ইন্দিরা রোডে জোড়া খুনের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইন্দিরা রোডে মা ও ছেলে খুনের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন সুজন (১৮), সহযোগী আজিম (১৮) ও মানিক (১৯)।আজ রোববার মিন্টু রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ডিবি উপকশিনার মো. মাহাবুবর রহমান এ তথ্য জানান। উপকমিশনার বলেন, গ্রেপ্তার হওয়ার পর তিনজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।উপকমিশনার বলেন, গত ৯ জানুয়ারি শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোডের ১৬/এফ ফ্ল্যাট থেকে ভারজিনিয়া রোজারিও (৬৫) ও তাঁর ছেলে ভ্যালেন্টাইন রোজারিও ওরফে মিল্টনের (২৮) হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর ডিবির অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামানের নেতৃত্বে একটি তদন্ত দল গঠন করা হয়। তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সমর্থ হয়। গ্রেপ্তার হওয়া সুজনের বরাত দিয়ে তিনি জানান, বাংলামোটরের রিলিজ গ্যারেজে মোটরসাইকেল মেরামতকারী সুজনের সঙ্গে দুই বছর আগে ভ্যালেন্টাইন রোজারিওর পরিচয় হয়। এভাবে বন্ধুত্ব ও ভ্যালেন্টাইনের বাসায় সুজনের যাওয়া-আসা শুরু হয়। ছয় মাস আগে ভ্যালেন্টাইন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি বেকার হয়ে পড়েন। এরপর মা ভারজিনিয়া রোজারিও ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। এ সময় সুজন তাঁকে আশ্রয় দেন। এরপর বিভিন্ন সময় ভ্যালেন্টাইন তাঁর কাছ থেকে এক লাখ ৬৫ হাজার টাকা ধার নেন। কিন্তু টাকা দুই মাসের মধ্যে ফেরত দেওয়ার কথা বলে ভ্যালেন্টাইন নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে ভ্যালেন্টাইন জানান, ২৫ লাখ টাকায় তাঁদের বাড়ির একটি ফ্ল্যাট বিক্রি করা হয়েছে। সেখান থেকে টাকা দেবেন। কিন্তু এতে সুজনের সন্দেহ হয়। সুজন ভয় দেখিয়ে টাকা আদায় করার জন্য ৭ জানুয়ারি মানিক ও আজিমকে নিয়ে পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ৯ জানুয়ারি ওই বাসায় যাওয়ার আগে তাঁরা কারওয়ান বাজার থেকে একটি দা, দুটি চাকু, শেকল, দুটি তালা ও কিছু পাটের দড়ি কেনেন। তাঁরা বাসায় যাওয়ার পর ভ্যালেন্টাইনের মা দরজা খুলে দেন। তিনি তাঁদের বসতে বলে জানান, ভ্যালেন্টাইন ঘুমাচ্ছে। একপর্যায়ে সুজন ভারজিনিয়া রোজারিও মুখ বাঁধার চেষ্টা করে। ব্যর্থ হলে মানিক তাঁর গলায় ফাঁস লাগায়। এতে তিনি শ্বাসরোধ হয়ে মারা যান। পরে তাঁরা ভ্যালেন্টাইনের কক্ষে গিয়ে তাঁকে ঘুম দিয়ে জাগিয়ে শেকল দিয়ে বেঁধে গলায় চাকু ধরে টাকা দাবি করেন। তিনি রাজি না হওয়ায় তাঁর এটিএম কার্ড নিয়ে নেন সুজন। পরে দা দিয়ে জবাই করে হত্যা করা হয় ভ্যালেন্টাইনকে। তাঁরা বাড়ি থেকে ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে চলে যান। এর মধ্যে সুজন চার হাজার ও বাকিদের ছয় হাজার টাকা দেন। তাঁরা বিভিন্ন স্থানে আত্মগোপন করেন এবং এটিএম কার্ড দিয়ে ব্র্যাক ব্যাংকের খিলগাঁওয়ের মুগদাপাড়া এটিএম বুথ থেকে ভ্যালেন্টাইনের অ্যাকাউন্ট থেকে দুই দফায় ২০ হাজার টাকা করে তুলে নেন। তাঁরা জানান, তাঁরা পাওনা টাকা আদায় করার জন্যই গিয়েছিল। কোনো হত্যার পরিকল্পনা তাঁদের ছিল না। এই হত্যাকাণ্ড ঘটনাক্রমে হয়ে গেছে।