ইনজেকশন দেখলে ভয় পাচ্ছে পরাগ মণ্ডল
ইনজেকশন দেখলেই ভয়ে আঁতকে উঠছে শিশু পরাগ মণ্ডল। নার্স তার বাবাকে জানিয়েছেন, ইনজেকশন দেখলেই পরাগ উচ্চ স্বরে কাঁদছে। পরাগ বাবাকে বলেছে, ইনজেকশন নিয়ে নার্স তাকে মারতে আসে।ছেলের এ অবস্থায় বাবা বিমল মণ্ডল উদ্বিগ্ন। আজ শনিবার স্কয়ার হাসপাতালের শিশু বিভাগের সামনে পরাগের বাবা বিমল মণ্ডল প্রথম আলোকে এ কথা বলতে বলতে কেঁদে ফেলেন।এ ব্যাপারে জানতে চাইলে পরাগকে তত্ত্বাবধানকারী স্কয়ার হাসপাতালের শিশু বিভাগের চিকিত্সক মো. মাসুদুর রহমান বলেন, শারীরিক অবস্থার উন্নতির জন্য পরাগকে ইনজেকশন দিতে হয়। আসলে অপহরণের পর মাত্রাতিরিক্ত ইনজকেশন প্রয়োগ করায় তার মধ্যে ভয় কাজ করছে। এখন তার অবস্থার উন্নতি হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে এখন ওয়ার্ডে পাঠানো হয়েছে।এদিকে পরাগের অপহরণ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রিমান্ডে থাকা রিজভি আহমেদ, আলফাজ, আবুল কাশেম ও মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদ চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে দু-একজন কিছু তথ্য দিলেও অন্যরা মুখ খুলছে না। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। কেরানীগঞ্জ থানার পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত করছে। তদন্ত তদারক কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, পরাগ অপহরণের মূল পরিকল্পনাকারী আমির আলী। তাঁকে গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত আছে।১১ নভেম্বর কেরানীগঞ্জের শুভাঢ্যার পশ্চিমপাড়ায় মা, বোন ও গাড়িচালককে গুলি করে মোটরসাইকেলে বসিয়ে শিশু পরাগ মণ্ডলকে অপহরণ করে একদল দুর্বৃত্ত।