ইন্টারনেট উত্সবে মেতেছে পঞ্চগড়ের শিক্ষার্থীরা
‘দেখব এবার জগত্টাকে’ স্লোগান সামনে রেখে আজ মঙ্গলবার পঞ্চগড়ে শুরু হয়েছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উত্সব। পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শহরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দেবী। তিনি বলেন, ‘বিশ্ব এখন হাতের মুঠোয়। ছাত্রছাত্রীরা ইন্টারনেটের ভালো দিকগুলো গ্রহণ করবে আর মন্দ দিকগুলো পরিহার করবে। আমাদের নিয়মমাফিক চলতে হবে। সরকার যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, তা ইন্টারনেটের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তাই তরুণ প্রজন্মকে ইন্টারনেটের আলোয় উদ্ভাসিত হতে হবে।’রেখা দেবী আরও বলেন, ‘প্রথম আলো আইলাদুর্গতদের পাশে দাঁড়ায়, ভাষা প্রতিযোগ, গণিত অলিম্পিয়াডের আয়োজন করে। সারা দেশে এখন প্রথম আলো-গ্রামীণফোনের মহা উত্সব সমারোহ চলছে। ইন্টারনেট সম্পর্কে আমাদের আরও সচেতনতা বাড়াতে হবে। আর সেই সচেতনতা বাড়ানোর দায়িত্বটা নিয়েছে প্রথম আলো ও গ্রামীণফোন।’উত্সবে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ছাড়াও অংশ নেয় পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, এম আর সরকারি কলেজ, বিপি সরকারি উচ্চবিদ্যালয়, পৌর আদর্শ উচ্চবিদ্যালয়, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ড. আবেদা হাফিজ স্কুল অ্যান্ড কলেজ ও চিনিকল উচ্চবিদ্যালয়। উত্সব আয়োজনে সহযোগিতা করে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও ওয়েব দেখার জনপ্রিয় সফটওয়্যার অপেরা মিনি। সার্বিক সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্য ও গ্রামীণফোনের কর্মকর্তারা।