ইতিহাসের পাতা থেকে
গাভাস্কারের ‘অমর’ কীর্তি‘মাঝেমধ্যে মনে হচ্ছিল, না খেলে স্টাম্প ছেড়ে দাঁড়িয়ে আমি ইচ্ছা করে বোল্ড হয়ে যাই’—কোনো ব্যাটসম্যান এমনটা ভাবতে পারেন এবং সেটা প্রকাশ্যে বলতেও পারেন, ভাবা যায়! নিজের একটি ইনিংস নিয়ে সুনীল গাভাস্কার ঠিক এটাই বলেছিলেন এবং কেউ এতটুকুও অবাক হননি!প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে লর্ডসে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ভারত। ওয়ানডে ইতিহাসের প্রথম সেঞ্চুরি করেছিলেন ডেনিস অ্যামিস (১৩৭)। সঙ্গে কিথ ফ্লেচারের ৬৮ ও ক্রিস ওল্ডের ৩০ বলে ৫১ রানে ইংল্যান্ড তুলেছিল ওয়ানডেতে সে সময়ের রেকর্ড ৩৩৪ রান। এমনিতেই তখন এত বড় স্কোর তাড়া করার কথা কেউ কল্পনাও করত না। তার ওপর ভারত তখন ওয়ানডেতে একেবারেই দুধভাত দল। ইংল্যান্ডের ইনিংসের পরই তাই ম্যাচ শেষ। তাই বলে লক্ষ্যের কথা ভুলে গিয়ে ভারতের এমন শম্বুক গতির ব্যাটিং কারও কল্পনাতেও ছিল না। নেতৃত্বে ছিলেন গাভাস্কার। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলা তো বহুদূর, গাভাস্কারের ঠুকঠুক অনেক টেস্ট ইনিংসকেও হার মানাল।প্রথমে সবাই ভাবছিল গাভাস্কার বুঝি বলটা পুরোনো হওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু যত সময় এগোচ্ছিল, গাভাস্কার যেন রানের কথা আরও ভুলে যাচ্ছিলেন। ইংলিশ দর্শকেরা তো বটেই, একপর্যায়ে ভারতীয় দর্শকেরাও অধৈর্য হয়ে উঠলেন। দু-একজন তো মাঠেই ঢুকে পড়তে যাচ্ছিলেন! ব্যালকনিতে ভারতীয় সতীর্থদের প্রতিক্রিয়া বলছিল, তাঁরাও বিরক্ত ও বিব্রত। শেষ পর্যন্ত ৬০ ওভার পুরো খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন গাভাস্কার। নামের পাশে ১৭৪ বলে ৩৬, একটি চার! ৩ উইকেটে ১৩২ রান করে ভারত হারল ২০২ রানের রেকর্ড ব্যবধানে।কেন এমন করেছিলেন গাভাস্কার? কারণটা আজও রহস্য হয়েই আছে। গাভাস্কার সে সময় কিছু বলেননি। তবে অনেক বছর পরে বলেছিলেন ইচ্ছে করে সেই আউট হওয়ার ইচ্ছার কথা, ‘যে মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছিলাম, তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ ছিল ওটাই। না পারছিলাম রান করতে, না আউট হতে। শেষ দিকে তো যন্ত্রের মতো খেলছিলাম! ইনিংসের দ্বিতীয় বলেই আমি কট বিহাইন্ড ছিলাম। কিন্তু এত হালকাভাবে ব্যাটে লেগেছিল যে কেউ আবেদনও করেনি। আজও আমার মাঝেমধ্যে মনে হয় কেন যে সে সময় আমি নিজেই উইকেট ছেড়ে এলাম না!’এক বলে ১৭!প্রথম বিশ্বকাপের ফাইনাল। ২৯১ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২৩৩ রানে হারাল ৯ উইকেট। এর পরই অস্ট্রেলিয়ার বিধ্বংসী দুই ফাস্ট বোলার ডেনিস লিলি ও জেফ টমসন হয়ে উঠলেন ‘খাঁটি ব্যাটসম্যান।’