ইথেফনের ব্যবহার বাড়ছে, কার্বাইডও আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজোড়া আগাম বাজার ধরার জন্য কাঁচা আম, কলা ও পেঁপে কৃত্রিমভাবে পাকানো হচ্ছে ইথেফন আর ক্যালসিয়াম কার্বাইড দিয়ে। নরসিংদী, ঝিনাইদহ ও গাইবান্ধায় কলা ও পেঁপে পাকাতে মূলত নানা নামে বাজারে চলতি বৃদ্ধি-সহায়ক জৈব-রাসায়নিক ইথেফন ছিটানো হচ্ছে। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে আম পাকাতে ইথেফনের পাশাপাশি রাসায়নিক ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহার চলছে। তবে মাঠের তথ্য বলছে, ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহার আগের চেয়ে কমেছে। ফল পাকানোর কাজে এর ব্যবহার নিষিদ্ধ। কৃষক ও ব্যবসায়ীরা এ কাজে ব্যবহূত অন্য যেসব ওষুধের নাম বলেছেন, তার কিছু অবশ্য বৈধ বৃদ্ধি-সহায়ক বা পিজিআরের সর্বশেষ তালিকাটিতে নেই। তবে তালিকায় এগুলোর কাছাকাছি নাম রয়েছে। এসব ওষুধ এঁরা কিনছেন স্থানীয় কীটনাশকের দোকানগুলো থেকে। বিক্রেতারাই ওষুধ প্রয়োগের মাত্রার ধারণা দিচ্ছেন। কোনো কর্তৃপক্ষের নজরদারি চোখে পড়েনি। বিক্রেতাদের কেউ কেউ বলছেন, তালিকাবহির্ভূত ওষুধগুলো সীমান্ত দিয়ে চোরাপথে আসছে। আম ও কলায় রাসায়নিক দেওয়া হচ্ছে গাছ থেকে পাড়ার পর। বেশি দিচ্ছেন ফড়িয়া-পাইকারেরা। চাষি বা ফড়িয়ারা নিজেরা সাধারণত এভাবে পাকানো ফল খান না। এদিকে বিভিন্ন কীটনাশক এবং পাকানোর জন্য রাসায়নিক প্রয়োগ করছেন মূলত মজুরেরা, কোনোরকম সুরক্ষামূলক ব্যবস্থা না নিয়ে। আমে ইথেফন ও কার্বাইড: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়েস্টেশনের সামনের বাজারটি আমের বাজার হিসেবে প্রসিদ্ধ। রহনপুর আম ব্যবসায়ী সমিতির সহসভাপতি আইনুল হকের দাবি, এখানে আম পাকাতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না। তবে নাম গোপন রাখার নিশ্চয়তা চেয়ে এখানকার কয়েকজন আম ব্যবসায়ী বলেছেন, চৌডালার চোরাকারবারিদের মারফত এখানে গোপনে পাথরের মতো শক্ত একধরনের রাসায়নিক দ্রব্য আসে। জেলার বাইরে থেকে আসা কিছু আমের ব্যাপারি এগুলো আমের ঝুড়িতে ঢুকিয়ে ঢাকা-চট্টগ্রাম পাঠান। অনেকের ধারণা, এটি ক্যালসিয়াম কার্বাইড। এ ছাড়া, পুরোনো একজন আম ব্যবসায়ী বাজারের পান-সিগারেটের দোকান থেকে আম পাকানোর কাজে ব্যবহূত প্রোলং নামের এক বোতল তরল রাসায়নিক এনে দেন। তিনি বলেন, রাতের বেলায় কিছু আড়তে এটা পানিতে মিশিয়ে আমে ছিটানো হয়। বোতলটির গায়ে লেখা আছে, ‘ইথেফন ৪০% ডব্লিউ/ ডব্লিউ’ । আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের (আম গবেষণাকেন্দ্র) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফল পরিপুষ্ট হওয়ার পর গাছে থাকতেই বৃদ্ধি-সহায়ক ছিটানোর নিয়ম। গাছ থেকে পাড়ার পর ফলে এসব ছিটানো কোনোমতেই ঠিক নয়। দিনাজপুরের ভাদুরিয়া বাজার এবং জেলা শহরের বিভিন্ন আড়তে ফড়িয়াদের ঘরে কাজ করেন আবদুল, নকিব ও চান। তাঁরা জানান, কাঁচা আম পাকানোর জন্য ধূসর রঙের একধরনের পাউডার পানির সঙ্গে মিশিয়ে আমের ওপর ছিটানো হয়। কখনো আড়তের ঘরের মেঝেতে কাগজ বিছিয়ে সেই পাউডার ছিটিয়ে দিয়ে তার ওপর আম সাজানো হয়। