ইনজুরিতে বেকহামের বিশ্বকাপ শেষ
ডেভিড বেকহামের স্বপ্ন ছিল ইংল্যান্ডের পক্ষে চতুর্থ বিশ্বকাপে অংশ নেওয়ার। কিন্তু গোড়ালির ইনজুরি তাঁর সেই স্বপ্নকে ধুয়ে-মুছে একাকার করে দিল। গতকাল রোববার এসি মিলানের হয়ে ইতালীয় ‘সিরি আ’র একটি ম্যাচে ফ্রি কিক করার সময় হঠাত্ই তিনি ব্যথায় ককিয়ে ওঠেন। ধারণা করা হচ্ছে, ডেভিড বেকহামের গোড়ালির পেছনের হাড়টি ভেঙে গেছে। এই ইনজুরি আগামী ১১ জুন থেকে দক্ষিণ আফ্রিকাতে শুরু হতে যাওয়া বিশ্বকাপ থেকে এক প্রকার ছিটকেই দিয়েছে বেকহামকে। কারণ, এই ইনজুরি থেকে মুক্তি মিলতে তাঁর সময় লাগবে চার থেকে পাঁচ মাস। তত দিনে বিশ্বকাপ শেষ। গতকাল রোববার ‘সিরি আ’তে এসি মিলানের খেলা ছিল শিয়েভোর বিপক্ষে। ম্যাচটিতে এসি মিলান ১-০ গোলে জয় পায়। খেলার একপর্যায়ে বেকহাম ফ্রি কিক নেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাত্ই গোড়ালির প্রচণ্ড ব্যথায় হাত উঁচিয়ে নিজেকে মাঠ থেকে তুলে নেওয়ার আহ্বান জানান। ৩৪ বছর বয়স্ক ডেভিড বেকহাম এবারই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি থেকে এসি মিলানে ধারে খেলতে এসেছিলেন। ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে ঢোকার প্রত্যয়ে প্রাণপণ পরিশ্রম করছিলেন তিনি। কারণ, এবার ডেভিড বেকহামের জায়গায় ইংল্যান্ড দলে রয়েছেন বেশ কয়েকজন ভালো খেলোয়াড়। তাই দলে ঢুকতে তাঁকে যে বেশ পরিশ্রম করতে হবে তা তিনি জানতেন।ডেভিড বেকহাম ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করার অনন্য গৌরবের অধিকারী। ১১৫ বার তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন। এমন রেকর্ড নেই ফুটবলের জনক ইংল্যান্ডের অনেক রথী-মহারথী তারকারই। তিনি ১৯৯৮, ২০০২ ও ২০০৬-এর বিশ্বকাপে ইংল্যান্ডের পক্ষে খেলেছেন। ২০০২ সালের বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার কয়েক মাস আগেও বেকহাম মারাত্মক ইনজুরিতে পড়েছিলেন। তবে নিবিড় পরিচর্যায় তিনি শেষ অবধি সেই আসরে খেলেছিলেন। ২০০৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। ইনজুরির কারণে বেকহামকে সেই ম্যাচের একপর্যায়ে তুলে নিতে হয়েছিল।