দেখতে দেখতে প্রয়োজনটা ১১ বলে ২৪ রানে নামিয়ে আনলেন দুজন। এর পরই তুলে মারতে গিয়ে এক্সট্রা কভারে রয় ফ্রেডেরিকসের তালুবন্দী টমসন। ম্যাচ শেষ ভেবে ওয়েস্ট ইন্ডিয়ান সমর্থকেরা ঢুকে পড়ল মাঠে। আম্পায়ার যে নো বল ডেকেছেন, সেটা কে খেয়াল করে! মুহূর্তের মধ্যে মাঠ লোকারণ্য। রানআউট করার জন্য বল থ্রো করেছিলেন ফ্রেডেরিকস, স্টাম্পে না লেগে সেই বল হারিয়ে গেল দর্শকের মাঝে। ওদিকে লিলি-টমসন উইকেটে দৌড়েই যাচ্ছেন। আম্পায়ার বার্ড তাঁর হ্যাট হারালেন, আরেক আম্পায়ার টম স্পেন্সার হতভম্ব, অনেক ক্রিকেটার হারাল তাঁদের সোয়েটার।নিরাপত্তাকর্মীরা অবশেষে মাঠ খালি করতে পারলেন। টমসন আম্পায়ার স্পেন্সারকে জিজ্ঞেস করলেন, ‘কত রান দেবে আমাদের?’ স্পেন্সার, ‘দুই’। ‘দুই?’ তেলে-বেগুনে জ্বলে উঠলেন টমসন, ‘পুরো বিকেল ধরে দৌড়াচ্ছি, ফাজলামো পেয়েছ!’ বার্ড এবার লিলিকে জিজ্ঞেস করলেন, ‘কত রান নিয়েছ?’ ‘তা অন্তত ১৭ তো হবেই’—লিলির উত্তর। অনেক বাতচিত শেষে দেওয়া হলো চার রান।এর পরের দুই বলে ১ রান। তৃতীয় বলেই টমসনের রানআউটে খেলা শেষ। অস্ট্রেলিয়ার হার ১৭ রানে। যথারীতি আবার মাঠে ঢুকে গেল দর্শক। টমসনের পা থেকে প্যাড খুলে নিয়ে পালাল কেউ। কিথ বয়েসকে ধরে কয়েকজন মাটিতে শুইয়ে ফেলল, একজন চম্পট দিল তাঁর পা থেকে বুট খুলে নিয়ে!একজন ‘ভদ্রলোক’১৯৭৫ বিশ্বকাপে শেষ উইকেট জুটিতে ৬৪ রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটের এক অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন ডেরেক মারে ও অ্যান্ডি রবার্টস। ১২ বছর পর নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রতিশোধ নিল পাকিস্তান। তবে এ জন্য তাঁদের কৃতজ্ঞ থাকতে হবে একজন ‘জেন্টলম্যানের’ কাছে!শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪ রান। উইকেটে শেষ জুটি, নয়ে নামা আবদুল কাদির ও শেষ ব্যাটসম্যান সেলিম জাফর। বোলার কোর্টনি ওয়ালশ, আগের ৯ ওভারে ৪ উইকেট পেয়েছেন মাত্র ২৬ রানে।শেষ ৩ বলে চাই ১০। এবার ওয়ালশের বিখ্যাত স্লোয়ার বল, স্টাম্প ছেড়ে জায়গা বানিয়ে লং অফের ওপর দিয়ে সীমানা ছাড়া করলেন কাদির। পরের বলে আবার ২। শেষ বলেও প্রয়োজন ২। ওয়ালশ যখন বলটা করতে যাবেন, শেষ মুহূর্তে দেখলেন নন-স্ট্রাইক প্রান্তে আগেই অনেকটা বেরিয়ে গেছেন জাফর। স্টাম্প ভেঙে দিলেই রানআউট জাফর, ১ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে সেমিফাইনালে। ওয়ালশ কী করলেন? বল করলেন না, স্টাম্পও ভাঙলেন না। সতর্ক করে দিলেন জাফরকে। শেষ বলে ২ রান নিয়ে জিতে গেল পাকিস্তান। দল হারল, কিন্তু ওয়ালশ জয় করলেন ক্রিকেট-বিশ্বের মন। মালিঙ্গার চারে চারলক্ষ্য ২১০। শেষ ৬ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১০, হাতে ৫ উইকেট। ম্যাড়মেড়ে সমাপ্তির পথে থাকা ম্যাচটিকে হঠাৎই রোমাঞ্চকর ম্যাচ বানিয়ে দিলেন লাসিথ মালিঙ্গা। দক্ষিণ আফ্রিকা তখন জয় থেকে