ইনামুল হকের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে সমবেত নৃত্য দিয়ে গতকাল শুক্রবার ছায়ানট মিলনায়তনে শুরু হয়েছিল নাট্যব্যক্তিত্ব ইনামুল হকের সংবর্ধনা অনুষ্ঠান। তাঁর একুশে পদক প্রাপ্তিতে নাগরিক নাট্যাঙ্গন এ আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন নাট্যজন আতাউর রহমান। একগুচ্ছ রজনীগন্ধা ফুল দিয়ে তিনি ইনামুল হককে শুভেচ্ছা জানান। নাগরিক নাট্যাঙ্গনের পক্ষ থেকে লাকী ইনাম তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। এরপর বিভিন্ন সংগঠন ও ব্যক্তি তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও অভিনন্দনপত্র পাঠ করেন। কবি শামসুর রাহমানের ‘দুঃসময়ের মুখোমুখি’ কবিতা আবৃত্তি করেন বেলায়েত হেসেন। ইনামুল হকের সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনান হূদি হক। আতাউর রহমান বলেন, ‘ইনামুল হক ও লাকী ইনাম—দুজনই আমাদের দীর্ঘ দিনের বন্ধু। নাগরিক নাট্য সম্প্রদায়ে তাঁর নাট্য অভিযাত্রা শুরু হয় দলের প্রথম প্রযোজনা মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকের মাধ্যমে। এখানেই তিনি বাচস্পতি চরিত্রে মনোমুগ্ধকর অভিনয় করেছিলেন। অর্ধ শতাব্দী ধরে তিনি মঞ্চনাটকের অন্যতম পথিকৃত। তাঁর একুশে পদক প্রাপ্তি আমাদের সবাইকে আনন্দিত করেছে।’ আনুষ্ঠানিকতা শেষে মঞ্চে নাগরিক নাট্যাঙ্গন রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তির উপায় নাটকটি মঞ্চস্থ করে। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম।