ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার হাতে আবেগাপ্লুত হাসিনা
ইন্দিরা গান্ধী আর শেখ হাসিনা—দুজনের জীবনের বেশ মিল। বাবার হাত ধরেই রাজনীতিতে তাঁদের হাতেখড়ি। দেশের আপামর জনগণের কল্যাণ ও গণতন্ত্রের জন্য তাঁরা বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন। জওহরলাল নেহরু ও শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখেছেন তাঁরা। তাই শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী পুরস্কার দেওয়ার সময় তাঁদের জীবনের এই মিলের কথা মনে আসে।গতকাল মঙ্গলবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে ইন্দিরা গান্ধী পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন সোনিয়া গান্ধী।গণতন্ত্র, নিরস্ত্রীকরণ ও উন্নয়নের বিকাশে অনন্য অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৯ সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৮৬ সাল থেকে এ পুরস্কার চালু হয়।রাষ্ট্রপতি ভবনের দরবার হলে অনুষ্ঠিত এ অনাড়ম্বর কিন্তু আবেগস্পর্শী অনুষ্ঠানে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্রবধূ ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর উপস্থিতিতে শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। পুরস্কার হাতে নেওয়ার পর আবেগাপ্লুত হয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ফিরে যান পঁচাত্তরের নৃশংস হত্যাকাণ্ডে পরিবারের প্রায় সবাইকে হারিয়ে দিল্লিতে কাটানোর দিনগুলোতে। শেখ হাসিনা বলেন, ‘ইন্দিরা গান্ধী ছিলেন আমার মায়ের মতো। বাবা ও প্রিয়জনদের হারিয়ে ১৮ বছরের বোনের হাত ধরে দিল্লিতে এসেছিলাম। তিনি তখন আমাদের আশ্রয় দিয়েছিলেন।’ শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইন্দিরা গান্ধীর অকুণ্ঠ সমর্থন ও বঙ্গবন্ধুর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কের বিষয়ে স্মৃতি রোমন্থন করেন। ইংরেজিতে মূল বক্তব্য দেওয়ার একপর্যায়ে শেখ হাসিনা আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের প্রার্থনা কবিতাটি ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির...।’ এরপর তিনি আবৃত্তি করেন কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী আমি সেই দিন হব শান্ত, যবে উত্পীরিতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না...।’ এ সময় দরবার হলজুড়ে নামে পিনপতন নীরবতা। মুগ্ধ হয়ে সবাই শোনেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর আবৃত্তি। হলভর্তি দর্শক করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান। এরপর তিনি শোনান রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত পঙিক্ত... Miles to go before I sleep, miles to go before I sleep... আমি সেই দিন হব শান্ত, যেদিন আমার পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারব। ইনশাল্লাহ্ আমি আমার প্রতিশ্রুতি পূরণ করব।পাকিস্তানের কারাগার থেকে ফিরে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সময় দিল্লিতে তাঁর সঙ্গে দেখা হওয়ার স্মৃতি রোমন্থন করে সোনিয়া গান্ধী বলেন, শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী দুজনই দেশের গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় কঠিন শপথে অঙ্গীকারবদ্ধ ছিলেন। এক মর্মান্তিক হত্যাকাণ্ডে পরিবারের প্রায় সব সদস্যকে হারানোর পরও ওই যন্ত্রণাকে বুকে চেপে দেশের জন্য বারবার নানা বিপদের মুখোমুখি হয়েছেন তিনি। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তোলাই আমাদের স্বপ্ন। ১৯৯১ সালে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শেখ হাসিনার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের লড়াইয়ে তাঁর যাত্রা এখনো শেষ হয়নি। তিনি বলেন, আমরা শুধু একজন বড় নেতার মেয়েকেই সম্মানিত করছি না, সম্মান জানাচ্ছি একজন দূরদর্শী নেতাকে। যিনি দেশের গণতন্ত্রের জন্য অনেক কিছুই করেছেন।ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল বলেন, বাংলাদেশের ইতিহাসের এক জটিল সন্ধিক্ষণে শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ায় বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে তাঁর সংগ্রাম অনেকের জানা আছে। নিজের জীবনের প্রতি ঝুঁকি সত্ত্বেও তিনি অসীম সাহসের সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে অবিচল আছেন। এই লড়াইয়ে ভারত পাশে আছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার মিরা কুমার, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমসহ মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান, গওহর রিজভি, ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী, শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও দেশি-বিদেশি কূটনীতিক।এ নিয়ে শেখ হাসিনাসহ দুজন বাংলাদেশি ইন্দিরা গান্ধী পুরস্কার পেলেন। এর আগে ১৯৯৮ সালে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে এ পুরস্কার পেয়েছিলেন। এ ছাড়া বিশ্ব নেতাদের মধ্যে জিমি কার্টার, মিখাইল গরভাচেভ, রাজীব গান্ধী, গ্রো হারলেম ব্রুন্ডটল্যান্ড, কফি আনান, হামিদ কারজাই এ পুরস্কার পান।