ইনিংস পরাজয় এড়ানোর লড়াই দক্ষিণ আফ্রিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ইনিংসে চার সেঞ্চুরি। শেবাগ, শচীন, লক্ষ্মণ ও ধোনি। ভারতের ব্যাটিংয়ের ৪ স্তম্ভ দক্ষিণ আফ্রিকাকে কলকাতা টেস্টে অনেকটাই পিছিয়ে দিয়েছেন। আজ তৃতীয় দিন শেষে ভারত দক্ষিণ আফ্রিকা থেকে ৩৪১ রানে এগিয়ে। এখনো টেস্টের পুরো দুই দিন বাকি। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য, যেকোনো মূল্যে টেস্টের পরিণতি অমীমাংসায় নিয়ে যাওয়া। আর ভারত চাইবে, যত তাড়াতাড়ি প্রোটিয়াসদের দ্বিতীয় ইনিংস শেষ করে দিতে। কারণ, এই টেস্টে ড্র আর ভারতের জয় ছাড়া আর কোনো পরিণতি নেই।আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান ভি ভি এস লক্ষ্মণ ও অমিত মিশ্র আজ বড় লক্ষ্য নিয়েই ইনিংস শুরু করেছিলেন। কিন্তু দিনের একেবারে শুরুতেই দলীয় ৩৮৪ রানের মাথায় আউট হন মিশ্র। এরপর লক্ষ্মণের সঙ্গী হন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই দুই ব্যাটসম্যান ক্রিজে কাটিয়ে দেন গোটা দিনটাই। ফলে দুজনের নামের শেষে যুক্ত দুটি শতরান আর ভারত দক্ষিণ আফ্রিকার চেয়ে অবস্থানে অনেকটাই সুবিধাজনক জায়গায়।দক্ষিণ আফ্রিকার বোলারদের বোলিং পরিসংখ্যানই বলে দিচ্ছে সবকিছু। শীর্ষস্থানীয় প্রোটিয়াস বোলাররা সবাই ১০০ রানের ওপর করে খরচ করেছেন। স্টেইন ১১৫ রানে পেয়েছেন ১টি উইকেট, মরকেল ১১৫ রানে ২টি উইকেট আর হ্যারিস ১৮২ রানে পেয়েছেন ১টি উইকেট। ডুমিনি গতকাল শেবাগের উইকেটটি দখল করে উত্সাহিত হয়ে আজ সারা দিন আরও ১৪ ওভার বল করলেন কিন্তু তাঁর খরচ ৭৩ রান।ভারত শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৬৪৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকাও শুরু করেছে টিকে থাকার লড়াই। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা কোনো উইকেট না হারিয়ে ৬ রান সংগ্রহ করে।ইনিংস পরাজয় এড়াতে দক্ষিণ আফ্রিকার এখনো ৩৪১ রান প্রয়োজন। হাতে রয়েছে এখনো গোটা ব্যাটিং লাইনআপ। দক্ষিণ আফ্রিকা কত দূর যেতে পারে, এখন দেখার বিষয় সেটাই। সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা ৬/০ ও ২৯৬ভারত ৬৪৩/৬ (ডিক্লেয়ার)দক্ষিণ আফ্রিকা ৩৪১ রানে পিছিয়ে। হাতে রয়েছে ১০ উইকেট