মাত্র দুটি শট দূরে। শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে কী মনে করে যেন ৪৫তম ওভারে বল তুলে দিলেন ৭ ওভারে ৪৩ রান দেওয়া মালিঙ্গার হাতে। প্রথম চারটি বলই ইয়র্কার লেংথে রাখলেন মালিঙ্গা, তার পরও এল ছয় রান। পঞ্চম বলটি মালিঙ্গা দিলেন স্লোয়ার (তার পরও অবশ্য গতি ছিল ১৩৫ কিমি)। গতির হেরফেরে ধোঁকা খেয়ে বোল্ড শন পোলক। ওভারের শেষ বলে আবার ইয়র্কার, এবার কাভারে উপুল থারাঙ্গার হাতে ক্যাচ। চামিন্ডা ভাসের করা পরের ওভার থেকে এল ১ রান। পরের ওভারে মালিঙ্গার মুখোমুখি জ্যাক ক্যালিস। হ্যাটট্রিক বলটা সবাই একটু সাবধানেই খেলতে চায়। কিন্তু ৮৬ রানে অপরাজিত ক্যালিস তা করবেন কেন? তা ছাড়া জয় মাত্র ৩ রান দূরে, ক্যালিস হতে চাইলেন ‘বীর’। অফ স্টাম্পের বাইরের বলটিতে খেললেন স্কয়ার ড্রাইভ, ব্যাটের কানা ছুঁয়ে বল কুমার সাঙ্গাকারার গ্লাভসে। হ্যাটট্রিক! মিনিট তিনেক আগেও শর্টস পরে ড্রেসিংরুমে খোশগল্পে মশগুল মাখায়া এনটিনি হঠাৎ নিজেকে আবিষ্কার করলেন উইকেটে। চেহারাই বলে দিচ্ছিল কতটা হতভম্ব তিনি। আরেকটা ইয়র্কার, এনটিনি পড়িমড়ি করে ব্যাট নামাতে চেয়েও দেরি করে ফেললেন। চার বলে চার উইকেট—আনন্দে কী করবেন যেন বুঝতেই পারছিলেন না মালিঙ্গা আর তাঁর সতীর্থরা। বহুজাতিক ইংল্যান্ড১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের যে দলটি খেলেছে, অনায়াসেই সেটিকে বলে দেওয়া যায় একটি বহুজাতিক দল। ১৪ জনের দলের ৮ জনেরই যে জন্ম ছিল ইংল্যান্ডের বাইরে! এই ৮ জন এসেছিলেন বিশ্বের নানা প্রান্ত থেকে। গ্রায়েম হিকের জন্ম ছিল জিম্বাবুয়েতে, দক্ষিণ আফ্রিকায় অ্যালান ল্যাম্ব ও রবিন স্মিথ, কেনিয়ায় ডেরেক প্রিঙ্গল। তিনজনের জন্ম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে—গায়ানায় ক্রিস লুইস, ডমিনিকায় ফিল ডিফ্রেটাস, বারবাডোজে গ্ল্যাডস্টোন স্মল। এই দেশগুলোর সঙ্গে তবু ক্রিকেটের মোটামুটি সম্পর্ক আছে। কিন্তু অবাক করতে পারে অবশ্য ডারমট রিভের জন্মভূমি, হংকং!সর্বনাশা রিভার্স সুইপশেন ওয়ার্নের ‘বল অব দ্য সেঞ্চুরি’তে আউট হয়ে যেমন স্মরণীয় হয়ে আছেন মাইক গ্যাটিং, তেমনি বিশ্বকাপ ইতিহাসে অমর হয়ে গেছেন একটি শটের কারণে। কলকাতায় ১৯৮৭ বিশ্বকাপ ফাইনাল। অস্ট্রেলিয়ার ২৫৩ রানের জবাবে ইংল্যান্ড ২ উইকেটে ১৩৫, একটু দেখেশুনে খেললেই জেতা যায়। উইকেট পড়ছে না দেখে আক্রমণে এলেন পার্ট টাইম বাঁহাতি স্পিনার অ্যালান বোর্ডার। গ্যাটিং এর আগ পর্যন্ত দারুণ খেলে করেছেন ৪৪ বলে ৪১। কিন্তু বোর্ডারের প্রথম বলেই রিভার্স সুইপ করতে গিয়েই করলেন বড় ভুলটা! ব্যাটের কানায় লেগে গ্যাটিংয়ের কাঁধ ছুঁয়ে উঠল সহজ ক্যাচ। ঘটনার আকস্মিকতায় হকচকিত হয়ে লোপ্পা ক্যাচটিও মিস করতে বসেছিলেন উইকেটকিপার গ্রেগ ডায়ার! এর পর এক অ্যালান ল্যাম্ব ছাড়া দাঁড়াতে পারলেন না আর কোনো ইংলিশ ব্যাটসম্যান। ৭ রানে জিতে প্রথম বিশ্বকাপ পেল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের শিরোপা অধরা এখনো। যত দিন অধরা থাকবে, ওই শটটাও হয়তো দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে বেড়াবে গ্যাটিংকে!