ইন্টারনেট সেবাদাতা ২১টি প্রতিষ্ঠান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ বৈদেশিক কল আদান-প্রদানের অভিযোগে ২১টি ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।একই অভিযোগে গত এক সপ্তাহে বন্ধ করা হয়েছে তিনটি বেসরকারি ল্যান্ডফোন অপারেটরের (পিএসটিএন) কল আদান-প্রদান কার্যক্রম। এর ফলে হাজার হাজার ইন্টারনেট ও টেলিফোন গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন। আবার গত কয়েক দিনের ভিওআইপির অবৈধ ব্যবসার বিরুদ্ধে টানা অভিযানের কারণে বৈধ বৈদেশিক কলের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানা গেছে।অভিযুক্ত আইএসপির প্রতিষ্ঠানগুলোর কেন লাইসেন্স বাতিল করা হবে না, বিটিআরসি এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। চিঠি পাওয়ার পর ৩০ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যদিকে বন্ধ করে দেওয়া পিএসটিএন প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও কয়েক দিন দেরি হবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ।বন্ধ করে দেওয়া আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) প্রতিষ্ঠানগুলো হচ্ছে আইপি ভিশন, এসেন্ট করপোরেশন লিমিটেড, আই নেট ইনফরমেশন সার্ভিসেস, ইজি এক্সেস, প্রদেষ্টা, গ্লোবাল এক্সেস, রিগটেল, আইডিএস বাংলাদেশ, লেয়ার থ্রি লিংক, দীপ্তি সার্ভিসেস, এক্স লিংক, ইমেজ নেট, থ্রিজি সলিউশন, ডিজি টেক, এমকেআরএস নেটওয়ার্ক, নিওজ নেটওয়ার্ক সলিউশন, মাল্টিনেট কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, টেকনো অনলাইন (সেকেন্ড লিংক), সিরিয়াস ব্রডব্যান্ড, আইএসএন ও গ্রামীণ সাইবার নেট।ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা তথ্য পাঠানোর পাশাপাশি ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) করে কথাও বলা যায়। দেশে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান ছাড়া ভিওআইপি নিষিদ্ধ। তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ ভিওআইপি করায় বিটিআরসি প্রায় পনেরো হাজার আইপি (ইন্টারনেট প্রটোকল) প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল। বর্তমানে বিটিআরসির লাইসেন্স পাওয়া আইএসপি প্রতিষ্ঠানের সংখ্যা ২৩৪।বিটিআরসির চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘কোনো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান তথ্যের পরিবর্তে অবৈধভাবে বৈদেশিক কল আনা-নেওয়া করলে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেডের (বিটিসিএল) আইজিডব্লিউতে (ইন্টারন্যাশনাল গেটওয়ে) স্থাপিত ডিপ প্যাকেট ইন্সপেকশন (ডিপিআই) যন্ত্রে ধরা পড়ে। আর এ কারণেই উপযুক্ত তথ্য-প্রমাণসহ ২১টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে বিটিআরসি।’এই ২১টির মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান আইএসপি অ্যাসোসিয়েশনের সদস্য। অভিযোগ প্রমাণিত হলে তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান মঞ্জু। কমিশনের ভিওআইপি রোধে এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ব্যান্ডউইডথ বরাদ্দ দেওয়ার আগে তাদের গ্রাহকের সংখ্যা জেনে নেওয়া উচিত। কারণ বেশি ব্যান্ডউইডথ দিলে অপচয়ের আশঙ্কাও থাকে। তিনি ভিওআইপি উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান।আখতারুজ্জামান মঞ্জু বন্ধ করে দেওয়া আইএসএনের স্বত্বাধিকারী। তাঁর প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘এটি বিটিআরসির ভুলে হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে দুটি কলসেন্টারের লিংক রয়েছে। এগুলো অনুমোদিত।’ তিনি রাতের মধ্যেই প্রতিষ্ঠানের কার্যক্রম চালুর চেষ্টা করছেন বলে জানান।সারা দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রায় ৫৭ লাখ। আইএসপিদের মাধ্যমে নেটওয়ার্ক গ্রাহকের সংখ্যা দুই লাখ ৪২ হাজার। আর পিএসটিএনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মাত্র ৫৫ হাজার। বন্ধ করে দেওয়া ২১ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কারণে বিভিন্ন স্থানে সমস্যায় পড়েছে প্রায় চার শ ছোট-বড় প্রতিষ্ঠান এবং প্রায় আড়াই হাজার নিয়মিত-অনিয়মিত সাধারণ গ্রাহক।গ্রাহকদের সমস্যার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে বিটিআরসির চেয়ারম্যান বলেন, অবৈধ ভিওআইপি নির্মূলে সরকার কঠোর। কোনো ছাড় দেওয়া হবে না।এদিকে গত কয়েক দিনে বৈধ বৈদেশিক কলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিটিআরসির মহাপরিচালক মো. আহসান হাবীব খান জানান, অভিযানের ফলে দিনপ্রতি কল প্রায় তিন কোটি মিনিটে উন্নীত হয়েছে। গত ১২ মার্চ বিটিসিএল ছাড়া শুধু বেসরকারি আইজিডব্লিউর (ইন্টারনাশনাল গেটওয়ে) মাধ্যমে বৈদেশিক কল ছিল দুই কোটি ৬২ লাখ ৭০ হাজার মিনিট। ১৯ মার্চ এ সংখ্যা ছিল তিন কোটি ৬০ লাখ মিনিট।উল্লেখ্য, ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে সাড়ে চার থেকে পাঁচ কোটি মিনিট আন্তর্জাতিক ফোন কল হওয়ার রেকর্ড রয়েছে। এর মধ্যে দুই থেকে আড়াই কোটি মিনিট কল হয়েছিল বৈধ পথে। কিন্তু এ সরকার ক্ষমতা নেওয়ার পর গত জানুয়ারিতে প্রায় আড়াই কোটি মিনিট বিদেশি কলের কোনো হিসাব পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ওই আড়াই কোটি মিনিট বিদেশি কল হয়েছিল অবৈধ পথে।বিপাকে পিএসটিএন কোম্পানি: অবৈধ ভিওআইপির অভিযোগে সম্প্রতি বন্ধ করে দেওয়া ঢাকা ফোন, ওয়ার্ল্ডটেল ও র্যাংকসটেলের কারণে প্রায় সাড়ে পাঁচ লাখ গ্রাহক দুর্ভোগে পড়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানি তিনটির করপোরেট-গ্রাহকেরা। র্যাংকসটেল, ঢাকা ফোন ও ওয়ার্ল্ডটেলের মোট গ্রাহকসংখ্যা প্রায় চার লাখ।র্যাংকসটেলের বিরুদ্ধে মামলা: গতকাল শনিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় র্যাংকসটেলের চেয়ারম্যান এ রউফ চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ টেলিকম আইন, ২০০১-এর ৩৫(২), ৫৫ ও ৭৪ ধারা অনুযায়ী এ মামলা দায়ের করা হয়। অন্য আসামিরা হলেন র্যাংকসটেলের পরিচালক আমানুল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন, আশরাফ উদ্দিন, ফজলে সেলিম, জাকিয়া রউফ চৌধুরী, ঝুমু রউফ চৌধুরী, সুয়ানা রউফ চৌধুরী এবং মহাব্যবস্থাপক (প্রকৌশল) শেখ কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক (বিক্রয়) করিম ইকবাল ভূঁইয়া, উপমহাব্যবস্থাপক (প্রকৌশল) মোমিনুর রহমান চৌধুরী ও প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম সামসুদ্দীন।গত বৃহস্পতিবার রাতভর তেজগাঁও শিল্প এলাকায় নভো টাওয়ারে র্যাংকসটেলের কার্যালয়ে অভিযান চালায় বিটিআরসি ও র্যাব। অভিযানের সময় র্যাংকসটেলের মহাব্যবস্থাপক কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক মোমিনুর রহমান ও উপমহাব্যবস্থাপক করিম ইকবালকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার ওই তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে হাকিম শামীমা পারভিন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।