ইন্টারনেটে হয়রানি: করণীয় কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিমি (ছদ্মনাম) সামাজিক ওয়েবসাইট ফেসবুকের নিয়মিত ব্যবহারকারী। কয়েক দিন আগে তিনি ফেসবুকে প্রবেশ করতে গিয়ে দেখেন তাঁর অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না, বারবার পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। অন্য এক বান্ধবীর অ্যাকাউন্টের মাধ্যমে তাঁর ওয়ালে গিয়ে দেখেন বিকৃত ও অশ্লীল ছবিতে তা ভরপুর। বন্ধু-বান্ধবও তাঁকে ফোন করে এ বিষয়ে প্রশ্ন করতে থাকেন। অবস্থা এমন দাঁড়ায় যে তাঁর বাইরে যাওয়া বন্ধ হয়ে যায়। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।সাম্প্রতিক সময়ে এ রকম ঘটনা নিয়মিত পত্রিকার শিরোনাম হচ্ছে। সাইবার সংস্কৃতির যুগে বাংলাদেশ সাম্প্রতিককালে প্রবেশ করেছে বলে এ ধরনের ঘটনার প্রচলনও আমাদের দেশে নতুন। ডিজিটাল যুগের এই দিনে দেশের প্রায় সর্বত্র ইন্টারনেট-সুবিধা বিদ্যমান থাকায় অন্য যেকোনো সময়ের তুলনায় এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর এই সুবিধার অপব্যবহার করে একশ্রেণীর মানুষ নানা ধরনের অপরাধ করে যাচ্ছে। বিশেষজ্ঞরা এ ধরনের অপরাধের নাম দিয়েছেন সাইবার অপরাধ। সাইবার অপরাধের বিভিন্ন দিক রয়েছে। ই-মেইলে হুমকি, ধারাবাহিকভাবে অনাকাঙ্ক্ষিত তথ্য পাঠানো, ওয়েবসাইট হ্যাকিং, ক্রেডিট কার্ডের নম্বর চুরি, অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়া ও মাদক চালান বা ডাকাতির মতো অপরাধের জন্য সাইবার পরিসরকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। কয়েক দিন আগেই সুপ্রিম কোর্টসহ দেশের কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার ঘটনা ঘটেছে। আমাদের দেশে অন্যান্য সাইবার অপরাধের তুলনায় অশালীন চিত্র বা বার্তা পাঠানো, অনুমতি ব্যতীত কারও ব্যক্তিগত বা গোপনীয় ছবি কিংবা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া এবং কারও ই-মেইল বা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মতো অপরাধগুলো বেশি হচ্ছে। প্রায় সব বয়সের লোকই এই অপরাধগুলোর শিকার হচ্ছে। সবচেয়ে বেশি শিকার হচ্ছে নানা বয়সের নারীরা। বেশির ভাগ ক্ষেত্রেই এই কাজগুলো করে পরিচিত বা কাছের লোক, যাদের প্রতি বিশ্বাস স্থাপন করা হয়েছিল। সাধারণত প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কিংবা বাদানুবাদ বা সম্পর্কের অবনতি হওয়া মাত্রই প্রতিহিংসাবশত ছবি বিকৃত করে বা বিভিন্ন দুর্বল মুহূর্তের ছবি বা ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে। এসব ছবি হয়তো অনুমতি সাপেক্ষে বা কোনো গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছিল। তবে যেভাবেই ধারণ করা হোক না কেন অনুমতি ব্যতীত ব্যবহার বা ছড়িয়ে দেওয়া আইনের দৃষ্টিতে অপরাধ। সাইবার অপরাধসম্পর্কিত আইন বিষয়ে অজ্ঞতার কারণেই এ ধরনের ঘটনা বেশি ঘটছে। আমাদের দেশে ২০০৬ সালে প্রণীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (২০০৯ সালে সংশোধিত) সাইবার অপরাধ সম্পর্কে নির্দেশনা দেয় এবং এ অপরাধগুলো এই আইনের অধীনেই বিচারযোগ্য।কী আছে আইনে?তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৪ ধারা অনুযায়ী, কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম ইত্যাদির ক্ষতি, অনিষ্ট সাধন যেমন ই-মেইল পাঠানো, ভাইরাস ছড়ানো, সিস্টেমে অনধিকার প্রবেশ বা সিস্টেমের ক্ষতি করা ইত্যাদি অপরাধ এবং এর শাস্তি ১০ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ৫৬ ধারায় বলা হয়েছে, কেউ যদি ক্ষতি করার উদ্দেশ্যে এমন কোনো কাজ করেন যার ফলে কোনো কম্পিউটার রিসোর্সের কোনো তথ্য বিনাশ, বাতিল বা পরিবর্তিত হয় বা এর উপযোগিতা হ্রাস পায় অথবা কোনো কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক বা কোনো ইলেকট্রনিক সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করেন তবে এটি হবে হ্যাকিং অপরাধ, যার শাস্তি ১০ বছর কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।