রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের একটি ফ্ল্যাটে গতকাল রোববার এক মা ও তাঁর ছেলে খুন হয়েছেন। মিরপুরে রাতে দুজনকে গুলি করে পালানোর সময় গণপিটুনিতে অজ্ঞাতনামা এক সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে বনানীর একটি ডোবা থেকে দুই যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ছাড়া এক নারী সাংসদের বাসাসহ তিন বাসায় ডাকাতি হয়েছে। গেন্ডারিয়ায় শিশু দীপ্ত ও কামরাঙ্গীরচরে ব্যবসায়ী আবুল কাশেম হত্যাকাণ্ডের পরদিন এসব ঘটনা ঘটল।মা-ছেলে খুন: ১৬/এফ ইন্দিরা রোডের চারতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে খুন হয়েছেন ভার্জিনিয়া রোজারিও (৬৫) ও তাঁর ছেলে ভেলেন্টাইন রোজারিও ওরফে মিল্টন (২৮)। জানা যায়, দুপুর দুইটার দিকে গৃহকর্মী ফুলজান ভেজানো দরজা খুলে ওই ফ্ল্যাটে ঢুকে দেখেন, মিল্টনের রক্তাক্ত মৃতদেহ খাটে হাত-পায়ে শেকল ও রশি দিয়ে বাঁধা অবস্থায় পড়ে আছে। তাঁর মুখও বাঁধা ছিল। ভার্জিনিয়ার রক্তাক্ত মৃতদেহ চাদর দিয়ে ঢাকা অবস্থায় পড়ে ছিল মেঝেতে। ফুলজান চিৎকার করে বাড়ির নিরাপত্তাকর্মী তোতা মিয়াকে বিষয়টি জানান। তোতা মিয়া শেরেবাংলা নগর থানায় খবর দিলে পুলিশ গিয়ে বেলা আড়াইটার দিকে মা-ছেলের মৃতদেহ উদ্ধার করে। ওই ফ্ল্যাটে ওই দুজনই থাকতেন। ভার্জিনিয়ার স্বামী জন রোজারিও কয়েক বছর আগে মারা গেছেন। তাঁর একমাত্র মেয়ে কুসুম স্বামীর সঙ্গে গ্রিন রোডে থাকেন। তাঁদের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন তিতাল গ্রামে।ফুলজানের বাড়ি ময়মনসিংহে। তিনি সাংবাদিকদের জানান, প্রতিদিন দুপুরে ওই বাসায় তিনি কাজ করতে আসেন এবং বিকেলে চলে যান। গতকালও একই সময়ে এসে মা-ছেলের লাশ দেখে তোতা মিয়াকে জানান।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, মৃতদেহের অবস্থা দেখে তিনি ধারণা করছেন, সকালের দিকে এ হত্যাকাণ্ড ঘটেছে। এটি পূর্বপরিকল্পিত।পুলিশ জানায়, মৃতদেহ দুটির পাশে একটি রক্তমাখা দা ও দুটি ছোরা পড়ে ছিল। ভার্জিনিয়ার মৃতদেহের পাশে ছিল একটি কালো স্কুলব্যাগ। মিল্টনের গলা টেপ দিয়ে পেঁচানো ছিল। এ ছাড়া একটি সিরিঞ্জ ও একটি প্যাথেডিন ইনজেকশনের খালি শিশি মেঝেতে দেখা যায়। পুলিশের ধারণা, খুনের আগে তাঁদের ওই ইনজেকশন দেওয়া হয়েছে।ওই বাড়ির অন্য বাসিন্দারা জানান, চারতলা ওই বাড়ির মালিক ভার্জিনিয়ারা। বাড়িটির প্রতি তলায় দুটি করে ফ্ল্যাট রয়েছে। ওপরের সব ফ্ল্যাট তাঁরা বিক্রি করে দিয়েছেন। সর্বশেষ এক মাস আগে চারতলার ফ্ল্যাট বিক্রি করে তাঁরা নিচতলার ফ্ল্যাটে বসবাস করতেন। নোটিশ দিয়ে চার-পাঁচ দিন আগে নিচতলার অপর ফ্ল্যাট খালি করা হয়েছে। গতকাল তা ছিল তালাবদ্ধ।পুলিশ জানায়, তাদের ধারণা, পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। এই বাড়ি নিয়ে বিরোধের কারণেও হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ কর্মকর্তারা জানান, বোন কুসুমের সঙ্গেই মিল্টনের বিরোধ ছিল। কুসুমের স্বামী দিলীপ তা স্বীকারও করেছেন।দিলীপ বলেন, ‘আমাদের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ ছিল না। আমি এ বাসায় আসতাম না। আমরা তাঁদের ফ্ল্যাট দখল করার চেষ্টা করছি, এ অভিযোগে পাঁচ-ছয় মাস আগে মিল্টন আমাকেসহ নয়জনকে আসামি করে মামলা করেছিল।’কুসুম বলেন, ‘মিল্টন মামলা করার পর আমরা এ বাসায় আসা ছেড়ে দিয়েছি। মিল্টন কয়েক দিন আগে মাকে মেরে হাত ভেঙে দিয়েছিল। তাই আমি মাকে আমার বাসায় নিয়ে গিয়েছিলাম। বেশ কয়েক দিন পর মাকে এ বাসায় দিতে আসি। ওই সময় মা আমাকে মিল্টনের বন্ধু লনি ও জুয়েলের নাম বলেছিলেন। তবে এঁরা খুনের সঙ্গে জড়িত কি না, তা আমি জানি না।’বাড়ির নিরাপত্তাকর্মী তোতা মিয়া পুলিশ ও সাংবাদিকদের জানান, সকালের দিকে দুই যুবক একটি মোটরসাইকেলে করে ওই বাসায় আসে। তারা প্রায় এক ঘণ্টা পর ওই বাসা থেকে ঝড়ের বেগে বেরিয়ে যায়। ওই দুজনের একজন মিল্টনের বন্ধু। প্রায়ই তারা আসত। তিনি জানান, মিল্টন প্রায়ই রাত করে বাসায় ফিরতেন। তাঁর সঙ্গে অনেক রাত পর্যন্ত বন্ধুরা আড্ডা দিত।