ইতোর মুক্ত ডানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারে মরিনহোর অধীনে যেন নিজেকে হারিয়েই ফেলেছিলেন। মরিনহো চলে যেতেই ডানা মেলে উড়তে শুরু করেছেন স্যামুয়েল ইতো। লিখেছেন খলিলুর রহমানবার্সেলোনা আর মরিনহোর ওপর ক্ষোভ মেটানোর প্রতিজ্ঞাই করেছেন স্যামুয়েল ইতো?ইন্টার মিলানকে ক্লাবের ইতিহাসে প্রথমবার ‘ট্রেবল’ জিতিয়েই হোসে মরিনহো নাম লেখান রিয়াল মাদ্রিদে। পর্তুগিজ এই কোচের বিদায়ে সেদিন সানসিরো স্তব্ধই হয়ে পড়েছিল বলতে পারেন। ক্লাব সভাপতি মাসিমো মোরাত্তি থেকে শুরু করে সমর্থক, খেলোয়াড়—মরিনহোর হঠাৎ বিদায় হয়তো স্বপ্নেও ভাবেননি কেউ। বিদায়ের করুণ রাগিণী ঘিরে ধরেছিল খেলোয়াড়দের। মিলিতো-মাইকন-জানেত্তি-স্নাইডাররা নির্জনে চোখের জল ফেলেননি, এমন নিশ্চয়তাই বা কে দেবে! প্রিয় কোচের বিরহে কম-বেশি শোক করেছেন সবাই। তবে ইন্টারের শোকমিছিলে সেদিন একজন ফেলেছিলেন স্বস্তির নিঃশ্বাস, স্যামুয়েল ইতো।গত মৌসুমে ইতোকে দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলিয়ে মরিনহো যে তাঁর প্রতিভারই অমর্যাদা করেছেন! মরিনহোর পরিকল্পনায় এক নম্বর স্ট্রাইকার ছিলেন আর্জেন্টাইন তারকা ডিয়েগো মিলিতো। মূলত স্ট্রাইকার হলেও মরিনহো তাঁকে খেলিয়েছেন নিচে। কখনো শুরুর একাদশে, কখনো বদলি হিসেবে ইতোকে ব্যবহার করেছেন মরিনহো। তিনবারের আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের এই মূল্যায়ন!পারফরম্যান্সেও তাই এর প্রভাব ছিল স্পষ্ট। আগের মৌসুমে বার্সেলোনায় যিনি করে এসেছিলেন ৩৪ গোল, সেই ইতো ইন্টারের ইতিহাস গড়া মৌসুমে কিনা ৪৭ ম্যাচে করলেন মাত্র ১৬ গোল! পাছে কোচের বিপক্ষে কথা বলায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে, তাই নীরবে সয়ে গেছেন সব অবহেলা, মুখে রা পর্যন্ত করেননি ২০০৬ চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়। ভেতরের ক্ষোভ ভেতরেই লালন করে গেছেন বছরজুড়ে। যিনি চলে গেছেন, তাঁকে আর পরোয়া কেন? মনের গহিনে জমিয়ে রাখা ক্ষোভের বোমাটা তাই ইতো ফাটিয়ে দেন মরিনহোর রিয়াল-গমনের পরই, ‘আমি খুশি যে তিনি আর এখন ইন্টারে নেই।’ইতো জানেন মুখ নয়, উত্তম জবাব হলো গোল। সত্যিকার জবাবটা দিতে হবে মাঠে। মরিনহোর বিদায়ে অনুপ্রাণিত ইতো জবাবটা দিতেও শুরু করেছেন। জবাবের প্রথম সবটা বুঝি ইতিমধ্যে দেওয়াও হয়ে গেছে। এই মৌসুমে এরই মধ্যে ১৪ ম্যাচেই করে ফেলেছেন ১৬ গোল! এর ৭টিই চ্যাম্পিয়নস লিগে, মোটে চার ম্যাচে। এর মধ্যে আছে হ্যাটট্রিক-কীর্তিও, জার্মান ক্লাব ভেরডার ব্রেমেনের বিপক্ষে। মাদ্রিদে বসে মরিনহো কি নিজের ভুলটা বুঝতে পারছেন?