ইনুর বক্তব্যের সমালোচনা করলেন নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজেকে মাইনাস করা ছাড়া আপনার আর কোনো ক্ষমতা নেই’—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন। আজ শনিবার বেলা ১১টার দিকে বিএনপির ৩৩ নেতার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকার কিশোরগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত মানববন্ধনে নজরুল ইসলাম খান এ কথা বলেন। গতকাল এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘যুদ্ধাপরাধীদের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন’ অভিযোগ করে তাঁকে রাজনীতি থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তাঁর এই বক্তব্যকে শিষ্টচার-বহির্ভূত উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘আমার মনে হয়, এ বক্তব্য দেওয়ার সময় তিনি হুঁশে ছিলেন না।’এর আগে ১/১১ নিয়ে শেখ হাসিনা যে আশঙ্কা প্রকাশ করেছিলেন—এ ব্যাপারে নজরুল ইসলাম বলেন, আবার যদি এ ধরনের কিছু হয়, তবে এর দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে।মানববন্ধনে ইনুর উদ্দেশে নজরুল ইসলাম বলেন, ‘নৌকা মার্কা নিয়ে নির্বাচনে জিতে আপনি এমন কিছু হয়ে যাননি যে আপনি খালেদা জিয়াকে মাইনাস করতে পারবেন।’ তিনি বলেন, ‘মাইনাস টু আপনারাই হয়ে গিয়েছিলেন। আজ যাঁরা ক্ষমতাসীন, তাঁরাই আপনাদের মাইনাস করে দিয়েছিলেন। আমরা কাউকে মাইনাস করতে চাই না, আপনাকেও না।’