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক বিধানচন্দ্র হালদার প্রথম আলোকে বলেন, এটা আসলে ক্যালসিয়াম কার্বাইড।ভাদুরিয়া টুপিরহাটের আড়তদারেরা বলেন, মে মাসের মাঝামাঝি ফড়িয়ারা পাকা আম এনে আড়তে বেচতেন। তখন আম পাকার সময় নয়। তবে ফড়িয়ারা দাবি করেন, তাঁরা ওষুধ দিয়ে পাকাতেন না।সাতক্ষীরা থেকে ইদানীং আম বাণিজ্যিকভাবে সারা দেশে বাজারজাত করা হচ্ছে। নানা জাতের আমের চাষও হচ্ছে অনেক। জেলায় কমপক্ষে ২৫টি বাজারে দুই শতাধিক আড়তদার আছেন। এঁরা মৌসুমের শুরু থেকে টাকা লগ্নি করেন। এঁদের খাতক আম ব্যবসায়ীরা গাছে মুকুল আসা শুরু হলে আমের বাগান কেনা শুরু করেন। মে মাসের শুরুতে বেশি মুনাফার আশায় ব্যবসায়ীরা অপুষ্ট আম পেড়ে আড়তে মজুদ করেন। তাতে ইথেফন ছিটালে ১২ ঘণ্টার মধ্যে সব আম একসঙ্গে পেকে যায়। রংও হয় লোভনীয়। এদিকে আম ব্যবসায়ীরা দাবি করছেন, এখন তাঁদের ৮০ ভাগই ইথেফন দিয়ে আম পাকাচ্ছেন। সাতক্ষীরা শহরের ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, বছর তিনেক আগে এ অঞ্চলে আম ও অন্যান্য ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইডই ব্যবহার করা হতো। এখন তা কমে গেছে। সাতক্ষীরার জেলা পরিচ্ছন্নতা পরিদর্শক আবুল হাসেম প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে তাঁরা কালীগঞ্জ, আশাশুনি ও ভোমরায় রাসায়নিক দিয়ে পাকানো ফল নষ্ট করেছেন এবং সংশ্লিষ্টদের জরিমানা করেছেন। সাতক্ষীরা বড় বাজারের এক ব্যবসায়ীর দোকান থেকে আড়াই কেজি কার্বাইড জব্দ করা হয়েছে। ব্যতিক্রমও আছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে চাষিরাই সরাসরি আম বেচেন। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত জমজমাট এ বাজার এখন রাজশাহী-ঢাকা মহাসড়ক অবধি সম্প্রসারিত হয়ে পড়েছে। কৃষকেরা ভটভটি ও ভ্যানের ওপর আম রেখে বেচাকেনা করেন। আম চাষি মঞ্জুর রহমান বলেন, এই হাটে পাকা আম বিক্রির কোনো প্রতিযোগিতা হয় না। এখানে গাছ থেকে পেড়ে আনা কষযুক্ত আম বিক্রি করা হয়। এ জন্য কোনো রাসায়নিক ব্যবহারের দরকার পড়ে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর গত ১৬ জুন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বানেশ্বর হাটের আমকে রাসায়নিকমুক্ত ঘোষণা করেছেন।