ইন্দিরা গান্ধী স্বাধীনতা সম্মাননা পদক পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঐতিহাসিক অবদান রাখায় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ‘বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা’ (মরণোত্তর) পদক দেওয়া হবে। বিদেশিদের জন্য এটি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। বৈঠকে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রদের জন্য শোকপ্রস্তাব নেওয়া হয়।ইন্দিরা গান্ধীর পুত্রবধূ ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী অটিজম-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ২৫ জুলাই ঢাকা সফরে আসছেন। ওই দিন বিকেল পাঁচটা ৫০ মিনিটে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সোনিয়া গান্ধীর হাতে এ পদক তুলে দেবেন। ইন্দিরা গান্ধী ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তাঁর শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন।সরকার এ বছর স্বাধীনতার ৪০তম বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধে অবদান রাখায় বিভিন্ন দেশের ৪৭ জন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি সংগঠনকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেয়।বাংলাদেশ সরকার বিদেশি নাগরিকদের তিন ধরনের সম্মাননা দিয়ে থাকে। স্বাধীনতা সম্মাননা, মুক্তিযুদ্ধ সম্মাননা এবং মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা।শোক প্রস্তাব: মন্ত্রিসভার বৈঠকে ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রদের জন্য শোকপ্রস্তাব নেওয়া হয়। বৈঠকে বলা হয়, প্রধানমন্ত্রীর এক লাখ টাকা করে দেওয়া অনুদানসহ নিহত ছাত্রদের প্রতি পরিবার তিন লাখ ১০ হাজার টাকা পেয়েছে। প্রধানমন্ত্রী প্রত্যেক আহত ছাত্রকেও ৫০ হাজার টাকা অনুদান দেন।