ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে রেনেসাঁর গান
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ১০ মার্চ একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে ব্যান্ড ‘রেনেসাঁ’ তাদের একক শোতে অংশ নেবে। আর এর মাধ্যমে এবারই প্রথম ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের কোনো অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছে রেনেসাঁ। অনুষ্ঠানে রেনেসাঁ দুই ঘণ্টা গান পরিবেশন করবে বলে জানিয়েছেন ব্যান্ড দলটির ভোকাল ও কি-বোডিস্ট নকীব খান। নকীব খান বলেন, ‘এ আয়োজনটি হবে অন্য যেকোনো আয়োজনের চেয়ে আলাদা। যেহেতু স্বাধীনতার মাস, তাই আমরা এ আয়োজনে নিজেদের শ্রোতাপ্রিয় গানগুলো পাশাপাশি বাইরের কিছু গানও করব।’ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাইব স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। থাকবে জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’সহ আরও কিছু গান। নকীব খান আরও বলেন, অনুষ্ঠানে রেনেসাঁর বিভিন্ন অ্যালবামের জনপ্রিয় গানগুলোও করব। গানগুলোর মধ্যে থাকবে ‘ভালো লাগে’, ‘ও নদীরে’, ‘হূদয় কাদা মাটির কোনো মূর্তি নয়’, ‘বাংলাদেশ’ প্রভৃতি। ২০০৪ সালে প্রকাশিত হয়েছিল রেনেসাঁর সর্বশেষ একক অ্যালবাম ‘একুশ শতকে রেনেসাঁ’। গত সাত বছর কোনো নতুন অ্যালবাম প্রকাশ করেনি রেনেসাঁ। নতুন অ্যালবাম প্রসঙ্গে নকীব খান বলেন, ‘গত বছরের ডিসেম্বর থেকে ব্যান্ডের পঞ্চম একক অ্যালবামের কাজ করছি। এরই মধ্যে সবগুলো গানের সুর ও সংগীতের কাজ শেষ করেছি। খুব শিগগিরই গান রেকর্ডিংয়ের কাজ শুরু করব। আসলে রেনেসাঁর সবাই এত ব্যস্ত যে সবকিছু গুছিয়ে আনা সম্ভব হচ্ছে না।’ রেনেসাঁর সদস্যরা হলেন নকীব খান (ভোকাল ও কি-বোর্ড), পিলু খান (ভোকাল ও ড্রামস), রেজা (লিড গিটার), প্রফেসর ইমরান (ভোকাল ও গিটার), তানিম (বেজ) ও কাজী হাবলু (পারকাশন)।