ইথেফন দিয়ে পাকানো হচ্ছে কলা ও পেঁপে: নরসিংদীর বেলাব, মনোহরদী ও শিবপুর উপজেলায় প্রমোর ও রাইসেন দিয়ে কলা ও পেঁপে পাকানো হচ্ছে। বোতলগুলোর গায়ে কোম্পানির নাম নেই। বৈধ বৃদ্ধি-সহায়কের তালিকায় এগুলোর কাছাকাছি নাম প্রোমোট ও রাইজার। পেঁপেগাছে থাকতে পাকানোর ওষুধ দেন চাষিরা আর কলা পাকান পাইকারেরা। বেলাব উপজেলার নোয়াকান্দি, কাঙ্গালিয়া ও বটিবন এলাকার চাষিরা জানান, পেঁপে গাছপাকা হতে সাড়ে তিন মাস লাগে। দুই মাস পেরোলেই তাঁরা ওষুধ দেন। বাজারে পাকা পেঁপের দাম হঠাৎ বেড়ে গেলে তড়িঘড়ি এ কাজটি করা হয়। কৃষকেরা এক লিটার পানিতে ১০০ গ্রাম হিসেবে প্রমোর ও রাইসেন মেশান। এই দ্রবণে পাতলা কাপড় ভিজিয়ে গাছে ঝুলন্ত পেঁপের চারদিকে ঘষা দিলে একদিনের মধ্যেই ফলে রং ধরে। ঘষা-লাগা অংশ হলুদ হয়ে দুই দিন নাগাদ পেঁপে আধ-পাকা চেহারা নেয়, সতেজ ও গাছপাকা দেখায়। এর দামও বেশি মেলে। তবে বেলাব উপজেলার কাঙ্গালিয়া গ্রামের বৃদ্ধ হাসান আলী জানান, চাষিরা নিজেরা খান বাড়ির আশপাশের গাছপাকা পেঁপে। কলার ক্ষেত্রে পাইকারেরা আড়তে নিয়ে রাসায়নিক মেশানো গামলাভর্তি পানিতে পুরো ছড়ি কিছুক্ষণ চুবিয়ে রাখেন। তারপর একটি ঘরে নিয়ে সেগুলো পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। এক কোণে একটি পাত্রে তুষের আগুন ও ধোঁয়া করে ঘরটি বন্ধ করে দিলে দ্রুত কলা পেকে যায়। ঝিনাইদহের কলা ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন এ জেলা থেকে কমপক্ষে আট-দশটা ট্রাকবোঝাই কলা দেশের বিভিন্ন স্থানে যায়। ফড়িয়ারা সদর, কোটচাঁদপুর, মহেশপুর ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি মোকাম থেকে ট্রাকে তুলে কলার গায়ে রাইপেন, রাইজার ও ইথেরন ছিটান। প্রথম দুটি ওষুধের নাম বৈধ বৃদ্ধি-সহায়কের তালিকাভুক্ত। মোকামগুলোর মধ্যে রয়েছে মহেশপুরের খালিশপুর, কালীগঞ্জের কলাবাজার, সদর উপজেলার ডাকবাংলা বাজার ও কোটচাঁদপুরের সাবদালপুর বাজার। গাইবান্ধার পলাশবাড়ী ও ধাপেরহাটে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর কলার হাট বসে। এখানকার কলায় মূলত রাইপেন, প্রফিট ও প্রমোট নামের ইথেফন মেশানো পানি ছিটানো হয়। কাজটা করান ফড়িয়ারা। পলাশবাড়ী উপজেলার মহদিপুর গ্রামের কলা ব্যবসায়ী অনিল চন্দ্র বলেন, ‘রং উজ্জ্বল ও দেখতে ভালো না হলে ক্রেতারা কলা কিনতে চায় না। সে জন্য এবং কলা দ্রুত পাকাতে আমরা ওষুধ ব্যবহার করি।’ রাসায়নিকের দরদাম: সাতক্ষীরার বিভিন্ন বাজারের নির্দিষ্ট দোকানে গোপনে ক্যালসিয়াম কার্বাইড বিক্রি হয়। নাম প্রকাশ না করার শর্তে এক দোকানদার জানান, এক কেজি কার্বাইড তিনি ১৫০-২০০ টাকায় বিক্রি করেন। এটা ভারত থেকে চোরাপথে আসছে। ঝিনাইদহে রাইপেনের ৫০ গ্রামের একটি বোতলের গায়ে লেখা দাম ১০৪ টাকা। তবে এটা বিক্রি হয় ৭০ টাকায়। এক বোতলে ২০০ কাঁদি কলা পাকানো যায়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা, চণ্ডীহারা, উথলী ও মহাস্থানগড় এলাকায় দোকানিরা অপরিচিত কাউকে এসব রাসায়নিক দেন না। ভারতে তৈরি ৫০ মিলিলিটারের এক বোতল রাইপেন বা ইভাফোন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এটা চার-পাঁচ শ কাঁদি কলায় ছিটানো যায়। গাইবান্ধার স্থানীয় বাজারে ১০০ মিলিলিটার রাইপেন ও প্রফিটের বোতলের দাম যথাক্রমে ১১০ টাকা ও ২২০ টাকা। প্রমোটের ৫০ মিলিলিটারের বোতল পাওয়া যায় ১৩৫ টাকায়। ফড়িয়ারা পানিতে রাইপেন মেশানোর মাত্রা ঢাকার মহাজনদের কাছ থেকে জেনেছেন। এক বড় পাত্র দ্রবণ ছিটানোর শ্রমিকদের মজুরি ৫০ টাকা।