একাত্তরের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর তাঁর মুক্তির দাবিতে জেনারেল ইয়াহিয়া খানকে চিঠি লিখেছিলেন তৎকালীন পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মালিক গোলাম জিলানি। বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যার প্রতিবাদে তিনি সংবাদ সম্মেলন করেছিলেন। কোনো পত্রিকা সে খবর ছাপেনি। পাকিস্তানিদের নিধনযজ্ঞের নিন্দা জানিয়ে তিনি অনেক চিঠি ও কলাম লিখলেও সেগুলো ছাপেনি সেনানিয়ন্ত্রিত তৎকালীন গণমাধ্যম। উল্টো দিন কাটিয়েছিলেন কারাগার আর গৃহবন্দী অবস্থায়। বাবার এ অবদানের স্বীকৃতি নিতে ঢাকায় এসেছেন পাকিস্তান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর। গত রোববার রাতে প্রথম আলোকে দেওয়া তাঁর সাক্ষাৎকারের বিস্তারিত তুলে ধরা হলো:প্রথম আলো: একাত্তরের দিনগুলোর বিশেষ স্মৃতি কি মনে পড়ে?আসমা জাহাঙ্গীর: আমার বাবা স্বতন্ত্র সাংসদ ছিলেন। এ কারণে তিনি ঘন ঘন ঢাকায় আসতেন। ফলে বাংলাদেশে তাঁর অনেক বন্ধু ছিলেন। তিনি সব সময় বলতেন, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে পাঞ্জাবের প্রভাব অত্যন্ত আগ্রাসী। পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বৈষম্যের তিনি বিরোধী ছিলেন। পার্লামেন্টের বিরোধীদলীয় অনেক সাংসদ ছিলেন তাঁর বন্ধু। তাঁদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ছিল এবং তাঁদের সঙ্গে মেলামেশায় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আমার মনে আছে, একাত্তরে গৃহবন্দী হওয়ার পর তিনি নিয়মিত রেডিও শুনতেন, খোঁজ রাখার চেষ্টা করতেন, কী হচ্ছে বাংলাদেশে। প্রথমে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছিল। পাকিস্তানি সেনাবাহিনীর নিধনযজ্ঞের পর তিনি বলতেন, দুই পাকিস্তান আর থাকছে না। তাদের প্রতি যে অন্যায় করা হয়েছে, এরপর তাদের আর একসঙ্গে থাকার জন্য বলা যায় না। লক্ষ করেছি, প্রায় নিয়মিতভাবে বন্ধুদের মৃত্যুর কথা তাঁর কানে আসত। আর অসহায় মানুষটিকে দেখেছি দুই চোখ তাঁর পানিতে ভরে গেছে।পশ্চিম পাকিস্তানের পরিস্থিতি এতটাই অসহনীয় ছিল, যা ভাবলেও গা শিউরে ওঠে। একদিকে সেনাবাহিনী, যারা ন্যূনতম ভিন্নমত গ্রহণ করবে না; অন্যদিকে রাজনৈতিক শক্তি, যারা জনগণের মাঝে এ ধারণা ছড়িয়ে দিয়েছে যে, পাকিস্তানের বিরোধীদের শায়েস্তার জন্য হত্যা আর নিধনযজ্ঞ চলছে। যে কেউ এ প্রক্রিয়ার বিরুদ্ধে সোচ্চার হলেই তাকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। সরকারের বিরুদ্ধে লড়াই করা যায়। কিন্তু জনগণের মাঝে উন্মত্ততা ছড়িয়ে দিলে তার মোকাবিলা করা দুরূহ। জনগণের এ উন্মত্ততা তো যেকোনো সমাজের জন্য আতঙ্কের বটে! অনেকেই বলতেন, তাঁরা এসব জানতেন না। প্রশ্ন হচ্ছে, আপনি না জেনে তো থাকার কথা নয়। আসলে তাঁরা তো জানতে চাইতেন না। এই যে না জানার কথা তাঁরা বলেন, আসলে এড়িয়ে যাওয়ার এটি খুবই কুৎসিত এক প্রবণতা।প্র. আ.: বাংলাদেশের স্বাধীনতার পরও কি আপনারা একই ধরনের দুর্ব্যবহারের শিকার হয়েছেন?আ. জা.: বাংলাদেশের স্বাধীনতার পর তিনি এক দিনের জন্য মুক্তি পেয়েছিলেন। পরে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। তাঁর ওই গ্রেপ্তারের বিরুদ্ধে মামলা দায়ের করি। মামলাটি আমাকে ‘আসমা জিলানির মামলা’ হিসেবে পরিচিতি এনে দেয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে সেনাশাসক ইয়াহিয়া খানের ক্ষমতা গ্রহণ অবৈধ ঘোষণা করা হয়। তাঁর সরকারের নেওয়া সব পদক্ষেপ অবৈধ ঘোষণা করা হয়। ওই সময়ে হামুদুর রহমান কমিশন গঠন করা হয়। কমিশনে বাবা যা বলেছিলেন, ওই ভাষ্য আর ইয়াহিয়ার কাছে লেখা চিঠির বক্তব্য একই। তবে একটা কথা ভুলে গেলে চলবে না, অনেকেই একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মুখ খুলতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতি ভয়াবহ থাকায় ইচ্ছা থাকলেও অনেকেই এগিয়ে আসেননি।প্র. আ.: আপনি বলতে চাইছেন, পাকিস্তানের লোকজন ধীরে ধীরে একাত্তর নিয়ে আত্মসমালোচনা শুরু করেছেন?