পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেছেন, জাতির ইতিহাসকে বিকৃতির মাধ্যমে কাটছাঁট করে যারা হাফপ্যান্ট বানাতে চায় তাদের প্রতিরোধ করুন—এখনই তাদের প্রতিরোধের উত্তম সময়। আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘বধ্যভূমি ৭১’ পরিদর্শন ও মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।দীপঙ্কর তালুকদার বলেন, ‘সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা একাত্তরের বধ্যভূমিগুলো সরকারের পাশাপাশি সাধারণ জনগণ চিহ্নিত করেছে। জনগণ শুধু এগুলো চিহ্নিতই করছেন না—সামর্থ্য অনুযায়ী সম্মিলিত প্রচেষ্টায় সংরক্ষণ করছেন।’শ্রীমঙ্গলে বিজিবি ১৪ ব্যাটালিয়নের সদর দপ্তর-সংলগ্ন মুক্তিযুদ্ধের বধ্যভূমি ‘বধ্যভূমি ৭১’ সংরক্ষণে এবং সেখানে সাধারণ মানুষের সহায়তায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করায় শ্রীমঙ্গলবাসীকে কৃতজ্ঞতা জানান মন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘একাত্তরে সাধারণ মানুষ যেভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তেমনি ৪০ বছর পরও আজ সাধারণ মানুষের মধ্যে একাত্তরের চেতনা প্রজ্বলিত হচ্ছে।’এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিজিবি ১৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মির্জা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুল মন্নান, মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণ, উপসচিব সুকল্প চাকমা, জনসংযোগ কর্মকর্তা মো. জুলফিকার প্রমুখ।