প্রমত্ত ভাস!‘মস্তিষ্ক-বিস্ফোরণ’ কথাটা খুব শোনা যায় ক্রিকেটে। ২০০৩ সালের ভ্যালেন্টাইন ডেতে মুহূর্তের জন্য ঠিক এটাই হয়েছিল হান্নান সরকারের! পিটারমারিজবার্গে ম্যাচের প্রথম বলেই ভাসের ট্রেডমার্ক ভেতরে ঢোকা বল যেন স্টেডিয়ামের বাইরে উড়িয়ে ফেলতে চাইলেন বাংলাদেশের ওপেনার। বলের নাগালও পেল না খ্যাপাটে ব্যাট। বোওল্ড!পরের বলটায় নতুন ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ড্রাইভ করতে চেয়ে কী মনে করে শেষ মুহূর্তে থমকে গেলেন। বল ব্যাটে চুমু খেয়ে লোপ্পা ফিরতি ক্যাচ! হ্যাটট্রিক বলের মুখোমুখি এহসানুল হক। বাইরে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে বন্দী হলেন মাহেলা জয়াবর্ধনের বিশ্বস্ত হাতে। ইগলের মতো ডানা মেলে যেন উড়ে যেতে চাইলেন ভাস। দৌড়ে তাঁকে ধরার পর বুনো উল্লাসে মাতলেন সতীর্থরা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কোনো ম্যাচ শুরু হলো হ্যাটট্রিক দিয়ে। ইতিহাসের আরও কয়েকটি পাতায় ঠাঁই হলো ভাসের—ওয়াসিম আকরাম ও সাকলায়েন মুশতাকের পর তৃতীয় বোলার হিসেবে ওয়ানডেতে দুটি হ্যাটট্রিক; চেতন শর্মা ও সাকলায়েনের পর তৃতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক। একটু পরই আরেক পর্ব ইতিহাস। হ্যাটট্রিকের পরের বলে চার মারলেন সানোয়ার। পরের বল ওয়াইড। পঞ্চম বলেই সানোয়ার এলবিডব্লু। ম্যাচের প্রথম ওভারে চার উইকেট এখনো আন্তর্জাতিক ক্রিকেটে একমেবাদ্বিতীয়ম হয়েই আছে। রিচার্ডস যখন চিতা১৯৭৫ বিশ্বকাপে গিয়েছিলেন অনেক প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু টুর্নামেন্টটা মোটেও ভালো যাচ্ছিল না ভিভ রিচার্ডসের। ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালেও ব্যাট হাতে করেছিলেন মাত্র ৫। ক্লাইভ লয়েডের অসাধারণ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ তবু তুলেছিল ২৯১। সে সময়ের বিবেচনায় অনেক রান, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলিং তখনো ভয়ংকর হয়ে ওঠেনি। অস্ট্রেলিয়া তাই ভালোই জবাব দিচ্ছিল। রক্ষাকর্তা হয়ে এলেন রিচার্ডস। অস্ট্রেলিয়ার প্রথম উইকেটটি নিয়েছিলেন কিথ বয়েস, পরের তিনটিই রিচার্ডস। তবে বোলার রিচার্ডস নন, ফিল্ডার রিচার্ডস! ওপেনার অ্যালান টার্নার (৪০) ও গ্রেগ চ্যাপেলকে (১৫) আউট করলেন সরাসরি থ্রোতে। তবু পথের কাঁটা হয়ে ছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল। একপর্যায়ে ২১ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৩০, হাতে ৭ উইকেট, উইকেটে চ্যাপেল ও ডগ ওয়াল্টার্স। ঠিক এ সময়ে ম্যাচের মোড় আবার পাল্টে দিলেন রিচার্ডস।