আ. জা.: ইতিহাসকে মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা যায় না। যখন রাষ্ট্রব্যবস্থা আর পরিবেশ বদলাবে, লোকজন সত্য কথাটা বলতে উৎসাহিত হবে। যাঁরা এত দিন চুপ করে ছিলেন, তাঁরাই সবচেয়ে বেশি সোচ্চার হবেন। কাজেই প্রকাশ্যে এখন আর কেউ গণহত্যাকে অস্বীকার করছেন না। তবে এখনো এমন কাউকে কাউকে পাওয়া যাবে, যাঁরা বলবেন হত্যা দুই পক্ষেই ঘটেছে। শেষ পর্যন্ত এটাই বলব, সত্যকে অস্বীকার করার প্রবণতা অতীতের তুলনায় এখন একেবারে নেই বললেই চলে।প্র. আ.: একজন মানবাধিকারকর্মী ও আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কীভাবে মূল্যায়ন করবেন?আ. জা.: ক্রান্তিকালীন বিচার (ট্রানজিশনাল জাস্টিস) সমর্থন করি। কারণ, দায়মুক্তির সংস্কৃতির অবশ্যই অবসান হওয়া উচিত। অপরাধ করে লোকজন পার পেয়ে যাবে, এটা হতে পারে না। তবে এ বিচার-প্রক্রিয়ায় সফল হতে হলে যথাযথ পন্থা অনুসরণের মাধ্যমে তা সম্পন্ন করতে হবে। অভিযুক্ত ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে হবে, যোগ্য আইনজীবী পাওয়া ও আপিলের সুযোগ—সবকিছুই দিতে হবে। আর আন্তর্জাতিক অপরাধ আদালতে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। আমিও মৃত্যুদণ্ডের বিরোধী। তবে বাংলাদেশের জনগণ এটি ঠিক করবে। এ বিচার-প্রক্রিয়া যাতে বিজয়ী পক্ষের বিচার হয়ে না যায়, সেটিও সতর্কতার সঙ্গে লক্ষ রাখতে হবে।প্র. আ.: একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ। বিষয়টি আপনার কাছে কতটা যৌক্তিক বলে মনে হয়?আ. জা.: এ ধরনের হত্যা আর নিধনযজ্ঞের যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ। শুধু আমাদের কিংবা আপনাদের জন্যই নয়, পৃথিবীর যেকোনো প্রান্তের জনগণের ভাগ্যে যেন এ পরিণতি না ঘটে। এটি নিশ্চিত করার স্বার্থে যদি ক্ষমা চাওয়ার বাধ্যবাধকতা থাকে, তবে তো অবশ্যই পাকিস্তানের ক্ষমা চাইতে হবে।প্র. আ.: পাকিস্তানে আগামী মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি কেমন বলে আপনার মত?আ. জা.: নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিবেশ কেমন হতে যাচ্ছে, সেটা বলা মুশকিল। নির্বাচন মানে ‘অপেক্ষাকৃত কম খারাপকে’ বেছে নেওয়া। নির্বাচনে কেউ ‘সাধুকে’ খুঁজে নিতে যায় না। এ ক্ষেত্রে জনগণ রাজনৈতিকভাবে কতটা পরিপক্ব হয়ে উঠেছে, সেটির ওপরও অনেক কিছু নির্ভর করে। এটি বলতে দ্বিধা নেই, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি)। তার মানে এটা নয়, ভয়াবহ ব্যর্থতার পরিচয় দিয়েছে পিপিপি। বিশেষ করে, দেশের অর্থনীতি চাঙা রাখতে সরকার ব্যর্থ হয়েছে। যদি সফল হতো, তাদের অবস্থান ভালো হতো। যেকোনোভাবেই হোক, জনগণ মনে করে, গভর্নরদের ওপর পিএমএলের (পাকিস্তান মুসলিম লিগ) প্রভাব পিপিপির তুলনায় ভালো। নতুন করে মাঠে নেমেছেন ইমরান খান। তিনি সব ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন। জেনারেল পারভেজ মোশাররফের মতোই তিনি ৯০ দিনের মধ্যে সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি রাজনীতিবিদদের বিষোদ্গারের অস্ত্র বেছে নিয়েছেন, যা রাজনৈতিক পরিমণ্ডলকে বিষিয়ে তুলছে। ব্যক্তিগতভাবে তাঁকে নিয়েও তো অনেক প্রশ্ন রয়েছে। আপনি কারও প্রতি ইট ছুড়লে আপনাকে কিন্তু পাটকেল খেতেই হবে। এমন পরিস্থিতি তো নির্বাচনী পরিবেশকে নষ্ট করবে।প্র. আ.: আপনি বলতে চাইছেন, ইমরান খান নির্বাচনের পরিবেশকে বিষিয়ে তুলেছেন?আ. জা.: অবশ্যই। তিনি সব সময় বলছেন, রাজনীতি খারাপ আর রাজনীতিবিদেরা নষ্ট। অথচ তিনি নিজেই রাজনীতি করতে এসেছেন। তাঁর জীবনাচরণেই স্ববিরোধিতা স্পষ্ট। তবে এটা ঠিক, জনগণ পরিবর্তন চায়। জনগণ দুই দলকেই বেশ কিছুদিন ধরে দেখেছে। এখন অন্য কাউকে দেখতে চায়। আর তাদের কাছে সে বিকল্প ইমরানের তেহরিক-ই ইনসাফ। এতেই তিনি বিপুল বিজয়ের সম্ভাবনা দেখছেন। যদিও আমি মনে করি, সেটি ঘটবে না।প্র. আ.: তার মানে কি কোয়ালিশন সরকার আগামী দিনে পাকিস্তান শাসন করতে যাচ্ছে?আ. জা.: আমার সেটাই মনে হয়। রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করাটা শিখতে হবে।