ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের সম্মাননা দিল শিখরা
ইন্দিরা গান্ধীর দুজন হত্যাকারীকে সম্মাননা দিয়েছে শিখরা। ভারতে শিখদের সর্বোচ্চ প্রতিষ্ঠান অকাল তখত্ আজ রোববার ওই হত্যাকারীদের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সে সময় আকালি দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীকে হত্যার অভিযোগে ১৯৮৯ সালের ৬ জানুয়ারি সতবন্ত সিং এবং কেহার সিংকে ফাঁসি দেওয়া হয়। শিরোমনি গুরুদুয়ারা পারবন্ধক কমিটি (এসজিপিসি) আয়োজিত অনুষ্ঠানে সতবন্ত সিংয়ের বাবা তিরলোক সিংয়ের হাতে ‘শিরোপা’ নামে পরিচিত একখণ্ড বস্ত্র তুলে দেন শিখ ধর্মগুরু গুর্বাচন সিং। শিখরা ‘শিরোপা’ প্রাপ্তিকে বিশেষ সম্মানের বিষয় বলে মনে করে। ধর্মগুরু সতবন্ত সিং ও কেহার সিংকে ‘বিশ্বাসের শহীদ’ উপাধিতেও ভূষিত করেন।অনুষ্ঠানে শিরোমনি আকালি দলের অমৃতসর শাখার প্রেসিডেন্ট ও সাবেক আইনপ্রণেতা সিমরানজিত্ সিং মান এবং উগ্রপন্থী রাজনৈতিক সংগঠন দল খালসার নেতা কানোয়ার পাল সিং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই হত্যাকারীর জন্য প্রার্থনাও করা হয়। দল খালসার নেতা কানোয়ার পাল সিং প্রতিবেদকদের বলেন, ‘যাঁরা দরবার সাহেব ও অকাল তাখতের পবিত্রতা রক্ষার জন্য প্রাণ দিয়েছেন, আজ তাঁদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাঁদের নিয়ে আমরা গর্ব বোধ করি এবং তাঁদের আত্মদানের প্রতি পূর্ণ সম্মান রাখি।’