মিড উইকেটে বল ঠেলেই রানের জন্য ছুটেছিলেন চ্যাপেল; ফিল্ডার রিচার্ডসকে দেখে একটু থমকে গেলেন। বল হাত ফসকে গেল রিচার্ডসেরও। এবার ছুট দিলেন চ্যাপেল। মুহূর্তের মধ্যে বল তুলে গুলির মতো রিচার্ডসের নিখুঁত থ্রো; বল ধরে স্টাম্প ভাঙতে বিন্দুমাত্র সমস্যা হলো না বোলার লয়েডের। বড় চ্যাপেল যেন ক্রিজে পৌঁছালেন এরও অনন্তকাল পর! এই আউটের পর হুড়মুড় করে ভেঙে পড়ে অস্ট্রেলিয়া; শেষ উইকেট জুটির প্রচেষ্টায় শুধু ব্যবধানই কমে।রাজুর হরিষে বিষাদসেই সময়ের বিতর্কিত বৃষ্টি আইনে ভারতের ওভার কমেছিল ৩টি, কিন্তু রান কমেছিল মাত্র ২! ১৯৯২ বিশ্বকাপে গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচে জয়ের জন্য ভারতের তাই প্রয়োজন পড়ল ৪৭ ওভারে ২৩৬। শেষ ওভারে প্রয়োজনটা দাঁড়াল ১৩ রানে, হাতে ৩ উইকেট। বোলার টম মুডি।প্রথম দুই বলেই চার মেরে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিলেন ভারতীয় উইকেটকিপার কিরন মোরে। তৃতীয় বলে শোধ তুললেন মুডি, বোল্ড মোরে। পরের বলে মনোজ প্রভাকর নিলেন সিঙ্গল। দুই বলে দরকার চার, পঞ্চম বলে নন-স্ট্রাইক প্রান্তে রানআউট প্রভাকর। উইকেটে শেষ জুটি, ১ বলে দরকার ৪। জাভাগাল শ্রীনাথ উঁচিয়ে মারলেন ডিপ মিড উইকেটে। পরে কী হলো, আত্মজীবনীতে লিখেছেন স্টিভ ওয়াহ, ‘ম্যাচ-জেতার ক্যাচ নেওয়ার অতি উত্তেজনায় আমি বলের ফ্লাইট মিস করলাম। ক্যাচটি নেওয়ার জন্য এত বেশি সময় পেয়েছিলাম যে পা কাঁপতে শুরু করল, নড়বড়ে হয়ে গেলাম।’ যা হওয়ার হলো তা-ই, ক্যাচ মিস। আনন্দে বাতাসে ঘুষি ছুড়লেন ভেঙ্কটপতি রাজু। কিন্তু ভুলে গেলেন আসল কাজটা করতেই, দ্রুত দৌড়ে রান তো নিতে হবে! পড়িমরি করে ছুটলেন তৃতীয় রান নিতে। কিন্তু ততক্ষণে দ্রুত ফিল্ডিং করে বুলেট গতির থ্রো করেছেন ওয়াহ। ইয়ান হিলির চোটের কারণে কিপিং করা ডেভিড বুনের সমস্যা হলো না বল ধরে স্টাম্প ভাঙতে। রানআউট রাজু, ভারত হারল ১ রানে। গিলক্রিস্টের ‘ওয়াক’প্রবাদে আছে, ‘গাড়ির তেল ফুরিয়ে গেলেই কেবল অস্ট্রেলিয়ানরা হাঁটে (পড়ুন ‘‘ওয়াক’’ করে)।’ ২০০৩ সালের ১৮ মার্চ প্রবাদটাকে ভুল প্রমাণিত করলেন অ্যাডাম গিলক্রিস্ট!এলিজাবেথে বিশ্বকাপের সেমিফাইনাল। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়া ৫ ওভারে ৩৪, গিলক্রিস্ট ১৮ বলে ২২। ষষ্ঠ ওভারেই অফ স্পিনার অরবিন্দ ডি সিলভা আক্রমণে। দ্বিতীয় বলেই সুইপ করলেন গিলক্রিস্ট, প্যাডে লেগে বল উঠে গেল ওপরে। বলটি গ্লাভসবন্দী করেই ব্যাট-প্যাড ক্যাচের আবেদন করলেন উইকেটকিপার সাঙ্গাকারা ও বোলার ডি সিলভা। আম্পায়ার রুডি কোয়ের্তজেন সাড়া না দিলেও গিলক্রিস্ট সোজা হাঁটা দিলেন! গিলক্রিস্টের মহত্ত্বটা আরও