ইতিহাসের পাতায় রায়নার সেঞ্চুরি
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন সুরেশ রায়না। ভারতীয় ক্রিকেটার হিসেবে তাঁর এই কৃতিত্বের পরিধিটা আরও একটু বেশি। কারণ, তাঁর আগে আরও কোনো ভারতীয় ব্যাটসম্যান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির করার গৌরবের অধিকারী হতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুরেশ রায়নার এই সেঞ্চুরি তাঁকে তুলে দিয়েছে এক নতুন উচ্চতায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রায়নার আগে সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলাম ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের।ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইপিএল ভারতীয় ক্রিকেটের এক বড় বিপ্লবই। এই আইপিএলের অন্যতম সেরা প্রাপ্তি সুরেশ রায়না। ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, ইউসুফ পাঠান ও গৌতম গম্ভীরের মতো ম্যাচ জয়ী তারকাদের ভিড়ে রায়নাকে একটু আলাদা করেই রাখতে হবে। গত এক বছরে সুরেশ রায়নার ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়েই ভারতীয় দলে রয়েছেন। সম্প্রতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের শিরোপা জয়ে সুরেশ রায়নার রয়েছে অসামান্য অবদান। এবারের আইপিএল ফাইনালে শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ফাইনালে ৫৭ রানের এক অনবদ্য ইনিংস খেলে নিজ দল চেন্নাইকে জিতিয়েছেন রায়না। আইপিএল ফাইনালের ধারাবাহিকতায় গতকাল টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে প্রথম ভারতীয় হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করলেন সেঞ্চুরি। তাঁর ১০১ রানের ইনিংসই কাণ্ডারির ভূমিকা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে ভারতকে এনে দিয়েছে দুর্দান্ত এক জয়।সুরেশ রায়নার তাঁর ব্যাটিং ঝলকে কেবল ভারতকে জয় এনে দিয়েই ক্ষান্ত হননি, এবারের টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবীয় উইকেট নিয়ে করা কয়েকজন বিশেষজ্ঞের মন্তব্যও ভুল প্রমাণ করেছেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই কয়েকজন বিশেষজ্ঞ ওয়েস্ট ইন্ডিজের উইকেট টি-টোয়েন্টি খেলার উপযোগী নয়, এই উইকেটে রান উঠবে না, ব্যাটসম্যানরা ব্যাট চালাতে গিয়ে হিমশিম খাবে, জাতীয় কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের ম্যাচটিতেই বিশেষজ্ঞদের মতামতকে প্রশ্নবিদ্ধ করে ছাড়লেন রায়না। মাত্র ৪ রানে প্রথম উইকেট পড়ে যাওয়ায় বেশ চাপ নিয়েই গতকাল ক্রিজে এসেছিলেন রায়না। তবে খেলেছেন দুর্দান্ত। শুরুটা ধীরগতির হলেও ভারতকে প্রত্যাশার চেয়ে বেশি রান এনে তিনি। প্রথম ১০ ওভারে ভারতের সংগ্রহ ছিল মাত্র ৬০ রান। ভাবা হচ্ছিল, বড়জোর ১৫০ পার করতে পারবে মহেন্দ্র সিং ধোনির দল। তবে ব্যাটে ঝড় তোলে রায়না এদিন ভারতীয় দলের ইনিংস নিয়ে গেছেন ১৮৬ পর্যন্ত! ধন্যবাদ দিতেই হয় আইপিএলে চেন্নাই সুপার কিংসের ২৩ বছর বয়সী এ মারকুটে ব্যাটসম্যানকে।