প্রয়োগকারীর স্বাস্থ্যঝুঁকি: বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের প্রধান এ বি এম আব্দুল্লাহ প্রথম আলোকে বলেন, গাছে বা ফলে কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক প্রয়োগকারীদের প্রত্যক্ষ স্বাস্থ্যঝুঁকি রয়েছে। যাঁরা ক্যালসিয়াম কার্বাইড নাড়াচাড়া করেন, তাঁদের চুলকানি ও চর্মরোগ থেকে শুরু করে অস্থিমজ্জার ক্ষতি হয়ে রক্তশূন্যতার সমস্যা দেখা দিতে পারে। ফরমালিন প্রয়োগকারীদের চুলকানি ও ফুসফুসের সংক্রমণ হতে পারে; ক্যানসারের ঝুঁকিও থাকে। এ ছাড়া কিডনিসহ জরুরি অঙ্গের ক্ষতি হতে পারে। এসব প্রয়োগের সময় প্রয়োগকারীদের অবশ্যই মুখোশ, দস্তানা ও চশমা পরা দরকার। বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু সালেহ দ্বীন মোহম্মাদ বলছেন, রাসায়নিক ছিটানোর সময় মুখোশ বা দস্তানা পরা ছাড়াও গায়ে মোটা কাপড়ের ওপর পলিথিন জড়াতে হবে। কাজ শেষে সাবান দিয়ে ভালো করে হাত-মুখ ধুতে হবে। তিনি বলেন, হাত-মুখ খোলা রেখে রাসায়নিক বা কীটনাশক ছিটালে সর্দি-কাশি, বমি, মাথাব্যথা ও অরুচি হতে পারে। নাক-মুখ দিয়ে পানি পড়াসহ অ্যালার্জি ও চর্মরোগ হতে পারে। সাতক্ষীরা সদর উপজেলার তজুলপুর গ্রামের আম চাষি ওয়াজেদ আলী জানান, মুকুল আসার আগে ও পরে তাঁরা গাছে সাইপারমেথ্রিনজাতীয় বিভিন্ন রাসায়নিক কীটনাশক ছিটিয়ে থাকেন। বিহারীনগর গ্রামের মোক্তার আলী, মিন্টু রহমান এবং মহনপুর গ্রামের আবু দাউদ ও আজিজুল ইসলাম জানান, তাঁরা বিভিন্ন কীটনাশক এবং ইথেফন পানিতে মেশান খালি হাত দিয়ে। ছিটানোর সময়ও খালি হাতে খোলা মুখে কাজ করেন। এসব গায়ে লাগলে চুলকায় ও জ্বালা করে। ভাড়ুখালি গ্রামের অজয় মণ্ডল জানান, কীটনাশক চোখে লাগায় তিনি দীর্ঘদিন ভুগেছেন। বগুড়ার শিবগঞ্জের চণ্ডীহারা মণ্ডলপাড়া গ্রামের শাকিল আহমেদের (৩২) পেশা কলার কাঁদিতে রাসায়নিক দ্রবণ ছিটানো। কাঁদিপ্রতি তিনি দুই টাকা পান; সময় লাগে বড়জোর দুই মিনিট। এভাবে তিনি দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা আয় করছেন। তিনি সম্পূর্ণ খোলা হাতে-মুখে কাজ করেন। এলাকার অন্তত ১২ জন লোক এই কাজে নিযুক্ত আছেন। তাঁদের বেশির ভাগই স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন নন। [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন সুমন মোল্লা, ভৈরব; আজাদ রহমান, ঝিনাইদহ; আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ; কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা; শাহাবুল শাহীন, গাইবান্ধা ও জামিল আহমেদ, শিবগঞ্জ (বগুড়া)]