বেড়ে গেল, যখন বারবার রিপ্লে দেখার পরও নিশ্চিত বোঝা যাচ্ছিল না বল আদৌ ব্যাট বা গ্লাভস ছুঁয়েছে কি না। বিশ্বকাপ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে গিলির এমন সৌজন্যে তাঁর সতীর্থরা খুব খুশি হননি। ‘এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভদ্রলোকগিরি দেখানোর প্রয়োজনটা কী’—বড় ব্যবধানে ম্যাচ জয়ের পর হাসতে হাসতেই মনের ভাবটা জানিয়ে দিয়েছিলেন অধিনায়ক রিকি পন্টিং। তবে গিলক্রিস্টকে প্রাপ্যটা ঠিকই দিয়েছে ইতিহাস। অপরাজিত ৯১ করে ম্যাচ-সেরা অ্যান্ড্রু সাইমন্ডস, দুর্দান্ত বোলিং করা ব্রেট লি বা অস্ট্রেলিয়ার টানা তৃতীয় ফাইনাল নিশ্চিত করা নয়, ম্যাচটিকে সবাই মনে রেখেছে ‘গিলক্রিস্টের ম্যাচ’ হিসেবে!খুব ভালো খুব খারাপ২০০৭ বিশ্বকাপে যেন মাঝামাঝি কিছু জানা ছিল না এবি ডি ভিলিয়ার্সের। হয় খুব ভালো, নয়তো খুব খারাপ। শুরু করেছিলেন খুব খারাপ দিয়ে—দুর্বল হল্যান্ডের বিপক্ষে ২ বলে ০! দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে ৬২, পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০ বলে ৯২। পরের দুই ম্যাচে আবার ফিরে গেলেন শুরুতে—শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুটি শূন্য। টুর্নামেন্টের শেষ শূন্যটি পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে এর আগের ম্যাচেই আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ১৩০ বলে ১৪৬! সব মিলিয়ে ১০ ম্যাচের চারটিতেই শূন্য। কিন্তু তার পরও ৩৭.২০ গড় ও ১০০.৮১ স্ট্রাইক রেটে ৩৭২ রান! টুর্নামেন্ট ভালো গিয়েছিল না খারাপ, ভাবলে এখনো হয়তো ধন্দে পড়ে যাবেন ডি ভিলিয়ার্স!দুঃসাহসী জারওয়ানিপরিচয় ছিল অলরাউন্ডার। কিন্তু ব্যাটিং বা লেগ স্পিন কোনোটাই খুব ভালো পারতেন না সুলতান জারওয়ানি। ১৯৯৬ সালে সংযুক্ত আরব আমিরাতের প্রথম বিশ্বকাপে তবু তিনিই ছিলেন অধিনায়ক। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে আমদানি করা ক্রিকেটারদের মধ্যে একমাত্র তাঁর জন্মই যে ছিল আমিরাতে! জারওয়ানি আলোচিত ছিলেন আরও একটি কারণে—ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি গাড়ির মালিক ছিলেন তিনিই! ডজন খানেকেরও বেশি গাড়ির মধ্যে একটি ল্যাম্বরগিনিও ছিল বলে তাঁর নামই হয়ে গিয়েছিল ‘ল্যাম্বরগিনি জারওয়ানি।’এই ‘ল্যাম্বরগিনি জারওয়ানি’ আলোচনার জন্ম দিলেন ক্রিকেট মাঠেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে অ্যালান ডোনাল্ডের বোলিং খেলতে নামলেন মাথায় স্রেফ হ্যাট পরে! তেড়েফুঁড়ে এক বাউন্সার দিলেন ডোনাল্ড। মাথায় বল লেগে চিৎপটাং জারওয়ানি! আত্মজীবনীতে ডোনাল্ড লিখেছেন, হেলমেট ছাড়া জারওয়ানিকে দেখে তাঁর মাথায় খুন চেপে গিয়েছিল। টালমাটাল হলেও অবশ্য সেদিন উইকেট ছাড়েননি জারওয়ানি, খেলে গেছেন হেলমেট ছাড়াই। মাত্রই আর ছয়টি বল! তবে ফিরেছেন ডোনাল্ডের বলে আউট না হওয়ার গর্বটা সঙ্গে নিয়েই।