খালের প্রবাহ সঠিকভাবে চলতে দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া। পাশাপাশি দিঘি-পুকুরের ভরাট বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া।বেলা সিলেটের সমন্বয়ক শাহ সাহেদা আখতার বলেন, ‘সিলেট নগরে গত কয়েক বছর আগেও যে জায়গায় পুকুর-দিঘি দেখা যেত, সেখানে আজ বড় বড় দালান চোখে পড়ে। দিঘি-পুকুর ভরাট করে বাসা ও বাণিজ্যিক ভবন গড়ে তোলা হচ্ছে। ক্ষুদ্র স্বার্থে জলাশয় ভরাট করে ফেলার মাশুল আমাদের পরবর্তী প্রজন্মকে ভোগ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবনের স্বার্থে সবাইকে জলাধার সংরক্ষণ আইন মানতে হবে। পাশাপাশি আইনের কঠোর বাস্তবায়ন করতে হবে।’বেলা সূত্র জানায়, পুকুর-দিঘি ভরাট না করে সংরক্ষণের জন্য রয়েছে আইন, তবে এসব আইনের বাস্তবায়ন চোখে পড়ে না বললেই চলে। মহানগর, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকার প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ অনুযায়ী প্রাকৃতিক জলাধারের শ্রেণী পরিবর্তনে বাধা-নিষেধ রয়েছে। আইনে বলা হয়েছে, ‘প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণী পরিবর্তন করা যাইবে না বা উক্তরূপ জায়গা অন্য কোনওভাবে ব্যবহার করা যাইবে না বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনওভাবে হস্তান্তর করা যাইবে না।’ এই আইন লঙ্ঘনকারী ব্যক্তি অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন।আইনে ‘প্রাকৃতিক জলাধার’ অর্থ নদী, খাল, বিল, দিঘি, ঝরনা বা জলাশয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর বাইরে সব ধরনের পানি ও বৃষ্টির পানি ধারণ করে এমন কোনো ভূমিও অন্তর্ভুক্ত হবে।