ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ অনেক পিছিয়ে
ক্ষমতাসীন সরকারের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ অন্যতম বিষয় থাকা সত্ত্বেও ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান একেবারে শেষের দিকে। সুইজারল্যান্ডভিত্তিক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন এক জরিপের পর এ তথ্য দিয়েছে। ওই ফাউন্ডেশন ৬১টি দেশের মানুষের মধ্যে ইন্টারনেটের ব্যবহার এবং সমাজ ও রাজনীতিতে এর প্রভাব বিবেচনায় জরিপটি চালায়।ফাউন্ডেশনের ওয়েব ইনডেক্সে ৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৫তম। এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারের দিক থেকে সবচেয়ে পিছিয়ে থাকা দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। তালিকার শীর্ষে থাকা তিনটি দেশ হচ্ছে, সুইডেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সবচেয়ে নিচে আছে ইয়েমেন। বাংলাদেশের প্রতিবেশীদের মধ্যে ভারত ৩৩তম, পাকিস্তান ৪৪ ও নেপাল ৫২তম অবস্থানে রয়েছে। বিভিন্ন সূচকের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনায় এ মাপকাঠি নির্ধারণ করা হয়। একই সঙ্গে ইন্টারনেটের সংযোগ ও পরিকাঠামোও রাখা হয়েছে এ সূচক নির্ধারণের ক্ষেত্রে।সোশ্যাল কম্পিউটিং বিষয়ের গবেষক ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষক নাসিম মাহমুদ গতকাল বিবিসিকে বলেন, বাংলাদেশের পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে বেশি দামে কম সুবিধা পাওয়া, অদক্ষ লোকদের ইন্টারনেট সুবিধা দেওয়া এবং সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব।বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের অভিযোগ, তাঁরা যথেষ্ট পরিমাণে ভালো সুবিধা পান না এবং ব্যবসায়ীদের একচেটিয়া আধিপত্যের কারণে বেশি দামে কম সুবিধা নিতে হচ্ছে। প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম স্বীকার করেন, বাংলাদেশে ইন্টারনেটের গতি ততটা সুবিধাজনক নয়। এ গতি বাড়াতে সরকারকে এগিয়ে আসতে হবে বলে তিনি মত দেন। বিবিসি।