অন্য রকম একজনআন্তর্জাতিক পর্যায়ে একই খেলোয়াড়ের তিন-চারটি খেলাতেও দেশের প্রতিনিধিত্ব করার উদাহরণ আছে। কিন্তু এই আধুনিক পেশাদার যুগে ‘ডাবল ইন্টারন্যাশনাল’ বিরল এক প্রজাতি। বিলুপ্ত প্রজাতি বলা যাচ্ছে না হাতে গোনা যে কয়েকজনের কারণে, তাঁদের একজন রুডি ফন ভুরেন।নামটি মনে থাকতে পারে আপনার। ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার এই মিডিয়াম পেসারের ওভারে ২৮ রান নিয়ে বিশ্বকাপে এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার সে সময়ের রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার ড্যারেল লেম্যান। এই রুডিই আবার ইংল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন ৫ উইকেট, ভারতের বিপক্ষে টেন্ডুলকার ও শেবাগের উইকেট। বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট শেষ। রুডি তবু ইতিহাসে ঢুকে গেলেন ওই বছরের শেষের দিকে। নামিবিয়ার হয়ে খেললেন রাগবি বিশ্বকাপে। একই বছর ক্রিকেট ও রাগবি বিশ্বকাপ খেলা একমাত্র ক্রিকেটার তিনি।রুডির গল্পটা এখানেই শেষ নয়। খেলা ছাড়ার পর ডাক্তারিতে মন দিয়ে পসার জমিয়ে ফেললেন। এরই মধ্যে স্ত্রী মারলিস ফন ভুরেনকে নিয়ে শুরু করলেন দেশের আদিবাসীদের সংস্কৃতি আর বন্য প্রাণী রক্ষার আন্দোলন। অল্প কদিনেই হইচই ফেলে দিলেন দেশে। এরপর স্ত্রী ও দুই বন্ধুকে নিয়ে গড়লেন ‘নানকুসে বন্য প্রাণী অভয়ারণ্য’। এই অভয়ারণ্য এখন পৃথিবী বিখ্যাত। নামিবিয়ায় সবাই তাঁকে এক নামে চেনে। তবে ‘ডাবল ইন্টারন্যাশনাল’ নয়, ডা. রুডি হিসেবে!দুই গ্রেটের দুই রকম বিদায়অনিল কুম্বলে ‘বিদায়’ বলেছিলেন ওয়ানডেকে, গ্লেন ম্যাকগ্রা আন্তর্জাতিক ক্রিকেটকেই। ২০০৭ বিশ্বকাপ দেখেছে আধুনিক ক্রিকেটের দু্ই গ্রেট বোলারের শেষ। দুজনই বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজ নিজ দেশের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে। কিন্তু বিদায়টা হয়েছিল পুরো বিপরীত! বিশ্বকাপের এক আসরে (২৬) ও বিশ্বকাপে সব মিলিয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন ম্যাকগ্রা, বিদায় নিয়েছেন তৃতীয় বিশ্বকাপ জয়ের আনন্দে ভেসে। নিজের ও দলের এত সব অর্জনের মাঝে বিদায়ের কষ্টটা ছুঁতে পারেনি ম্যাকগ্রাকে। অন্যদিকে, কুম্বলের বিদায়টা ত্বরান্বিত করেছে দলের ব্যর্থতা। ভারত যে ম্যাচই খেলতে পারল মোটে ৩টি! তিন ম্যাচের মাঝেরটাতেই কেবল খেলার সুযোগ পেয়েছিলেন কুম্বলে, বারমুডার বিপক্ষে সেই ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় ভারত। কুম্বলেও ‘বিদায়’ বলে দিলেন। দলের ব্যর্থতার সঙ্গে যোগ হলো মাঠ থেকে বিদায় নিতে না পারার বেদনা—বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা হলো বিষাদময়।