ইনুর বক্তব্য নিয়ে সংসদে হইচই, বিরোধী দলের ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেফটেন্যান্ট কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রায় প্রসঙ্গে বক্তব্যকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ব্যাপক হইচই ও হট্টগোল হয়েছে। আদালতের রায় উদ্ধৃত করে জাসদের হাসানুল হক ইনু তাঁর বক্তব্যে জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি বলায় বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। স্পিকার ‘খুনি’ শব্দটি এক্সপাঞ্জের ঘোষণা দিলেও তাঁরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। অবশ্য ২০ মিনিট পর তাঁরা সংসদে ফিরে আসেন এবং দিনের কার্যসূচিতে অংশ নেন।রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে শুরুতে হাসানুল হক ইনু বলেন, ‘আজ (মঙ্গলবার) হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। রায়ে আদালত জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি বলে উল্লেখ করেছেন।’ইনুর এ বক্তব্যের সঙ্গে সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক দাঁড়িয়ে শূন্যে ফাইল ছুড়ে মারেন। তিনি উত্তেজিত ভঙ্গিতে ওই বক্তব্য সম্পর্কে স্পিকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। স্পিকার তাৎক্ষণিক ‘খুনি’ শব্দটি এক্সপাঞ্জের ঘোষণা দেন। কিন্তু বিরোধীদলীয় সদস্যরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে চিৎকার-হইচই করতে থাকেন। বিএনপির জ্যেষ্ঠ সদস্য মওদুদ আহমদ ও জমিরউদ্দিন সরকারও দাঁড়িয়ে মাইক ছাড়াই কথা বলার চেষ্টা করেন।এ পরিস্থিতিতেও হাসানুল হক বক্তব্য অব্যাহত রাখেন। কিন্তু হইচইয়ের কারণে তাঁর বক্তব্য শোনা যাচ্ছিল না। বিরোধীদলীয় সদস্যদের মুহুর্মুহু স্লোগান ও টেবিল চাপড়ানোতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বিএনপির নারী সাংসদেরা ‘...চামড়া তুলে নেব আমরা, ডিজিএফআইয়ের দালাল হুঁশিয়ার-সাবধান’ স্লোগান দিতে থাকেন। কয়েকজন সাংসদ তাঁদের হাতের ফাইল ছুড়ে মারেন। এ সময় স্পিকার বারবার ওই শব্দটি এক্সপাঞ্জের ঘোষণা দিলেও বিরোধী দলের সদস্যরা সাতটা ১৮ মিনিটে ওয়াকআউট করেন। তবে ২০ মিনিট পর তাঁরা আবার অধিবেশনকক্ষে ফিরে আসেন।ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা: বিরোধী দলের ওয়াকআউটের পর হাসানুল হক বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বলেন, অসত্য বক্তব্য দিয়ে তিনি চলে গেলেন। সংসদে থাকলে বিরোধীদলীয় নেতা হিসেবে তাঁর ভাতা ও সুযোগ-সুবিধা হালাল হতো। ইউনূসের জন্য বিরোধীদলীয় নেত্রী মায়াকান্না করছেন ষড়যন্ত্রের জাল বোনার জন্য।আলোচনায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে।সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, সংসদের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সবার। যাঁরা সংসদে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেছেন, তাঁদের কৃতকর্মের জন্য জাতির কাছে করজোড়ে ক্ষমা চাইতে হবে।বিএনপির শাম্মী আক্তার বলেন, কর্নেল তাহেরকে বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু সিরাজ শিকদারকে কোন আইনে হত্যা করা হয়েছে?জামায়াতে ইসলামীর সামশুল ইসলাম সরকারের প্রস্তাবিত নারী নীতিকে পবিত্র কোরআনবিরোধী বলে মন্তব্য করেন। বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ওয়ারিদ টেলিকমের শেয়ার হস্তান্তরে দুর্নীতি হয়েছে। আলোচনায় আরও অংশ নেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, শাহরিয়ার আলম, সৈয়দ মোহসীন আলী, বিএনপির এ কে এম হাফিজুর রহমান, শহীদউদ্দিন চৌধুরী প্রমুখ।