ইন্টারনেট-নির্ভর নেতৃত্বহীন আন্দোলন: ব্যর্থতার পাল্লাই ভারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট-নির্ভর আন্দোলন বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে ফেসবুক কিংবা টুইটারের মাধ্যমে সংঘটিত আন্দোলন-বিক্ষোভ সরকারি প্রশাসনে চিন্তার উদ্রেক করতে পেরেছে। এর মধ্যে কতগুলো আন্দোলন সাফল্য পেয়েছে, কতগুলো পায়নি। সাফল্য ও ব্যর্থতার এই মিশ্রণে একটি জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এসব সংঘটিত আন্দোলন একটি নির্দিষ্ট সময়ে আলোড়ন তুললেও দীর্ঘমেয়াদে এগুলোর প্রভাব খুবই সীমিত। এর মূল কারণ নেতৃত্বহীনতা। মিসর ও তিউনিসিয়ায় সরকারবিরোধী আন্দোলন ফেসবুক ও টুইটারের মাধ্যমেই ছড়িয়ে পড়েছিল চারদিকে। থাইল্যান্ডেও একইভাবে রেডশার্ট আন্দোলন সফল হয়েছিল একটা সময়ে। মূলত ফেসবুক ও টুইটারের মাধ্যমে সংঘটিত আন্দোলনের দ্বারাই পতন হয়েছে হোসনি মোবারক ও জয়নাল আবেদিন বেন আলীর দীর্ঘ অপশাসনের। রেডশার্ট কর্মীদের আন্দোলনের ফলেই থাইল্যান্ডে জারি করতে হয়েছিল জরুরি অবস্থা। অন্যদিকে ইরান, সিরিয়া ও লিবিয়াতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট অবলম্বন করে সংঘটিত আন্দোলন কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছে। বরং এ আন্দোলন সিরিয়া ও লিবিয়াকে ঠেলে দিয়েছে এক অনিশ্চয়তার দিকে।একটি নির্দিষ্ট নীতিতে অনুপ্রাণিত কিছু ব্যক্তির সম্মিলনেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে গড়ে ওঠে বিভিন্ন গ্রুপ। সেই গ্রুপগুলো সমর্থক ভিত্তি তৈরি করে বিভিন্ন ধর্মী প্রচার চালায়। ধীরে ধীরে এই গ্রুপগুলোই বড় আন্দোলনের ক্ষেত্র তৈরি করে মানুষকে রাস্তায় নামায়। আধুনিক ও সহজ পদ্ধতি হিসেবে এটি দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বব্যাপী। বিভিন্ন দেশের জনপ্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই ‘ডিজিটাল আন্দোলন’।মিসরের তাহরির স্কয়ারের বিক্ষোভ একটা চূড়ান্ত পরিণতির দিকে চলে আসার পরপরই এ আন্দোলন পদ্ধতির দুর্বলতা ধরা পড়ে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে হোসনি মোবারকের বিরুদ্ধে আন্দোলনে সফল হলেও মিসরের সাম্প্রতিক রাজনৈতিক সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়ার অনেক দূরেই রয়েছে অনলাইন-নির্ভর এসব আন্দোলন। তিউনিসিয়াতেও একই অবস্থা। অন্য দেশগুলোতেও আন্দোলনের একটা পরিণতি আসার সময়েই এ ধরনের আন্দোলনকারীদের উত্সাহে ভাটার টান লক্ষ করা গেছে। বিশ্লেষকেরাও এ সিদ্ধান্তে এসেছেন যে ফেসবুক কিংবা টুইটারের মাধ্যমে সংঘটিত আন্দোলনগুলো একটা নির্দিষ্ট সময়ের আলোড়ন তুলতে সক্ষম হলেও নীতি ও চিন্তায় চূড়ান্ত পরিণতি দিতে অক্ষম। এর মূলেও রয়েছে যেকোনো ধরনের সাংগঠনিক কাঠামোর অনুপস্থিতি।যদিও এটা মেনে নিতে রাজি নন মিসরের একজন ‘অনলাইন বিক্ষোভকারী’। তিনি বলেছেন, ‘এ আন্দোলনের হয়তো নেতা নেই। কিন্তু এর অঙ্গও রয়েছে, হূদয়ও রয়েছে।’ তাঁর মন্তব্যের মতোই আবেগি এ আন্দোলনকারী গ্রুপগুলো। নেতৃত্বশূন্যতা কোনো কোনো জায়গায় ভয়াবহ সমস্যার সৃষ্টি করেছে। যার প্রকৃষ্ট উদাহরণ লিবিয়া। ফেসবুকের মাধ্যমে গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহে নামলেও পরিণতির বদলে একে নিয়ে গেছে এক অস্থিতিশীল, লক্ষ্যহীন দিকে। বিদ্রোহীরা গাদ্দাফির বিরুদ্ধে লড়াই চালিয়ে গেলেও এখন পর্যন্ত লোক ও সম্পদহানি ব্যতীত আর কিছুই অর্জন করতে পারেনি।লিবিয়ার ব্যর্থতা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট-নির্ভর এসব আন্দোলনকে নতুন শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, রাজনৈতিক লক্ষ্যহীন এসব গ্রুপের পরিণতি না দেখে নীতির দিক দিয়ে কাছাকাছি কোনো উগ্রপন্থী সংগঠনের দিকেও ঝুঁকে পড়তে পারে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার পরপরই জঙ্গি সংগঠন আল-কায়েদার কেন্দ্রীয় নেতৃত্ব দুর্বল হয়ে গেছে। কিন্তু ফেসবুক ও টুইটারে গঠিত হওয়ার অনেক গ্রুপের কার্যক্রম দেখলেই বোঝা যায়, এগুলো আল-কায়েদার নীতির সঙ্গে সহমত পোষণ করে। তবে আশঙ্কা থাকলেও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট অবলম্বনে গড়ে ওঠা কোনো উগ্রবাদী সংগঠনকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি। স্বস্তির বিষয় এটিই। ভবিষ্যতে যে দেখা যাবে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। রয়টার্স।