গাভাস্কারের ‘অমর’ কীর্তি সেঞ্চুরি ও খরাবিশ্বকাপের আগে ম্যাচ খেলেছিলেন মাত্র ১৭টি। এতেই নিউজিল্যান্ডের বড় ভরসা হয়ে উঠেছিলেন নাথান অ্যাস্টল। ১৯৯৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ডানহাতি ওপেনার বুঝিয়ে দিলেন কেন তাঁকে বলা হচ্ছিল নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ। বিশ্বকাপ অভিষেকেই সেঞ্চুরি! তাঁর ১০১ রানের ইনিংসটায় আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে জিতল কিউইরা। সেদিন অবশ্য ভাগ্যকেও পক্ষে পেয়েছিলেন, স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান মাত্র ১ রানে। ভাগ্যের পক্ষপাতিত্ব তো পেলেন, এরপর দেখলেন উল্টো চেহারাও। পরের ম্যাচে বিশ্বকাপ অভিষিক্ত দুর্বল হল্যান্ডের বিপক্ষে রান আউট রানের খাতা খোলার আগেই! পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান পেলেন। কিন্তু মাত্রই ১, আবার রান আউট! টানা দুটো রান আউটে মনে হয় বড়সড় ধাক্কাই খেয়েছিলেন। চতুর্থ ম্যাচে দুর্বল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বোল্ড মাত্র ২ রানে। হয়তো মনোবলটাই ভেঙে গেল, পরের দুই ম্যাচে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ ও ১। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর সবাই ভাবছিল বিশ্বকাপটা এবার বুঝি হবে অ্যাস্টলের। সেই ব্যাটসম্যানই কিনা পরের ৫ ম্যাচে করলেন সাকল্যে ১০ রান! সেঞ্চুরি দিয়ে শুরুর পর এমন খরা—প্রথম বিশ্বকাপকে কখনোই ভুলবেন না অ্যাস্টল।শেষের মঞ্চক্যারিয়ার গোধূলিতে দাঁড়ানো অনেকেই শেষের মঞ্চ হিসেবে বেছে নেন বিশ্বকাপকে। ক্রিকেটকে বিদায় জানাতে চান বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর দিয়েই। ক্রিকেটার হিসেবে যেমন, তেমনি অধিনায়ক হিসেবেও। গত বিশ্বকাপ দিয়েই যেমন বিদায় বলে দিয়েছেন চারজন অধিনায়ক। গত বিশ্বকাপেই ইনজামাম-উল হক, স্টিভেন ফ্লেমিং ও মাইকেল ভন শেষ ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট আরও কিছুদিন তাঁদের দেখেছে। ইনজামাম টেস্ট খেলেছেন আরও প্রায় সাত মাস, বছর খানেক টেস্ট ক্রিকেট খেলেছেন ফ্লেমিং ও ভন। কিন্তু ওই বিশ্বকাপেই শেষবারের মতো দেখা গেছে আধুনিক ক্রিকেটের এক কিংবদন্তিকে। টেস্ট ক্রিকেট ছেড়েছিলেন আগের বছরই, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ব্রায়ান লারা। গতবারের পুনরাবৃত্তি দেখা যেতে পারে এবারও। নিউজিল্যান্ড ক্রিকেটের ‘সর্বেসর্বা’ থেকে ড্যানিয়েল ভেট্টোরি শুধুই একজন ক্রিকেটার হয়ে যাচ্ছেন বিশ্বকাপের পর। বিশ্বকাপ দিয়েই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন গ্রায়েম স্মিথ। বিশ্বকাপের সাফল্য বা ব্যর্থতায় এই দুজন হয়তো সঙ্গী পাবেন আরও!আরিফুল ইসলাম