ইন্দিরা গান্ধী পুরস্কার নিলেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য প্রতিবেশী সব দেশের মধ্যে সুসম্পর্ক থাকা প্রয়োজন। এ অঞ্চলে শান্তি অর্জিত না হওয়া পর্যন্ত তা প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আজ মঙ্গলবার দুপুরে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছ থেকে ইন্দিরা গান্ধী পুরস্কার নেওয়ার পর প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণতন্ত্র, নিরস্ত্রীকরণ ও উন্নয়ন বিকাশে অবদানের জন্য আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী পুরস্কার দেওয়া হয়েছে।শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের দারিদ্র্য ও ক্ষুধাপীড়িত মানুষের নামে পুরস্কারটি উত্সর্গ করেন।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, পুরস্কারটি যাঁর নামে দেওয়া হচ্ছে এবং যাঁকে দেওয়া হচ্ছে তাঁদের জীবনের মধ্যে বেশ মিল রয়েছে। কারণ ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার পদাঙ্ক অনুসরণ করেই গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করেছেন এবং করছেন।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় এক অনন্য সাধারণ রাজনীতিবিদ, যিনি এ অঞ্চলে গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাচ্ছেন।ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল বলেন, একজন ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের এমন মিল, যা ইতিহাসে খুব কমই দেখা যায়। তবে আমরা এটা দেখতে পাই বাংলাদেশ ও শেখ হাসিনার মধ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রাম ও মুক্তিযুদ্ধে ভারতের অবদান, নির্বাসনকালে ভারতে তাঁর অবস্থান এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে সম্পর্কের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি অতীতের দিনগুলোতে ফিরে যান এবং ব্যক্তিগত কিছু ঘটনার বর্ণনা দেন। তাঁর এই আবেগধর্মী বক্তৃতা উপস্থিত দর্শকদের হূদয় ছুঁয়ে যায়। এর আগে প্রধানমন্ত্রী ভারত সফরের তৃতীয় দিনে আজ দুপুরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরালের সঙ্গে তাঁর বাসায় দেখা করেন। এর আগে স্থানীয় সময় সকাল নয়টায় তিনি শান্তিভবনে জওহরলাল নেহরুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি নয়টা ২০ মিনিটে শক্তিস্থলে ইন্দিরা গান্ধীর সমাধি সৌধে এবং নয়টা ৩৫ মিনিটে বীরভূমিতে রাজীব গান্ধীর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।