ইন্টারনেট ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে কাল মঙ্গলবারের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার কর্মসূচি স্থগিত করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। বিদ্যুত্-সচিব আবুল কালাম আজাদের আশ্বাসে এ সিদ্ধান্ত নিয়েছে আইএসপিএবি।আজ সোমবার রাজধানীর রমনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে এবং সচিবালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যথাক্রমে দুই দফা বৈঠক করেন আইএসপিএবির নেতারা। এ সময় বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, আইএসপিএবির সভাপতি আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সচিবালয়ের বৈঠকে বিদ্যুত্-সচিব আবুল কালাম আজাদ আইএসপিএবির নেতাদের কাছে গত শুক্রবার ভুলক্রমে তার কাটার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না। বিশেষ করে আইএসপিএবির প্রতিনিধিদের উপস্থিতি ছাড়া কোনো সড়কে তার কাটা হবে না।সচিব রাজধানীর অন্যান্য সড়কের তার কাটা ও ভূগর্ভস্থ বিতরণ লাইনে প্রবেশের জন্য বিদ্যুত্ মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন বিভাগ) আনোয়ারুল ইসলামের নেতৃত্বে নয় সদস্যবিশিষ্ট একটি কমিটি তৈরি করে দিয়েছেন। কমিটির কারিগরী সদস্য হিসেবে বিটিআরসির মিসেস শারমীন সুলতানা, আইএসপিএবির এমদাদুল হক ও রাশেদ আমিন, সামিট কমিউনিকেশসের মহাব্যবস্থাপক শাহ মিরাজ, ফাইবার এট হোমের কারিগরি বিভাগের গোলাম সারোয়ার, কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার পারভেজ ও অন্য যেকোনো সদস্য, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেড কোম্পানির (বিটিসিএল) একজন স্থানীয় প্রকৌশলী থাকবেন। পরে ডিপিডিসি ও ডেসকোর সদস্যদের এখানে অন্তর্ভুক্ত করা হবে।সচিব জানান, এই কমিটি ভূগর্ভস্থ বিতরণ অবকাঠামো তৈরির পর তা পরীক্ষা-নিরীক্ষা করবে। কমিটির প্রতিবেদনের পরে আইএসপিএ প্রতিষ্ঠানগুলো তাদের সংযোগ মাটির নিচে প্রতিস্থাপিত করবে। এ ছাড়া আইএসপি সংগঠনের অন্যান্য দাবিও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন সচিব।সংগঠনের দাবি, সরকারের প্রস্তাবিত তিনটি প্রধান সড়কে ভূগর্ভস্থ অবকাঠামো তৈরির আগে আর কোনো ফাইবার অপটিক তার কাটা যাবে না। অবকাঠামো সম্পূর্ণ তৈরি হওয়ার পর মাটির নিচে সংযোগ নিয়ে যাওয়ার জন্য আইএসপিএ প্রতিষ্ঠানগুলোকে অন্তত ছয় মাস সময় দিতে হবে। আইএসপিএবি, বিটিআরসি ও অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিবেদন ও ছাড়পত্র ছাড়া ভবিষ্যতে তার কাটা যাবে না এবং কর্তৃপক্ষ একতরফাভাবে কোনো তারিখ নির্ধারণ করতে পারবে না।