ইতিহাস বিকৃতির অভিযোগ, ৩০ শিক্ষককে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষককে ১২ মার্চ আদালতে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে ইতিহাস বিকৃতির অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে ১৭ শিক্ষকের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ-সংক্রান্ত শুনানি হয়। এ বিষয়ে ১২ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।ওইদিন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যসহ পাঁচ লেখককে হাজির হতে বলা হয়েছে। এ ছাড়া আগের নির্দেশনা অনুসারে ওইদিন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এরশাদুল বারীর হাজিরও হওয়ার কথা।সংশ্লিষ্টরা জানান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের পৌরনীতি ও সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্রের বইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগে ২০১০ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্টের এক আইনজীবী রিট আবেদন করেন। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেন। এ-সংক্রান্ত শুনানিতে ১ মার্চ আদালত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর আই এম আমিনুর রশিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যসহ বইয়ের পাঁচ লেখককে ৫ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দেন। উল্লেখিত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদসহ পাঁচজন হাজির হন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর আই এম আমিনুর রশিদ দেশে না থাকায় ওইদিন হাজির হননি। গতকাল ছয়জন আদালতে হাজির হয়েছিলেন।আদালতে আবেদনকারী পক্ষে আইনজীবী বেলাল হোসেন শুনানি করেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান। এ ছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর আই এম আমিনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ ও সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বক্তব্য দেন।