ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে কলেজের ইন্টার্নি চিকিৎসকেরা আজ রোববার তৃতীয় দিনের মতো ধর্মঘট করছে। তবে রোগীর ভোগান্তির কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় একদল চিকিৎসক জরুরি চিকিৎসাসেবা দিচ্ছেন। কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন।ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ, প্রত্যক্ষদর্শী, আন্দোলনরত ইন্টার্নি চিকিৎসক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে গত বৃহস্পতিবার রাতে কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকদের সঙ্গে বহিরাগত লোকজনের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে ইন্টার্নি চিকিৎসকেরা শুক্রবার থেকে ধর্মঘট পালন করছে।আজ সকাল আটটার দিকে কলেজের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। পরে তাঁরা ওই ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেন। শিক্ষার্থীরা আজ সকাল থেকে ক্লাসে যোগ দেননি।আন্দোলনরত ইন্টার্নি চিকিৎসক ও শিক্ষার্থীদের দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার করা না হলে তাঁরা আন্দোলন অব্যাহত রাখবেন। অপরাধীদের বিচার হয় না বলেই বহিরাগতরা আশকারা পেয়ে এ ধরনের ঘটনা ঘটায় বলেও তাঁরা অভিযোগ করেন। কলেজের সহযোগী অধ্যাপক ও বিএমএ ময়মনসিংহের সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া জানান, শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় কেউ ভেতরে যেতে পারছেন না। তিনি আরও জানান, ইন্টার্নি চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। তবে জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম চলছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতাল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।