মরিনহো অনুশোচনা না করুন। ইতো কিন্তু সময়-সুযোগ হলেই স্মরণ করেন সাবেক গুরুর নাম। সময়-সুযোগ হওয়া মানে গোল পাওয়া। গত মঙ্গলবার যেমন চ্যাম্পিয়নস লিগে টটেনহামের বিপক্ষে গোল করে আরেকবার সাবেক গুরুর নাম নিলেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার। যদিও তাঁর দল ইন্টার ইংলিশ দলটির কাছে হেরে গেছে ৩-১ গোলে। ইতোর মুখে মরিনহো-স্তুতি একটু বিস্ময়কর বটে, তবে এবার আর ক্ষোভ প্রকাশ বা অভিযোগের তীর না ছুড়ে ইতো মরিনহোকে ভাসালেন প্রশংসায়ই। বলেছেন, ইন্টারের হয়ে এবারও যদি চ্যাম্পিয়নস লিগ জিততে পারেন, সবার আগে ধন্যবাদ জানাবেন মরিনহোকে। এই কথাটা যদি খোঁচা মনে করেন, তবে পরক্ষণেই ভেঙে যাবে সেই ভুল। কারণ এরপরই ইতো বলেছেন, মরিনহোর কৌশল অসাধারণ, মরিনহো না এলে ইন্টার কখনোই চ্যাম্পিয়নস লিগ জিততে পারত না।শুধু কি তাই? ইতো বলছেন, ‘তিনি অনেক বড় অনুপ্রেরণার উৎস।’ এই যে মাঠে নেমেই ভাসছেন গোল আনন্দে, এটাও নাকি মরিনহোর অবদান। তবে এটাও বলেছেন, ‘আমি আবার স্ট্রাইকার হিসেবে খেলতে পারছি বলে দারুণ খুশি।’শুধু মরিনহো নয়, ইতোর এই অগ্নিজ্বলা পারফরম্যান্স যেন ঠাট্টার হাসি হাসছে বার্সেলোনার দিকে চোখ করেও! টানা পাঁচটি মৌসুম কাটিয়েছেন স্পেনের ক্লাবটিতে। পাঁচ বছরে বার্সাকে জিতিয়েছেন ৩টি লিগ শিরোপা, দুবার চ্যাম্পিয়নস লিগ, তিনবার স্প্যানিশ সুপার কাপ, একবার কোপা দেল রে। পাঁচ মৌসুমে ১৬৩ ম্যাচে করেছেন ৬৯ গোল। ২০০৬-এ চ্যাম্পিয়নস লিগ, লা লিগা—দুটোরই সর্বোচ্চ গোলদাতা। অথচ শেষ বছরে এই ইতোকে নিয়েই বার্সেলোনা খেলল পরিহাসের খেলা! ৫২ ম্যাচে ৩৬ গোল, এমন একটি মৌসুম শেষ করার পরও কিনা বার্সেলোনা থেকে ইতোকে ইন্টারে আসতে হয় অপমানের বোঝা মাথায় নিয়ে। ইন্টার মিলান থেকে সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচকে দলে ভেড়ায় বার্সেলোনা। বিনিময়ে বার্সা দেয় ইতোকে, সঙ্গে ৪ কোটি ৬০ লাখ ইউরো। সমীকরণটা এমন, ইব্রাহিমোভিচ = ইতো + ৪ কোটি ৬০ লাখ ইউরো!আফ্রিকান নেশনস কাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ইতোর বার্সেলোনা থেকে এমন বিদায়টা প্রাপ্য ছিল না মোটেও। এই অবহেলার, নির্মম ঠাট্টার জবাব হয়তো গত মৌসুমেই দিতে পারতেন আফ্রিকার অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু মরিনহোর নীতি তাঁকে ছুটতে দেয়নি বলগা হরিণের মতো।মরিনহোর পর ইন্টারের কোচ হয়ে এসেছেন রাফায়েল বেনিতেজ। ইন্টারে ইতোই এখন বেনিতেজের তুরুপের তাস। মরিনহোর নীতি ইতোকে বেঁধে রেখেছিল এক পাশে। বেনিতেজের নীতি তাঁকে করেছে স্বাধীন। আর স্বাধীনতা পেয়ে ইতোও উড়তে শুরু করেছেন বলগা হরিণ হয়ে। নতুন কোচের সঙ্গে ক্যামেরুনের সর্বোচ্চ গোলদাতার সম্পর্কটাও গড়ে উঠেছে দারুণ। সাবেক লিভারপুল কোচ বেনিতেজ তো এর মধ্যেই বলে দিয়েছেন, ‘ইতো ইন্টারের সাফল্যের সৌন্দর্য।’ কোচের আস্থার প্রতিদান মাঠে দিচ্ছেন। খানিকটা দিতে চেষ্টা করছেন মুখেই, ‘বেনিতেজ কোচ হিসেবে অসাধারণ।’কোচকে বলছেন অসাধারণ। নিজেকে বলছেন ‘নিখুঁত’। নিজে বলেছেন বলেই দম্ভোক্তি বলে উড়িয়ে দেওয়ারও উপায় নেই। ক্যামেরুনের তো বটেই; বোদ্ধারা মেতেছে, ইতো আফ্রিকার সর্বকালের সেরা খেলোয়াড় কি না, সেই আলোচনায়। বয়স মাত্রই ২৯। আলোচনাটা আরও বেগবান করার আরও অনেক সময়ই পাবেন ইতো। তবে তাঁর বর্তমান লক্ষ্যটা নিশ্চয়ই কোচের বেঁধে দেওয়া মৌসুমে ৩০ গোলের লক্ষ্য পেরিয়ে যাওয়া আর ক্লাবকে শিরোপা জেতানো!