ইতিহাসের ঋণশোধ !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৬ সালের ৩১ মার্চ। একদিনের ক্রিকেটে বাংলাদেশের অভিষেকের দিন। অধিনায়ক গাজী আশরাফ হোসেন এই এশিয়া কাপেই টস করতে নামলেন পাকিস্তান অধিনায়ক ইমরান খানের সঙ্গে। তাঁর চোখে-মুখ কেবলই মুগ্ধতা। ইমরান খান ওয়াসিম আকরাম-আবদুল কাদিরদের সঙ্গে যে মাঠে নামছেন তাঁরা। কিন্তু মুগ্ধতার পাশাপাশি গাজী আশরাফ হোসেনরা কি সেদিন কোনো দূর স্বপ্নের বীজ বপন করে দিয়ে আসেননি !যে স্বপ্ন ২৬ বছর পর পূরণ করলেন তাঁদেরই উত্তরসূরি সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকুর, নাসির, মাহমুদউল্লাহরা। যে এশিয়া কাপে শুরু, সেই এশিয়া কাপেরই ফাইনালে উঠে ইতিহাসকে নিজেদের পায়ের তলায় নিয়ে আসলেন তাঁরা। আজ ২৬ বছর পর সেই মার্চেই প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠে পুবসূরিদের স্বপ্নের সার্থক বাস্তবায়ন করলেন এদেশের ক্রিকেট সৈনিকেরা। বাংলাদেশ তখনো টেস্ট মর্যাদা পায়নি। এই এশিয়া কাপই ছিল বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নেওয়ার একমাত্র উপলক্ষ্য। ১৯৮৮-তে এই এশিয়া কাপই দিয়েছে এদেশকে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সুযোগ। ১৯৯০ সালে এই এশিয়া কাপেই কলকাতার ইডেন গার্ডেনের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আতাহার আলী খান পেয়েছিলেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ম্যাচ সেরার পুরস্কার, শারজাহতে ১৯৯৫ সালের এশিয়া কাপেই শ্রীলঙ্কাকে ২৩৩ রানে অলআউট করে প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশকে অলআউট করার অনন্য গৌরবের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। আরো আছে। ১৯৯৭ সালে কলম্বোতে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ২১০ রান করে প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে বাংলাদেশ পেরিয়েছিল ২০০ রানের কোটা। এতকিছুর এশিয়া কাপটা তারপরেও কেমন যেন অপূর্ণতায় পেয়ে বসেছিল। এতগুলো অংশগ্রহণে মাত্র দুটো জয়। তাও আবার হংকং ও আরব আমিরাতের বিপক্ষে! কিন্তু এবার দেশের মাটিতে আয়োজিত তৃতীয় এশিয়া কাপটি নিয়ে এসেছে অসাধারণ গৌরবের উপলক্ষ্য। তিন ম্যাচের দুটিতে জিতে এবার যে ফাইনালের অন্যতম দল বাংলাদেশ।এশিয়া কাপের কাছে অনেক ঋণ জমা ছিল, সেই ঋণ হয়তো কিছুটা হলেও শোধ হলো। এখন অপেক্ষা চূড়ান্ত সাফল্যের। তাহলে এশিয়া কাপ অমর হয়ে রইবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে।