ইন্দিরা গান্ধী পাচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ‘বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা’ দেওয়া হচ্ছে। এটি বিদেশিদেরকে দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক। ২৫ জুলাই বিকেল পাঁচটা ৫০ মিনিটে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে ইন্দিরা গান্ধীর ছেলের বউ সোনিয়া গান্ধীর হাতে এ পদক তুলে দেবেন।আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।সরকার বৈঠকে ইন্দিরা গান্ধীসহ ৪৭ জনকে এবং পাঁচটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিদেশিদের জন্য অন্য দুটি পদক হলো—মুক্তিযুদ্ধ সম্মাননা ও মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা।এ ছাড়া আজকের বৈঠকে রমজানে সরকারি অফিসের সময়সূচি সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। অন্যদিকে মিরসরাইয়ে শিক্ষার্থীদের নিহতের ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়।