৫৭ ধারায় আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে কোনো মিথ্যা বা অশ্লীল কিছু প্রকাশ বা সম্প্রচার করে যার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি হয় অথবা রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় তাহলে এগুলো হবে অপরাধ, যার শাস্তি ১০ বছর কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এই অপরাধগুলো অ-আমলযোগ্য (ধারা-৭৬) বিধায় পুলিশ সরাসরি আমলে নিতে পারে না।তবে পুলিশের কাছে অভিযোগ করা হলে পুলিশ প্রয়োজনীয় অনুমতি নিয়ে অপরাধ তদন্তসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করে থাকে। ক্ষতিগ্রস্তসহ অন্য যে কেউ স্বপ্রণোদিত হয়ে আদালতে সরাসরি মামলা করতে পারেন। ৬৮ ধারায় বলা হয়েছে, এই অপরাধগুলোর বিচারের জন্য সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং এর অধীনে বিচার হবে।তবে ফৌজদারি কার্যবিধিতে যাই থাকুক না কেন, ট্রাইব্যুনাল গঠন না হওয়া পর্যন্ত এই আইনের অধীন অপরাধগুলো দায়রা আদালত কর্তৃক বিচার্য হবে।কী করণীয়এ ধরনের ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রেই নির্যাতিত ব্যক্তি ও পরিবার সামাজিক মানহানির ভয়ে অভিযোগ করেন না। ব্যক্তিগতভাবেই বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি ঠিক নয়, কেননা এতে ব্যক্তি তাঁর স্বীকৃত আইনি অধিকার থেকে বঞ্চিত হন।এ ধরনের ঘটনায় প্রথমেই উচিত থানায় অভিযোগ দায়ের করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে ব্যবস্থা নিতে বাধ্য। তা ছাড়া বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ দমনের জন্য আলাদা শাখা রয়েছে। সাইবার জগতে অপরাধী যে কাজই করুক তার কোনো না কোনো প্রমাণ রেখে যায়। ধাপে ধাপে এগিয়ে গেলেই তাকে শনাক্ত করা সম্ভব। তাই দ্বিধাবোধ না করে দরকার আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়া।যদি কোনো কারণে থানা অভিযোগ নিতে না চায় তাহলে ফৌজদারি আদালতের দ্বারস্থ হতে হবে। মামলার প্রধান বিষয় হচ্ছে প্রমাণ। তাই সুনির্দিষ্ট অভিযোগ আনার আগে সন্দেহভাজন ব্যক্তির কোনো তথ্যপ্রমাণ থাকলে, ভয়ভীতির কোনো লিখিত বা রেকর্ডকৃত প্রমাণ থাকলে তা সংরক্ষণ করুন।বিশেষজ্ঞ মতামত২০০৬ সালের তথ্য ও প্রযুক্তি আইন সস্পর্কে সাইবার আইন বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন বলেন, এই আইন একটি কাগুজে আইন এবং পুরোপুরি কার্যকর আইন নয়। এই আইনে সাইবার ট্রাইব্যুনাল ও সাইবার আপিল ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হলেও আজ পর্যন্ত তা গঠন করা হয়নি। তবে তিনি বলেন, যদি কেউ এ আইনের অধীনে মামলা করতে চান তাহলে তিনি প্রচলিত ফৌজদারি আদালতে মামলা করতে পারবেন। ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, শুধু ট্রাইব্যুনাল গঠন করলেই সুফল পাওয়া যাবে না। কেননা মামলার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তদন্ত। কিন্তু আমাদের দেশে যাঁরা এ ধরনের অপরাধের তদন্তের সঙ্গে জড়িত থাকেন তাঁদের আইটি দক্ষতা না থাকায় তাঁরা অপরাধের সাক্ষ্য বা প্রমাণ খুঁজে বের করতে পারেন না এবং কোনো কোনো ক্ষেত্রে অপরাধীরা ধরা পড়লেও প্রমাণের অভাবে তারা পার পেয়ে যায়। এ জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষিত করার ওপর জোর দেন এবং বিশেষজ্ঞ টিম গঠনের পরামর্শ দেন।পরিশেষে বলা যায়, তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ ও বিজ্ঞানের উন্নতি সাধনের ফলে অপরাধের ধরন বদলেছে। তাই যেকোনো ক্ষেত্রেই সতর্কতা অবলম্বনের বিকল্প নেই। ব্যক্তিগত সতর্কতা অবলম্বনের মাধ্যমে হয়তো এ ধরনের বিব্রতকর অবস্থা এড়ানো যায়, তবে নিরাপত্তা প্রদানের দায়িত্ব রাষ্ট্রেরও রয়েছে। এ জন্য দরকার আইন প্রয়োগকারী সংস্থাকে দক্ষ জনবল ও প্রযুক্তি প্রদান এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী আইন প্রণয়ন করা।লেখক  শিক্ষার্থী, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।