ভার্জিনিয়ার এক আত্মীয় সেলিনা জানান, মিল্টন তেমন কিছু করতেন না। আত্মীয়স্বজনের সঙ্গে তাঁদের যোগাযোগ কম ছিল। যোগাযোগ না থাকার কথা জানান মিল্টনের চাচা ভিনসেন্ট বেনেডিক্ট রোজারিও। ভার্জিনিয়ার বোনের ছেলে সমীর ফিলিপ কস্তা জানান, মিল্টন ভারতে লেখাপড়া করেছে। সে গুলশানের কোথায় যেন চাকরি করত। মিল্টনের করা মামলায় সমীরকেও আসামি করা হয়েছিল।দ্বিতীয় তলার এক ফ্ল্যাটের বাসিন্দা ললিতা ডি কস্তা জানান, মিল্টন তাঁর মাকে প্রায়ই মারধর করত।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মিল্টনের বন্ধু বা পরিচিত কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।পিটুনিতে সন্ত্রাসী নিহত: মিরপুর থানার পুলিশ জানায়, মিরপুর ২ নম্বর সেকশনের ডি ব্লকে কনফিডেন্স ওয়াশিং ফ্যাক্টরি নামের প্রতিষ্ঠানে রাত আটটার দিকে দুই সন্ত্রাসী আগে দাবি করা চাঁদা আনতে যায়। চাঁদা না দেওয়ায় তারা কারখানার নিরাপত্তাকর্মী ফখরুল ইসলামের (২৬) পায়ে গুলি করে। স্থানীয় লোকজন ধাওয়া করলে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এতে পথচারী সাব্বির হোসেন (২২) পায়ে গুলিবিদ্ধ হন। একপর্যায়ে একজন পালিয়ে গেলেও জনতা অপর সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। অচেতন অবস্থায় তাকে পুলিশ রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি।আহত সাব্বির বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, গণপিটুনির শিকার সন্ত্রাসীর কাছ থেকে বিদেশি একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।বনানীতে দুই লাশ উদ্ধার: গুলশান থানার পুলিশ জানায়, লোকজনের কাছ থেকে খবর পেয়ে বনানীর ২৭ নম্বর রোডের মাথায় কবরস্থানের কাছের ডোবা থেকে দুপুরে অজ্ঞাতনামা দুই যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। এঁদের বয়স ২৫-২৬ বছর। চার-পাঁচ দিন আগে তাঁদের হত্যার পর লাশ সেখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।নারী সাংসদের বাসায় ডাকাতি: ভোররাতে পল্লবী আবাসিক এলাকার ৩৪/২ নম্বর দোতলা বাড়ির নিচতলার ভাড়াটে সংরক্ষিত নারী আসনের সাংসদ সাহিদা তারেখ দিপ্তী এবং দোতলায় বাড়িমালিকের বাসায় ডাকাতি হয়েছে।পুলিশ জানায়, রাত সোয়া দুইটার দিকে ডাকাতেরা বারান্দার গ্রিল কেটে প্রথমে দোতলায় বাড়িমালিকের বাসায় ঢোকে। অস্ত্রের মুখে ওই বাসার সবার হাত-মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। ডাকাতেরা আলমারি থেকে ৫০ হাজার টাকা ও সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এরপর তারা নিচতলার জানালার গ্রিল কেটে সাংসদ সাহিদার বাসায় ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এবং সাংসদ, তাঁর স্বামী নাট্য পরিচালক তারেখ মিন্টুসহ সবার হাত-পা বাঁধে, মুখে স্কচটেপ লাগায়। ওই বাসা থেকে সাড়ে পাঁচ লাখ টাকা এবং ৬৫ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা ভোর পাঁচটার দিকে ওই বাড়ি ত্যাগ করে।খবর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বাসায় যান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডাকাতির ঘটনাটি দুঃখজনক। ২৪ ঘণ্টার মধ্যে ডাকাতদের গ্রেপ্তারের জন্য পুলিশকে বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।ভোররাতে সবুজবাগ থানার ১৩৩ মধ্য বাসাবোতে অবসরপ্রাপ্ত আয়কর কর্মকর্তা বাসেত তালুকদারের বাসায় ঢুকে ডাকাতেরা সবাইকে জিম্মি করে পাঁচ লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।সবুজবাগ থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।তরুণ-তরুণীকে ছুরিকাঘাত: রাতে ছিনতাইকারীরা উত্তরা থানার দৌড় এলাকায় বাঙলা কলেজের ছাত্র আবদুল্লাহ আল মামুন ও তাঁর বান্ধবীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে। মামুনকে ঢাকা মেডিকেলে ও তাঁর বান্ধবীকে উত্তরার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।