ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট, তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসকেরা আজ শনিবারও ধর্মঘট অব্যাহত রেখেছেন। সকাল সাড়ে নয়টার দিকে কলেজের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। পরে তাঁরা ওই ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেন। বেলা তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ অবস্থা চলছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে গত বৃহস্পতিবার রাতে কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকদের সঙ্গে বহিরাগত লোকজনের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে ইন্টার্নি চিকিৎসক ও শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করছেন।পরিস্থিতি নিয়ে ময়মনসিংহ সার্কিট হাউসে সকালে জরুরি বৈঠকে বসেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাংসদ মতিউর রহমান, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, পুলিশ সুপার খোন্দকার গোলাম ফারুক, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাজাহান প্রমুখ। শিক্ষার্থীদের দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার করা না হলে তাঁরা আন্দোলন অব্যাহত রাখবেন। অপরাধীদের বিচার হয় না বলেই বহিরাগতরা আশকারা পেয়ে এ ধরনের ঘটনা ঘটায় বলেও তাঁরা অভিযোগ করেন। কলেজের সহযোগী অধ্যাপক ও বিএমএ ময়মনসিংহের সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া জানান, শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় কেউ ভেতরে যেতে পারছেন না। তিনি আরও জানান, ইন্টার্নি চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। তবে জরুরি চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয়, সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতাল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।